মানুষের দুঃখ, মানুষের আনন্দ
দুঃখ ও আনন্দ—দুটি শব্দ, দুটি ভিন্নার্থক শব্দ, দুটি পরস্পর বিপরীত শব্দ। সমগ্র রবীন্দ্র-সাহিত্যে শব্দদ্বয় কতবার ব্যবহূত হয়েছে, সেটা গবেষণার বিষয়। তবে এটুকু বলা যাবে, দুঃখ ও আনন্দ এ দুটি শব্দ অজস্রবার ব্যবহূত হয়েছে রবীন্দ্রনাথের হাতে। কবিতা, গান, নাটক, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ—সর্বত্রই এ দুটি আছে। বস্তুত, শেষ পর্যন্ত এ দুটি রবীন্দ্র-মানসের দুটি চাবি শব্দে পরিণত হয়েছে। দুঃখ ও আনন্দ রবীন্দ্র-দর্শনের দুই বিশিষ্ট ভাব—কখনো কখনো সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, কান্না-হাসি, আশা-নিরাশা, মিলন-বিরহ, বিষ-অমৃত ইত্যাকার বৈচিত্র্যে প্রকাশিত। সাহিত্যের রস-পরিণামের ক্ষেত্রেও পরস্পর বিপরীতার্থক এ দুটি ভাব নির্ণায়ক হয়ে দেখা দিয়েছে। মোটকথা, শব্দ দুটি রবীন্দ্র-সৃজনশীলতার সূচনা থেকেই তাঁর পিছু নেয় এবং জীবনের সমাপ্তি পর্যন্ত থাকে তাঁর সঙ্গে।কবির অল্প বয়সের কাব্যিক প্রতিশ্রুতি লক্ষণীয়—‘মানবের সুখে-দুঃখে গাঁথিয়া সংগীত/যদি গো রচিতে পারি অমর-আলয়।’ একে যদি উপলব্ধি না-ও বলা যায়, দেখা যাবে ক্রমশ একের পর এক সাহিত্যমাধ্যমের আলম্বনে রবীন্দ্রনাথ সেদিকেই চলেছেন—হয় দুঃখ, না হয় আনন্দ। কড়ি ও কোমল-এর দেড় যুগ পরে চোখের বালি উপন্যাসের অন্তিমে বিনোদিনী মহেন্দ্রকে চিরদিনের জন্যে ছেড়ে যায়, ‘তাহার যে দুর্বিষহ দুঃখ’ তা ‘অতিবড়ো শত্রুর জন্যও’ কাম্য নয়। ‘কাহিনি’তে রবীন্দ্রনাথ ৪০ ছুঁই-ছুঁই। কাব্যের শুরুতেই ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের অনেকটা সময় কাটে সুখ-দুঃখ প্রসঙ্গে। গান্ধারীর সংলাপেও ‘সৌভাগ্যের দিনমনি দুঃখরাত্রি-অবসানে দ্বিগুণ উজ্জ্বল’ হয়ে শেষে দর্শনের গভীরতা—‘অরণ্যেরে করো স্বর্গ, দুঃখে করো সুখ।’ নৌকাডুবি উপন্যাসের শেষে ‘জীবনের সমস্ত দুঃখের মেঘ আজ আনন্দের জলে ঝরিয়া’ পড়লে কমলার অবদমন-মুক্তি ঘটে। বিচিত্র প্রবন্ধ-এর ‘রুদ্ধ গৃহ’তে রবীন্দ্রনাথ স্পষ্টতর। বলছেন, দরজা বন্ধ না রেখে খুলে দেওয়ার জন্য যাতে ‘সুখ এবং দুঃখ, শোক এবং উৎসব, জন্ম এবং মৃত্যু’ চিরদিন যাতায়াত করতে পারে। একালে রবীন্দ্রনাথ মাঝবয়সী, তার ‘সুখ-দুঃখ’ বা ‘দুঃখ-আনন্দ’ আরও অর্থপূর্ণ হয়ে উঠছে।রবীন্দ্রনাথের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর সাহিত্যে সুখের চেয়ে দুঃখের পরিমাণ বাড়তে থাকে এবং আনন্দের কথা পাশাপাশি উত্থাপিত হলেও সে আনন্দকে উপলব্ধি করা হয় দুঃখের সীমানায় দাঁড়িয়ে। চতুরঙ্গর শেষে ‘যেদিন মাঘের পূর্ণিমা ফাল্গুনে’ পড়ে সেদিন ‘জোয়ারে ভরা অশ্রুর বেদনায়’ পাওয়া গেল দামিনীকে। চোখের বালির অনেককাল পর আরও কঠিন মানুষের দেখা মেলে—সন্দীপ। নিখিলেশ বলতে পারে, ‘যে দুঃখ বিশ্বের সেই তো আমার গলার হার।’ কিন্তু এমন যে কঠিন-হূদয় সন্দীপ, তাঁর কথার শুরুতেও ‘অশ্রুজলের বাঁধ ভাঙে’। এর কাছাকাছি সময়ে লেখা হয় রবীন্দ্রনাথের বেশ কটি প্রবন্ধ—‘সাহিত্যের সামগ্রী’, ‘সাহিত্যের বিচারক’, ‘বিশ্বসাহিত্য’ ইত্যাদি। ইতিমধ্যে রবীন্দ্র-সাহিত্যে যে পরিমাণ দুঃখবোধ জমে ওঠে তার বিপরীতে সাহিত্য-প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিজের কথা ‘সত্যই আনন্দ, সত্যই অমৃত’ খানিকটা ব্যাজস্তুতির মতো ঠেকে। আসলে যে আনন্দের কথা তিনি বলছেন, তা হলো, ‘আনন্দরূপমমৃতং যদবিভাতি। যাহা কিছু প্রকাশ পাইতেছে তাহাই তাহার আনন্দরূপ, তাহার অমৃতরূপ।’ এবারে আনন্দের খোঁজ মিলল—উপনিষৎ। ‘সৌন্দর্য ও সাহিত্য’ প্রবন্ধের বক্তব্য আরও স্পষ্ট, ‘সাহিত্যেও মানুষ কত বিচিত্রভাবে নিয়ত আপনার আনন্দরূপকে অমৃতরূপকেই ব্যক্ত করিতেছে তাহাই আমাদের দেখিবার বিষয়।’ উপনিষতের আনন্দরূপের দেখা রবীন্দ্রনাথের সঙ্গে বাস্তবজীবনের গভীর-গভীরতর দুঃখের সাক্ষাতের অনেককাল আগে। ‘মানবসত্য’ শীর্ষক লেখায় এর সাক্ষ্য মিলবে, ‘বাল্যে উপনিষদের অনেক অংশ বার বার আবৃত্তি-দ্বারা আমার কণ্ঠস্থ ছিল।...তখন আমার বয়স বারো বৎসর হবে।’উপনিষতে দুঃখের কথাও ছিল কিন্তু গীতাঞ্জলির ‘দুঃখতাপে ব্যথিত চিত’-এ সান্ত্বনা খোঁজার মতো অবস্থা নয় তখন। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের মাঝবয়েসের রচনা এবং তা কাব্য। শুধু এ কাব্যই নয়, গীতিমাল্য, গীতালি, বলাকা, পূরবী, মহুয়া, পরিশেষ, পুনশ্চ—সবখানেই দুঃখের দেখা মেলে। আনন্দও আছে, কিন্তু দুঃখসংলগ্ন হয়ে। কাব্যের দুঃখ ব্যক্তিগত দুঃখ—এর কারণ অজানা, অব্যাখ্যেয়ও বটে। কিন্তু গল্প-উপন্যাস-নাটকের দুঃখকে ব্যক্তিগত দুঃখ বলা মুশকিল। এর জন্য কার্যকারণের সূত্র বা বৃহদর্থে বাস্তবতার পরিপ্রেক্ষিতটিকে উপস্থাপন না করে উপায় নেই। উপর্যুক্ত কাব্যগ্রন্থগুলোর সমন্বয়ে পরিব্যাপ্ত দুঃখবোধের মধ্যে দুই বোন উপন্যাসের শর্মিলার কথাও তাই কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। ‘কিসে সুখ তাই বা নিশ্চিত কী জানি। আর, সুখ যদি না হয় তো নাই হলো।’ আসলেই সুখ হয় না। রবীন্দ্রনাথের প্রায় সব গল্প-উপন্যাসের পরিসমাপ্তি ঘটে অশ্রুজল, বিচ্ছেদ, মৃত্যু এবং নিখোঁজ-নিরুদ্দেশের ঘটনায়। বেদনা, অতৃপ্তি, অসুখ মানে দুঃখই শেষ পর্যন্ত পক্ষবিস্তারী হয়ে ওঠে—রবীন্দ্রনাথ অকারণে বলেন না, ‘বাহিরে যার হাসির ছটা, ভেতরে অশ্রুজল’ অথবা ‘অন্তরে যার হাসির ছটা বাইরে অশ্রুজল!’