মানুষরূপী পশুর থাবায় মা-বোনেরা ক্ষতবিক্ষত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মধ্যে আদিম প্রবৃত্তিগুলো একেবারে শেষ হয়ে যায় না, উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘সমাজের নিকৃষ্ট মানসিকতার মানুষরূপী পশুগুলো তাদের হিংস্র থাবায় আমাদের ছাত্রী ও মা-বোনদের ক্ষতবিক্ষত করছে। আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করে ওদের প্রতিরোধ করতে হবে। এছাড়া ওদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার চেষ্টাও চালাতে হবে।’ আজ রোববার রূপসী বাংলা হোটেলে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘কানেক্টিং ক্লাসরুম ইন বাংলাদেশ ২০১২-১৫’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ। খবর বাসসের। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রী ও মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা বাড়াতে হবে। স্কুল-কলেজে গঠন করা ছাত্রী নির্যাতন প্রতিরোধী কমিটিগুলো আবার সচল করতে হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের প্রথম দিকে ছাত্রীদের নির্যাতন প্রতিরোধে জোরদার উদ্যোগ নিয়েছিলাম। দেশের সব স্কুল-কলেজে কমিটি গঠন ছাড়াও সভা-সমাবেশ, র্যালি করেছিলাম। আইন প্রয়োগকারী সংস্থাগুলোও আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়েছিল। এভাবে ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবক-কমিটিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলাম। এতে মেয়েদের স্কুল-কলেজে যাতায়াত অনেকখানি নিরাপদ হয়েছিল।’ব্রিটিশ কাউন্সিলের পার্টনারশিপস অ্যান্ড প্রোগ্রামের পরিচালক রবিন ডেভিসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ডিএফআইডির শিক্ষাবিষয়ক উপদেষ্টা ফজলে রব্বানী, ব্রিটিশ কাউন্সিলের স্কুল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার ডমিনিক রিজেস্টার প্রমুখ।