তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে গতকালও দেশের বেশির ভাগ অঞ্চলে শীতের তীব্রতা ছিল। চার দিনের হাড় কাঁপানো শীতে মানুষের কষ্টের পাশাপাশি ফসলেরও ক্ষতি হচ্ছে। বিভিন্ন এলাকায় বোরোর বীজতলায় পচন ধরতে শুরু করেছে। আবহাওয়াবিদেরা জানান, সাইবেরিয়া থেকে আসা হিমেল হাওয়া এবার আগের বছরগুলোর তুলনায় নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিম দিক দিয়ে আসা ওই হিমশীতল বায়ুপ্রবাহ হিমালয়ের নিচের দিকে বাধা পেয়েছে। ফলে এটি ধীরে ধীরে ভারত ও বাংলাদেশের ওপরে বিস্তৃতি লাভ করে এবারের শৈত্যপ্রবাহটিকে তীব্র ও দীর্ঘস্থায়ী করেছে।শৈত্যপ্রবাহগুলো নিচ দিয়ে ধীরে প্রবাহিত হওয়ার ধরন দেখে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসের শেষের দিকে ও আগামী মাসে আরও দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে।শৈত্যপ্রবাহের কারণে কেবল বাংলাদেশেই নয়, ভারতের বিহার, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লিসহ বিস্তীর্ণ এলাকায় স্মরণকালের ভয়াবহ শীত নেমেছে। শৈত্যপ্রবাহটি হিমালয় পর্বতমালা অতিক্রম করে বাংলাদেশে আসায় এর তীব্রতা কিছুটা কমেছে। তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। যোগাযোগ করা হলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরেই শৈত্যপ্রবাহের সময়কাল ও তীব্রতা বাড়ছে। এই অঞ্চলে তাপমাত্রা কমার প্রধান উপাদান, সাইবেরিয়ান বায়ুপ্রবাহটি আগের চেয়ে নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে শৈত্যপ্রবাহগুলো তীব্র ও স্থায়ী হচ্ছে। ফসলের ক্ষতি বাড়ছে: দেশের বেশির ভাগ বোরো চাষের এলাকায় ঘন কুয়াশা ও ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বিরাজ করছে। ফলে ওই অঞ্চলের মাঠে থাকা বোরো ধানের বীজতলা নষ্ট হতে শুরু করেছে। এতে বোরোচাষিরা বেশ বিপাকে পড়েছেন। কৃষক বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন। অনেকে জমির পাশে বসে থেকে ধানের ওই চারা গাছ থেকে কুয়াশার পানি সরানোর চেষ্টা করে যাচ্ছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ৪৭ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য তিন লাখ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কৃষক বীজতলায় ধানের চারা তৈরি করেন। শৈত্যপ্রবাহে চারা মারা যাওয়ায় অনেক এলাকার কৃষকই আগামী বোরো চাষ কীভাবে করবেন, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।ইতিমধ্যে কী পরিমাণ জমির বীজতলার ক্ষতি হয়েছে তার কোনো হিসাব এখনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চূড়ান্ত করা হয়নি। দুই-তিন দিনের মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, শৈত্যপ্রবাহের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকলেও এর রেশ পুরোপুরি কাটতে আরও দু-এক দিন লাগতে পারে। ফলে আজও হাড় কাঁপানো শীত থেকে রেহাই নেই। আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও সকাল ও রাতে শীত একই রকম থাকতে পারে। গতকাল সারা দেশের তাপমাত্রা কিছুটা কমলেও শীতের তীব্রতা কমেনি। দেশের বেশির ভাগ এলাকা দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে। টানা চার দিনের তীব্র এই শীতের সঙ্গে গতকালও দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ছিল। দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। ফলে সেখানকার মানুষ শীতে বেশি কষ্ট পেয়েছে। গতকালও তীব্র শীতে সারা দেশে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে ফেরি ও অন্যান্য নৌযান এবং মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। শীতজনিত রোগ ও ফসলের ক্ষতিও অব্যাহত ছিল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ৪ ডিগ্রিতে পৌঁছেছিল। সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রাও কিছুটা বেড়ে ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ ছাড়া শ্রীমঙ্গলের তাপমাত্রা ৪ দশমিক ১, রংপুর ও দিনাজপুরে ৪ দশমিক ৫ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়।