মানুষকে চোখের পানি ফেলতে হয় এমন কিছু করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, ‘এমন কিছু করবেন না, যাতে মানুষকে চোখের পানি ফেলতে হয়। ভবন নির্মাণের পরিকল্পনা করার সময় খোলা জায়গা রাখতে হবে। পানি, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করেই ভবন নির্মাণ করতে হবে। জলাশয় ভরাট করা যাবে না।’আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘রিহ্যাব ভিশন ফেয়ার ঢাকা-২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজক।প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িগুলো তৈরির সময় এক ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হয় না। ফ্ল্যাটগুলো এমনভাবে তৈরি, যেখানে কোনো গোপনীয়তা থাকে না। এক ফ্ল্যাট থেকে কথা বললে অন্য ফ্ল্যাটে শোনা যায়। আলো-বাতাসের ব্যবস্থা নেই। ফ্ল্যাটগুলোয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ও বৈদ্যুতিক বাতি ছাড়া থাকা যায় না। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে। এত বিদ্যুৎ আসবে কোথা থেকে? এগুলো বন্ধ করতে হবে।’ শিশুদের জন্য পর্যাপ্ত খেলার জায়গা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের খেলার ও বয়স্কদের হাঁটার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এখনকার ফ্ল্যাটগুলোতে। ফলে শিশুরা সারা দিন কম্পিউটারে বসে থাকে। যেমন করে খাঁচার ভেতরে “ফার্মের মুরগি” রাখা হয়, শিশুদেরও বাসায় সেভাবে রাখা হয়। এতে শিশুদের সৃজনশীলতা কমে যাচ্ছে। তারা মাদকাসক্ত হচ্ছে।’ অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ‘যত মামলা-মোকদ্দমা হয়, তার বেশির ভাগই জমি নিয়ে। সন্তানের পর মানুষ জমিকে সবচেয়ে বেশি ভালোবাসে। অঘটনের মূলেও জমি। আবাসন ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মাত্র দু-একজন খারাপ লোকের কারণে এ ব্যবসা কলুষিত হতে পারে না। আপনাদের মেধা ও উদ্যোগ নিয়ে কাজ করুন, সরকার সহায়তা দেবে।’ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, কিছু লোকের জন্য আবাসন ব্যবসায়ীদের বদনাম কাঁধে নিতে হয়। শুধু লাভের কথা চিন্তা না করে ব্যবসায়ীদের দেশের কথাও ভাবতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, ব্যবসায়ীদের মধ্যে দু-একজন খারাপ। তাই ঢালাওভাবে দোষারোপ করা ঠিক নয়। কারণ সেবা খাত থেকে জিডিপির অর্ধেক আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ। শুভেচ্ছা বক্তব্য দেন ভিশন ফেয়ারের চেয়ারম্যান সুলতানা শাহেদা ইসলাম। রিহ্যাবের পক্ষ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে এক কোটি টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া পুলিশের জন্য দুটি মাইক্রোবাসেরও চাবি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। এরপর প্রধানমন্ত্রী ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।