মানুষের ওপর চাপ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ও রাজস্ব কার্যক্রম নিয়ে আলোচনার সময় বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটি কথা সারা বিশ্বে বারবার ব্যবহূত হয়। তিনি বলেছিলেন, ‘মানুষের জীবনে কেবল দুটি জিনিসই সুনির্দিষ্ট। একটি হচ্ছে মৃত্যু, অন্যটি কর।’ এর মধ্যে মৃত্যু নিয়ে কিছু করার নেই, কিন্তু করের বিষয়টি নির্ভর করে অর্থমন্ত্রীর ওপর। অনিবার্য এই বিষয়টির চাপ থেকে খানিকটা স্বস্তি দিতে পারেন কেবল অর্থমন্ত্রীই। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জন্য যে বাজেটটি দিলেন, তাতে সাধারণ মানুষ এ দিক থেকে খানিকটা চাপ অনুভব করতেই পারেন। চলতি অর্থবছরের উচ্চ মূল্যস্ফীতির চাপ এবং নতুন অর্থবছরের জন্য আরও বেশি মূল্যস্ফীতির প্রাক্কলনের মধ্যেও তিনি ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমার কোনো পরিবর্তন আনেননি। বরং আরও পাঁচ লাখ নতুন মানুষকে আয়করের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতা ব্যাপকভাবে বাড়িয়েছেন অর্থমন্ত্রী। বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে। আবার শুল্ক বাড়ানো হয়েছে মধ্যবিত্তের আওতার কম সিসির গাড়ির, অন্যদিকে কমেছে দামির গাড়ির শুল্ক। তাত্ক্ষণিক চাহিদা মেটাতে অর্থমন্ত্রী বিশাল এক বাজেট দিয়েছেন। এই বিশাল বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়েও রয়ে গেছে বিশাল প্রশ্ন। এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করতে না পারলে দারিদ্র্য বিমোচনে বড় ধরনের অগ্রগতি আসবে না। আবার পুরোটা বাস্তবায়ন করতে পারলে মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার যদি এই অর্থ ব্যয় করে এবং পাশাপাশি বেসরকারি খাত যদি চাঙা হয়, তাহলে চাহিদা বেড়ে মূল্যস্ফীতি ঘটবে। এর ফলে আরেক দফা বিপাকে পড়বে সাধারণ মানুষ। বিশাল আকারের এই বাজেট ব্যবস্থাপনাই অর্থমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় নিজেও বলেছেন, ‘আমাদের কর্মপরিকল্পনা আমাদের বিশাল জনগোষ্ঠীর জন্য মোটেই বিশাল নয়। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থানটি যে পর্যায়ে আছে সে জন্য এই বাজেটের কর্মপরিকল্পনা বাস্তবেই একটি বিরাট চ্যালেঞ্জ।’অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা পড়তে ক্লিক করুনঅর্থমন্ত্রীর ভরসার জায়গা অবশ্য আবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। এবার এডিপি বেড়েছে রেকর্ড পরিমাণ, ৩৫ শতাংশ। এই এডিপি শেষ পর্যন্ত বাস্তবায়ন যে হবে না, তা সম্ভবত অর্থমন্ত্রীও জানেন। আর সম্পূর্ণ বাস্তবায়ন না হলেও বাজেট ঘাটতি অর্থায়ন নিয়ে খানিকটা চিন্তামুক্ত থাকবেন তিনি। আর বাস্তবায়ন হলে অভ্যন্তরীণ উত্স থেকে ঋণ নিতে হবে সরকারকে। তাতে দায়ও বাড়বে এবং আর্থিক ব্যবস্থাপনায় দেখা দেবে সংকট। আর্থিক ব্যবস্থাপনার গুরু, ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস বলেছিলেন, ‘দীর্ঘ মেয়াদে আমরা আসলে সবাই মৃত’। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্ভবত কেইনসের এই কথাটি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাই দীর্ঘ মেয়াদের কথা এতটা না ভেবে, আপাতত অর্থনীতিকে চালিয়ে নেওয়ার মতো গতানুগতিক একটি বাজেট দিলেন।চলতি অর্থবছরের বাজেট দেওয়ার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘রাজনীতিতে সব ধরনের মানুষ ও সব ধরনের স্বার্থকে সমন্বয় করে চলতে হয়। ফলে দুঃসাহসিক অভিযানে না নেমে ধারাবাহিকতা বজায় রাখাই শ্রেয়।’ অর্থমন্ত্রী তাঁর এ কথাটিও ভোলেননি। ২০১০-১১ অর্থবছরের নতুন যে বাজেট দিলেন, সেটি আসলে চলতি অর্থবছরের বাজেটেরই ধারাবাহিকতা। চলতি বাজেটে অর্থমন্ত্রী অনেক কথা বলেছিলেন। দিয়েছিলেন অনেক প্রতিশ্রুতি। এর অনেকগুলোই বাস্তবায়িত হয়নি। নতুন বাজেটে মূলত সেসব অবাস্তবায়িত প্রতিশ্রুতি নতুন করে দিয়েছেন অর্থমন্ত্রী। নতুন বাজেটে নতুন কিছুর পরিমাণ খুবই কম। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার খানিকটা আত্মসমালোচনা করেছেন অর্থমন্ত্রী। নতুন বাজেটে অবকাঠামোর ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী। জ্বালানি-সংকট সমাধানে নানা ধরনের পরিকল্পনার কথাও বলেছেন তিনি। বহুল আলোচিত সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) অবশেষে শুরু করতে পারবেন বলেও অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন। এ জন্য নতুন করে তিন হাজার কোটি টাকাও বরাদ্দ রাখা হয়েছে। গঠন করা হয়েছে একটি বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল। এই তহবিলে রাখা আছে আরও এক হাজার ৬০০ কোটি টাকা। অর্থমন্ত্রীর আশা, এর ফলে বিনিয়োগ বাড়বে। নতুন বাজেটে