মানুষের চেয়ে বড় শক্তি আর কিছু নেই: সিইসি
ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জে নির্বাচন স্থগিত না করার সিদ্ধান্ত সঠিক ছিল। আজ প্রমাণিত হয়েছে, মানুষের চেয়ে বড় শক্তি আর কিছু নেই।সিইসি বলেন, নির্বাচন কমিশন এ নির্বাচনে সেনাবাহিনী দিতে পারেনি। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ বিপুলভাবে ভোটকেন্দ্রে এসে সে অভাব পূরণ করে দিয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। বিরোধী দলের পক্ষ থেকে কমিশনের পদত্যাগের দাবি প্রসঙ্গে সিইসি বলেন, সাংবিধানিক পদে থেকে যখন-তখন চাইলেই পদত্যাগ করা যায় না। সেনাবাহিনী না দেওয়ায় পদত্যাগ করে চলে যাওয়াটা চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় হতো। কেননা, পুরো নারায়ণগঞ্জবাসী নির্বাচনের অপেক্ষায় ছিলেন। পদত্যাগ করলে হয়তো কারও কারও ইস্যু সৃষ্টি করতে সুবিধা হতো। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে সরকার কেন সেনাবাহিনী দেয়নি, তা নিয়ে কমিশন সরকারের সঙ্গে লড়াইয়ে যাবে না। তবে অবশ্যই এ বিষয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করতে হবে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা জানতে হবে। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, সেনাবাহিনী না দেওয়ায় সংবিধান লঙ্ঘন হয়েছে। তবে নির্বাচন কমিশন সেনাবাহিনী চেয়েও পায়নি, এমন ঘটনা এবারই প্রথম নয়।’শামসুল হুদার মতে, এর আগে বর্তমান বিরোধী দল ক্ষমতায় থাকাকালে ২০০৩ ও ২০০৪ সালে বিভিন্ন নির্বাচনের জন্য লিখিতভাবে সেনাবাহিনী চেয়েও পায়নি তৎকালীন কমিশন। সব সরকারের আমলেই কমিশনের সঙ্গে এ ধরনের আচরণ করা হয়।