মানুষের কারণেই ফুকুশিমা বিপর্যয়!
জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়ের পেছনে মানুষের যথেষ্ট হাত রয়েছে। দেশটির পার্লামেন্টারি প্যানেলের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইন ও টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।প্রায় ছয় মাসের তদন্তের পর প্যানেলটি অবশেষে ফুকুশিমা বিপর্যয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। তাদের ভাষ্য, এই বিপর্যয়ের কথা আগে থেকে ভাবা উচিত ছিল। এটি ঠেকানোরও ব্যবস্থা নেওয়া যেত।প্রতিবেদনে সরকার ও কেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান টেপকোর যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুতর ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়।২০১১ সালের ১১ মার্চ জাপানে ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রের ছয়টি চুল্লি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই কেন্দ্র থেকে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।প্যানেলটির চেয়ারম্যান অভিযোগ করেন, ভুলের পাহাড় ও কর্মকর্তাদের অবহেলা এই পারমাণবিক কেন্দ্রটিকে ভূমিকম্প ও সুনামির মতো বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত হতে দেয়নি।প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমার বিপর্যয় সম্পর্কে আগে থেকে ধারণা পেয়ে তা প্রতিহত করা সম্ভব ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো যেত।