প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপ
মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তদন্ত প্রতিবেদন দাখিলের আগে আগাম অভিযোগ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করতে সরকারের মন্ত্রী, দায়িত্বশীল মহল ও আইনজীবীদের প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানানো হয়। আজ মঙ্গলবার দুপুরে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়েছে। ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া লিখিত বক্তব্যে বলেন, ‘ককটেল নিক্ষেপের ঘটনা সমগ্র বিচার বিভাগ, বিচারক, বিচারপ্রার্থী ও আইনজীবীদের জন্য হুমকিস্বরূপ। প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় ফোরাম ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। ফোরাম দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছে।’ রফিকুল ইসলাম মিয়া এ ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি জানান, তদন্ত শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টের আইনজীবী মোয়াজ্জেম হোসেন আলাল, নাসিরউদ্দিন আহমেদ অসীম, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলেসহ পাঁচজনকে সন্দেহভাজন আসামি করায় ফোরাম তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন ২৯ নভেম্বর দেশের জেলা আইনজীবী সমিতিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। দুই বিচারপতিকে শপথ দেওয়া, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ, নিম্ন আদালতের বিচারকদের হয়রানিমূলক বদলি, খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচি দেয়।