ব্যবসায়ীরা খুশিই হবেন। স্থানীয় শিল্পের সংরক্ষণ অব্যাহত রাখা হয়েছে। বিদ্যুৎ-সংকট কাটবে বলেও তাঁদের আশা। ব্যবসায়ীরা বিনিয়োগের সমস্যাগুলো নিয়ে চিন্তিত থাকলেও বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অন্য রকম। আগের চেয়ে বেশি বেতন নিয়ে কি তাঁরা বাড়ি ফিরতে পারবেন? বাজারে নিত্যপণ্যের দাম কি কমবে? আরেকটু সস্তায় কি গাড়ি কেনা যাবে? কিংবা পাওয়া যাবে মাথা গোঁজার ঠাঁই? এদিক থেকে এই বাজেট ভালো কোনো সংবাদ দিতে পারবে না। মূল্যস্ফীতির হার এখন ৮ শতাংশেরও বেশি। কিন্তু ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা আগের মতোই এক লাখ ৬৫ হাজার টাকা রাখা হয়েছে। ফলে জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয়করের দিক থেকে কোনো ছাড় পাচ্ছে না সাধারণ মানুষ। আবার যাঁরা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সঞ্চয়পত্রকে বেছে নেন, তাঁদের আয়ও কিছুটা কমবে নতুন অর্থবছরে। আবার আগামী অর্থবছরের জন্যও মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হয়েছে সাড়ে ৬ শতাংশ। অর্থাৎ আগামী অর্থবছরের জন্যও ভালো সংবাদ নেই। বিশেষ করে, প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী খানিকটা খুশি হবেন নতুন বাজেটে। পূর্ণাঙ্গ বেতনকাঠামো বাস্তবায়ন হবে আগামী অর্থবছরেই। অর্থমন্ত্রী মুহিত গতকাল জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের এই বাজেট পেশ করেন। বাজেটে দেওয়া রাজস্ব প্রস্তাবগুলো গতকাল থেকেই কার্যকর হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট-বক্তৃতা শুরু করেন বিকেল চারটা নয় মিনিটে। এর একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনি সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। প্রধান বিরোধী দল বিএনপি এ সময় সংসদে উপস্থিত ছিল না। সরকারদলীয় সাংসদেরা টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে উত্সাহ দেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদের নির্দিষ্ট আসনে বসে বাজেট উপস্থাপন প্রত্যক্ষ করেন। সরকারের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, ব্যবসায়ী নেতা ও বিদেশি মিশনের কূটনীতিকেরা সংসদের ভিআইপি গ্যালারিতে বসে বাজেট বক্তৃতা শোনেন।এর আগে মন্ত্রিসভার বৈঠকে সংসদে উপস্থাপনের জন্য নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব ও ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি বাজেট প্রস্তাবে তাঁর সম্মতি দেন। প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বেশ কয়েকটি বড় পর্দা এবং স্পিকার, সংসদ ও বিরোধীদলীয় নেতার সামনে এলসিডি পর্দায় বাজেট উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী বাজেটের বিশেষ বিশেষ অংশ সংসদে পড়ে শোনান। এর আগে অর্থমন্ত্রী সব সময় পুরো বাজেট পড়তেন। অধিবেশন কক্ষে এবারই প্রথম এভাবে ডিজিটাল বাজেট উপস্থাপিত হলো।অর্থমন্ত্রী তাঁর বাজেট উপস্থাপনের শুরুতেই বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় পুরো বাজেট পড়তে পারবেন না। তিনি বলেন, তিনি প্রথম অধ্যায় পড়বেন। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় প্রজেক্টরের মাধ্যমে এবং চতুর্থ অধ্যায়ের কিছু অংশ পড়বেন ও কিছু অংশ স্লাইড আকারে পর্দায় উপস্থাপন করবেন।ডিজিটাল বাজেট উপস্থাপনের জন্য অধিবেশন কক্ষের চারদিকে চারটি বড় পর্দা, স্পিকার আবদুল হামিদের সামনে একটি বড় আকৃতির কম্পিউটার মনিটর, আরও একটি মনিটর স্পিকারের সামনে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পাশে এবং সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার সামনে বড় আকৃতির দুটি এলসিডি মনিটর স্থাপন করা হয়।অর্থমন্ত্রী বাজেটে একটি লক্ষ্যমাত্রার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন ‘২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন এবং ২০১৩-১৪ অর্থবছরে তা ক্রমান্বয়ে ৮ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজস্ব আহরণ গড়ে জিডিপির দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি, এডিপি বরাদ্দ বর্তমানে জিডিপির ৪ দশমিক ১ শতাংশ থেকে ৬ শতাংশে উন্নীত করা এবং বিনিয়োগকে বর্তমান জিডিপির ২৪ দশমিক ২ শতাংশ থেকে প্রায় ৩২ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।’ এই পরিকল্পনা বাস্তবায়ন অনেকখানি নির্ভর করছে রাজস্ব ব্যবস্থাপনার ওপর। এদিক থেকে অর্থমন্ত্রী অভ্যন্তরীণ উত্স থেকে রাজস্ব বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে চেষ্টা করেছেন, জোর দিয়েছেন মূল্য সংযোজন করের ওপর। তবে এর চাপ যাতে সাধারণ মানুষের ওপর কম পরে তার ওপরই নির্ভর করছে নতুন বাজেটের সাফল্য।