মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘চারদলীয় জোটের দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্তি পেতেই মানুষ মহাজোটকে ভোট দিয়েছিল। আমরা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। আমাদের অর্জনকে ধরে রাখতে হলে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’ আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘কৃষি, শিক্ষা ও খাদ্যে সাফল্য অর্জন করলেও আমরা আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। দিনে-দুপুরে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সংসদ সদস্যদের বাড়িতে চুরি-ডাকাতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে বানাতে একটি মহল এসব করছে।’ এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, মহাজোটের মহা বিজয়কে ধরে রাখতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এই সিন্ডিকেট প্রথা যেকোনো মূল্যে ভাঙতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে।এরশাদ বলেন, এবারের পৌরসভা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। তবে নির্বাচনের ফলাফল মহাজোটের জন্য শুভ নয়। এর পরও নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে ভবিষ্যতেও মহাজোট সরকারই নির্বাচিত হবে।মানিকগঞ্জ-২ আসনের সাংসদ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এস এম আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ জাহিদ মালেক, সাংসদ এ বি এম আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতারা সম্মেলনে বক্তব্য দেন।সম্মেলন শেষে এরশাদ এস এম মান্নানকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির ঘোষণা করেন।