শুরুটা দুঃখ, দীর্ঘশ্বাস আর স্মৃতিবিধুরতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয়, ‘বৌঠান’ কাদম্বরী দেবীর মৃত্যু হয় ৮ বৈশাখ ১২৯১ সনে। ১২৯১-এর কার্তিকে লেখা ‘ঘাটের কথা’ এবং অগ্রহায়ণে ‘রাজপথের কথা’। প্রথমটি ভারতীতে এবং পরেরটি ছাপা হয় নবজীবন-এ। প্রথমটির নায়িকা কুসুম এবং দ্বিতীয়টির এক অনাম্নী বালিকা। উভয় গল্পেই পূর্বাপর দুঃখ, দীর্ঘশ্বাস ও স্মৃতিবিধুরতার রাজত্ব। বোঝা যাচ্ছে, বাস্তবের কাদম্বরী দেবীর মৃত্যুশোক-বেদনাকে আত্মস্থ করার সাধনা চলছে রবীন্দ্র-হূদয়ে। ‘ঘাটের কথা’য় একদিন কুসুম ছিল, রোজ তার পা পড়ত ঘাটে। সবাইকে কলহাস্যে সে মাতিয়ে রাখত। দুর্দম তার স্মৃতি—‘জলের উপরে যখন কুসুমের ছোটো ছায়াটি পড়িত তখন আমার সাধ যাইত, সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি—’কিন্তু ধরে রাখা গেল না। সারাক্ষণ সে মাতিয়ে রাখত সে যে ‘কোথায় সরিয়া গেল, জানিতে পারিলাম না।’‘রাজপথের কথা’য় সে-গান শোনা কখনোই শেষ হয় না, সেটি খুবই অর্থপূর্ণ, ‘তারে বলি বলি আর বলা হলো না।’ এ গল্পের বালিকাও একদিন উধাও হয়ে যায়। জীবনের কলহাস্য, জীবনের রং-রূপ-রস থেকে হারিয়ে যায় কোথায়! হারায় তবু যেন হারায় না, ‘কেবল সেই পায়ের করুণ নুপুরধ্বনি এখনো মাঝে মাঝে মনে পড়ে।’ ‘মাঝে মাঝে’-ই মনে পড়ে, কারণ জীবন থেমে থাকে না। কাদম্বরীর শোক সামলে ধাতস্থ হতে হয় রবীন্দ্রনাথকে। তখন কুসুম কিংবা অনাম্নী বালিকারা ধরা দিতে শুরু করে পূর্ণ অবয়বে—রতন, সুভা, মহামায়া, চন্দরা, মৃন্ময়ী, গিরিবালা, সুরবালা, অনিলা, মৃণাল, বিনোদিনী, দামিনী, কুমুদিনী—এ রকম অজস্র, একের পর এক, নানা বর্ণে, নানা বিভঙ্গে।রবীন্দ্রনাথ ক্রমশ তাঁর ব্যক্তিগত দুঃখশোকের দিন পেছনে ফেলে যেতে থাকেন। তবু ‘দুঃখরাত্রি’র শেষ নেই। চারপাশে বেদনারাশি স্তূপীকৃত হতে থাকে। ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রিক ইত্যাকার যাবতীয় দুঃখের কারণ জমাটবদ্ধ হয়ে প্রলম্বিত ছায়া ফেলে সর্বত্র। কবিতায়-গানে সে ছায়া দুর্জ্ঞেয় ও রহস্যময়, কিন্তু গল্পে-উপন্যাসে বাস্তব ও ব্যাখ্যাযোগ্য। কবির পরিপার্শ্বে স্তূপীকৃত দুঃখের রূপ কেমন—‘যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল,যত অশ্রুজল,যত হিংসা হলাহল,সমস্ত উঠিছে তরঙ্গিয়া’ [বলাকা]কথা হচ্ছে, এই দুঃখ প্রাসঙ্গিক, একে গ্রহণ করার জন্য রবীন্দ্রনাথ তৈরি, ‘দ্বন্দ্বের মধ্যেই যত দুঃখ, এবং এই দুঃখই হচ্ছে উন্নতির মূলে।’ (‘দ্বিধা’, শান্তিনিকেতন) দুঃখ থাকবে মানুষের মধ্যেই এবং দ্বন্দ্বও মানবসৃষ্ট প্রতিক্রিয়া, ‘উদ্ভিদরাজ্যে যেখানে স্ত্রীপুরুষের ভেদ নেই অথবা যেখানে তার মিলন-সাধনের জন্যে বাইরের উপায় কাজ করে, সেখানে কোনো দুঃখ নেই, সমস্ত সহজ।’ (ঐ) কাজেই আমরা যখন রবীন্দ্রনাথের গল্প-উপন্যাসে দুঃখের নানা অবভাস দেখতে পাব, তখন আমাদের কবির ভাষ্যকেও মনে রাখতে হবে—‘দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে;অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে; ’ [বলাকা]এভাবেই এক অনিঃশেষ দুঃখপরম্পরা বয়ে যায় চোখের সামনে দিয়ে। পোস্টমাস্টার চলে যান উলাপুর গ্রাম ছেড়ে শহরে। গ্রামের ফটিক মারা যায় শহরে। নিষ্ঠুর মানবাচরণের শিকার রামকানাই পৃথিবী থেকে বিদায় নেয়। অবরুদ্ধ নিতাইয়ের অস্ফুট ‘বাবা’ ডাক গুমরে মরে গুহাভ্যন্তরে। বিপুল প্রকৃতির সমস্ত পত্রে-পুষ্পে গুঞ্জরিত হতে থাকে মূক-সুভার হূদয়-বেদনা। এ দুঃখের সংসার থেকেই যেন বিদায় নিয়ে পালিয়ে বাঁচতে চায় তারাপদ কিংবা অনিলা কিংবা বানোয়ারিলাল। দুঃখের এমনই দাপট যে এ থেকে বাঁচতে দুইবার মরতে হয় কাদম্বিনীকে। এ রকম এক অনিঃশেষ দুঃখপ্রবাহে চলতে-চলতে যখন সহসা কানে আসে, ‘মনের মাঝে চাহি দেখ্ রে আনন্দ কি নাহি’ তখন চকিতে অনুভব করা যায়—‘সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত যে পাওয়ার সঙ্গে না-পাওয়া জড়িত হয়ে আছে।যে-সুখ কেবলমাত্র পাওয়ার দ্বারাই আমাদের উন্মত্ত করে তোলে না—অনেকখানি না পাওয়ার মধ্যে যার স্থিতি আছে বলেই যার ওজন ঠিক আছে, সেইজন্যেই যাকে আমরা গভীর সুখ বলি—অর্থাৎ যে-সুখের সকল অংশই একেবারে সুস্পষ্ট সুব্যক্ত নয়, যার এক অংশ নিগূঢ়তার মধ্যে অগোচর, যা প্রকাশের মধ্যেই নিঃশেষিত নয়, তাকেই আমরা উচ্চ শ্রেণীর সুখ বলি।’[‘পাওয়া ও না-পাওয়া’, শান্তিনিকেতন]অপূর্ব মৃন্ময়ীকে পেয়ে সুখী হয় কিন্তু সেখানে যুক্ত হয় ‘অশ্রুজল’। রহমতের সঙ্গে মিনির দেখা হয় তবে মাঝখানে বয়ে যায় এক অব্যাখ্যেয় বেদনার নদী। হরসুন্দরী আর নিবারণ পাশাপাশি শুয়ে থাকলেও মাঝখানে চিরদুঃখের নামান্তর শৈলবালাও থেকে যায়। গিরিবালাও খুব দূরে থাকে না, কিন্তু মাঝখানে দীর্ঘ দুঃখের রাত।মানুষের দুঃখ এবং মানুষের আনন্দের চিত্রণে রবীন্দ্রনাথ ক্রমশ সামাজিক হয়ে উঠেছেন। তাঁর বাল্যের উপনিষৎ-স্পৃষ্টতাকে ধীরে ধীরে কার্যকারণের সম্বন্ধসূত্রে গ্রথিত করেন তিনি। কাব্যজগতের ব্যক্তিত্বকে রবীন্দ্রনাথ মুক্তি দেন তাঁর কথাসাহিত্যে। যে শোকের ধাক্কায় তাঁর কথা-পথে প্রবেশ, সে শোক সামলে তিনি পৌঁছান অন্য এক বৃহত্তর উপলব্ধিতে, যেখানে সুখ-দুঃখের কারণ বহু। সেখানে মনে-মনে দ্বন্দ্ব, জনে-জনে দ্বন্দ্ব, ধনে-জনে দ্বন্দ্ব, মনে-জনে দ্বন্দ্ব—এ রকম বহু দ্বন্দ্বের ঘূর্ণিপ্রবাহ। মানুষের জীবনের সেই দ্বন্দ্বের স্বরূপ উন্মোচিত হয়েছে রবীন্দ্রনাথের গল্পে-উপন্যাসে। মানুষের মনের গভীরে এবং সমাজের বিস্তৃত পরিসরে তল্লাশি চালান রবীন্দ্রনাথ। পরিণামে দ্বন্দ্ব-ক্রিয়া-প্রতিক্রিয়াজনিত যে দুঃখের সন্ধান পাওয়া যায় তার কারণ কবির চারপাশে থাকা মানুষজনই। আরেকটি কারণ অন্য—সেটি নিহিত সমকালীনতায়।