ক্রিকেট উত্তেজনার প্রাথমিক অভিঘাতটি কেটেছে। গতকাল রোববার বিকেলে আবার গ্রন্থমেলামুখী জনস্রোত। পরিবেশটাও ছিল একটু আলাদা। রাত পোহালেই অমর একুশে। তথ্যকেন্দ্র থেকে মাইকে বারবার আহ্বান জানানো হচ্ছিল, রাত আটটার মধ্যেই স্টলের ঝাঁপ বন্ধ করে অমর একুশের প্রস্তুতির জন্য। অবশ্য বিকেল থেকেই দোয়েল চত্বর, চানখাঁরপুল, টিএসসির ওদিকের পথে যানবাহনের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। পথে পথে আলপনা আঁকার ব্যস্ততা। শাহবাগ মোড়ের ফুলের দোকানগুলো ব্যস্ত মালার স্তবক তৈরি নিয়ে। মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মদানকারী অগ্রজদের পুণ্য স্মৃতির প্রতি বসন্তের ফুলে গাঁথা সেসব মালা আজ নিবেদন করা হবে বিনম্র শ্রদ্ধায়। বুকভরা বেদনা নিয়ে বাঙালি গাইবে সকরুণ সুরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী...।’বাংলা একাডেমী পুরস্কার গতকাল অমর একুশের গ্রন্থমেলায় বরাবরের রীতি অনুসারে ঘোষণা করা হয়েছে ২০১০ সালের বাংলা একাডেমী পুরস্কার। প্রবন্ধ সাহিত্যে পুরস্কার পেয়েছেন খান সারওয়ার মুরশিদ ও অজয় রায় (বিজ্ঞান ও প্রযুক্তি)। কবিতায় পেয়েছেন রুবী রহমান ও নাসির আহমেদ। কথাসাহিত্যে বুলবুল চৌধুরী। শিশুসাহিত্যে পেয়েছেন শাহজাহান কিবরিয়া। ২৬ ফেব্রুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।রাতে যতটা পারি হাঁটবগতকাল মেলায় গ্রন্থানুরাগীদের সমাগম ছিল যেমন প্রচুর, তেমনই লেখকেরাও এসেছিলেন অনেকে। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল যথারীতি বসেছিলেন নজরুল মঞ্চের পেছনে বটগাছের তলায়। তাঁর সামনে স্বাক্ষর সংগ্রহে আগ্রহীদের বিরাট লাইন। ইত্যাদির স্টলে ছিলেন হাসান আজিজুল হক। যথারীতি ইমদাদুল হক মিলন ছিলেন অনন্যার স্টলে। মেলার মাঠে কবি হাসান হাফিজ, কথাশিল্পী মশিউল আলম, ছড়াকার লুৎফর রহমান রিটনসহ দেখা গেল অনেককেই। তবে পশ্চিমবঙ্গ থেকে আসা কথাশিল্পী সমরেশ মজুমদারকে ঘিরে বিশেষ আগ্রহ দেখা গেল তাঁর অনুরাগী পাঠকদের। নবযুগের স্টলে ছিলেন তিনি। এই প্রকাশনী থেকে এবার তাঁর দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। সে উপলক্ষেই ঢাকায় আসা। জানালেন, এবার নিয়ে দ্বিতীয়বার এলেন গ্রন্থমেলায়। বললেন, ‘সারা বিশ্বের মানুষ আজ মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের বিষয়টি উদ্যাপন করবে। মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার এই কৃতিত্ব সম্পূর্ণই বাংলাদেশের। এটি অনেক বড় একটি বিষয়। আমি আগে একুশের দিনে ঢাকায় আসিনি। আজ রাতে যখন প্রভাতফেরি নামবে, ভেবেছি যতটা পারি ঢাকার পথে পথে হাঁটব।’মোড়ক উন্মোচন ও নতুন বইতথ্যকেন্দ্রের তালিকা মোতাবেক গতকাল ২৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে নজরুল মঞ্চে। নতুন বই এসেছে ৮৭টি। এর মধ্যে ছিল ঐতিহ্য থেকে রিজিয়া রহমানে কিশোর উপন্যাস আজব ঘড়ির দেশ। সময় থেকে শাহরিয়ার কবিরের প্রবন্ধ সভ্যতার মানচিত্রে যুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার। অ্যাডর্ন থেকে কামাল চৌধুরীর দীর্ঘ কবিতা, নাসির আহমেদের কবিতা শতক, রেজাউর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অন্ধকারে নয় মাস। সালমা বুক ডিপো থেকে লুৎফর রহমান রিটনের মুক্তিযুদ্ধের ১০০ ছড়া। শুদ্ধস্বর থেকে ফারুক ওয়াসিফের প্রবন্ধ ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে। অবসর থেকে বরেন চক্রবর্তীর উপন্যাস নেভা পাড়ের মেয়ে। পাঠক সমাবেশ থেকে আবুল আহসান চৌধুরী সম্পাদিত শ্রীবসন্ত কুমার পালের মহাত্মা লালন ফকির। পাঞ্জেরী থেকে পবিত্র সরকারের পকেট ব্যাকরণ। সূচীপত্র থেকে অধ্যাপক আবু সাইয়িদের একাত্তরে বন্দী মুজিব: পাকিস্তানের মৃত্যুযন্ত্রণা, সঞ্জিব দ্রংয়ের পরিবেশ-বিষয়ক ধরিত্রী আমার নয় আমিই ধরিত্রীর। হাওলাদার থেকে মোহাম্মদ রফিকুজ্জামানের প্রবন্ধ দেহ খেয়ায় দেব পাড়ি। অনন্যা থেকে রওশন জাহানের উপন্যাস যখন বৃষ্টি নামলো। দি স্কাই থেকে সাহেদ মন্তাজের প্রবন্ধ মুক্তিযুদ্ধের সমাজতত্ত্ব। নান্দনিক থেকে শওকত আলীর সেরা গল্প। কথা প্রকাশ থেকে আহমদ শরীফের শ্রেষ্ঠ প্রবন্ধ। শুদ্ধস্বর থেকে সাক্ষাৎকার গ্রন্থ অরুণ আলোয় রশীদ করিম। প্রথমা থেকে দুই খণ্ডে রবীন্দ্র ভ্রমণসাহিত্য সমগ্র। পার্ল থেকে মোকাররম হোসেনের প্রকৃতিবিষয়ক একটি শিশির বিন্দু। স্বরবৃত্ত থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ নেতা জনতা ও রাজনীতি। অনিন্দ্য থেকে লিয়াকত হোসেন খোকনের ভ্রমণবিষয়ক গ্রন্থ আনন্দ উল্লাসের নগরে এবং চলচ্চিত্রবিষয়ক চলচ্চিত্র তারকাদের বেদনার কথা। অনন্যা থেকে আবৃত্তিকার মকবুল হোসেন পাইকের উপন্যাস কালো মনের মানুষ ইত্যাদি।মেলামঞ্চে মেলামঞ্চে বিকেলে আলোচ্য বিষয় ছিল ‘উপন্যাসে আধুনিকতা ও রবীন্দ্রনাথ’। প্রবন্ধ পড়েন খালিকুজ্জামান ইলিয়াস। সভাপতি ছিলেন সৈয়দ আকরম হোসেন। আলোচনা করেন আনোয়ারা সৈয়দ হক, ভীষ্মদেব চৌধুরী ও মাসুদ মাহমুদ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা খুলবে সকাল আটটায়, বিরতিহীন খোলা থাকবে রাত ১০টা অবধি। জনস্রোত সৃষ্টি হবে মেলার পথে।