মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের ১২ মার্চের কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘বিরোধীদলীয় নেত্রীর কথায় ও কাজে মিল নেই। তিনি বলছেন, শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করবেন। কিন্তু তিনি যে কত অশান্তি করবেন, তা নিয়েই আমার চিন্তা। মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। তাঁর ছোবল কত মারাত্মক, তা ২০০১ সালের নির্বাচনের পর হাড়ে হাড়ে টের পেয়েছি।’গতকাল শনিবার গণভবনে কুমিল্লা জেলা আওয়ামী লীগ উত্তরের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে বিএনপির পাঁচ কোটি রুপি নেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, পরাজিত শক্তির কাছ থেকে টাকা খেয়ে দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ জন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পরাজিত শক্তির কাছ থেকে টাকা খাওয়ার মতো লজ্জার, ঘৃণার আর কিছু নেই। পরাজিত শক্তির দালালদের এ দেশে ঠাঁই নেই। এরা যেখানকার দালালি করে, সেখানটায় পাঠিয়ে দেওয়া উচিত।শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছেন। একসময় তিনি বলতেন, “পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন।” এখন তিনি কোনো পাগল বা শিশু পেয়েছেন কি না জানি না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধীদলীয় নেতা এখন সোচ্চার। আন্দোলনের নামে তিনি বোমা মেরে মানুষ হত্যা করছেন। মানুষ শান্তিতে থাকুক, এটা তাঁর ভালো লাগে না।’প্রধানমন্ত্রী বলেন, জিয়া এত বেশি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন যে, যুদ্ধেও এত কর্মকর্তা মারা যাননি। সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রায় দুই হাজার কর্মকর্তা ও সেনাকে জিয়াউর রহমান হত্যা করেন। তাঁদের বেশির ভাগই ছিলেন মুক্তিযোদ্ধা। তিনি বলেন, জিয়া যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দেন। তাদের তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রী বানান।শেখ হাসিনা বলেন, ‘১৯৯১ সালের নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন আমার কাছে প্রস্তাব এল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীকে নিয়ে একত্রে সরকার গঠনের। কিন্তু প্রধানমন্ত্রিত্বের লোভে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সরকার গঠনে আমি রাজি হইনি। কিন্তু বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। এরপর তারা ক্ষমতা চিরস্থায়ী করতে ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে।’