মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবন ও রাজনীতির উদ্দেশ্য: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ‘মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবন ও রাজনীতির উদ্দেশ্য। দেশ ও জনগণের কল্যাণেই আজীবন কাজ করতে চাই। আমার রাজনৈতিক গুরু ও শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, জনগণের কল্যাণ সাধনই তাঁর রাজনীতির উদ্দেশ্য। আমি তাঁর চির অনুরাগী এবং তাঁর আদর্শের একনিষ্ঠ অনুসারী।’আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে তাঁকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, ‘আমার বয়স যখন সাত মাস, তখন আমার স্নেহময়ী মা ইন্তেকাল করেন। মায়ের অকাল মৃত্যুর পর মামার বাড়ির সকল আত্মীয়স্বজনের অপত্য স্নেহে আমি লালিত হই। তাঁরা আমাকে এতই স্নেহ ও যত্ন করতেন যে, মা হারানোর বেদনা আমাকে স্পর্শ করেনি। আমার লেখাপড়ার হাতেখড়ি এখানেই। ব্রাহ্মণবাড়িয়া আমার শৈশব স্মৃতিবিজড়িত আজীবন স্বপ্ন ও চির আকাক্ষিত স্থান।’ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লুত্ফুল হাই ওরফে সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় নানাবাড়িতে যান এবং সেখানে তাঁর মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি তাঁর নানার বাড়িতে আত্মীয়স্বজনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।