রাজর্ষিকে প্রথম উপন্যাস ধরলে রবীন্দ্রনাথের উপন্যাসের পরিধি প্রায় অর্ধশতাব্দীকাল। চার অধ্যায় তাঁর শেষ উপন্যাস। রবীন্দ্রনাথের বয়স তখন ৭৩ বছর। কাজেই এ উপন্যাস রচনাকালীন তাঁর সাহিত্যিক সিদ্ধান্ত সবিশেষ গুরুত্বপূর্ণ। উপন্যাস সম্পর্কে তাঁর নিজস্ব প্রতিক্রিয়া—‘নরনারীর ভালোবাসার গতি ও প্রকৃতি কেবল যে নায়কনায়িকার চরিত্রের বিশেষত্বের উপর নির্ভর করে তা নয়, চারিদিকের অবস্থার ঘাতপ্রতিঘাতের উপরেও।...বাইরের এই অবস্থা যেটা আমাদের রাষ্ট্রপ্রচেষ্টার নানা সংঘটনের তৈরি, সেটার অনেকখানি অগত্যা আমার নিজের দৃষ্টিতে দেখা, ও তার কিছু কিছু আভাস আমার নিজের অভিজ্ঞতাকে স্পর্শ করেছে।’চোখের বালিতে রবীন্দ্রনাথ মানবমনের তত্ত্ব হদিস করেছিলেন। কিন্তু তাতেও মন ও বাইরের দ্বন্দ্ব এবং দ্বন্দ্বজনিত দুঃখের বহিঃপ্রকাশ দেখা গেছে। রবীন্দ্রনাথ তাঁর উপন্যাসে সমাজ এবং রাষ্ট্রসৃষ্ট যে ব্যক্তিত্বের সন্ধান করেন তারাই চোখের বালি, ঘরে বাইরে, যোগাযোগ, গোরা, চতুরঙ্গ, শেষের কবিতা, চার অধ্যায় প্রভৃতি উপন্যাসে একে একে দেখা দিতে থাকে। বিনোদিনী, বিমলা, কুমুদিনী, গোরা, নিখিলেশ, সুচরিতা, ইন্দ্রনাথ, এলা, অতীন্দ্র—আজকের যুগের এসব মানুষ স্ব স্ব জীবনের কাহিনি দিয়ে শেষ পর্যন্ত এক বিপুল দুঃখগ্রন্থেরই নির্মিতি দাঁড় করায়, তাতে আনন্দের উদ্ভাস থাকে কমই।যে দুঃখময় অভিজ্ঞতার মধ্য দিয়ে এক জীবনের শুরু, তা-ই পুঞ্জ পুঞ্জ দুঃখের সঞ্চয়ে ভারাক্রান্ত হয়ে উঠেছে একদিন। চারপাশের বিচিত্র সমস্যা-সংকট এবং উপনিবেশের রুদ্ধতা রবীন্দ্রনাথকে বঞ্চিত করেছে বিপুল আনন্দের অভিজ্ঞতা থেকে। স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিক হিসেবে কথাসাহিত্য রচনা করলে তার রূপ কেমন হতো সে কৌতূহল আজকের পাঠকের মনে জাগতে পারে। এ প্রসঙ্গে সৈয়দ ওয়ালীউল্লাহ্র কাঁদো নদী কাঁদো উপন্যাসের কথা স্মরণ করা যায়। উপন্যাসের নায়ক মুহাম্মদ মুস্তাফার আত্মহত্যার ঘটনাটিকে অনেক সমালোচকই আরোপিত বলে মনে করেন। উপন্যাসটির প্রকাশকাল ১৯৬৮ এবং রচনাকালও প্রকাশের কাছাকাছি সময়ের। আমাদের ধারণা, উপন্যাসটি ১৯৬৯-এর গণ-আন্দোলনের পরে রচিত হলে এক ভয়ংকর অশুভ-অবরুদ্ধ দুঃখময় জীবনের বাসিন্দা মুহাম্মদ মুস্তাফা হয়তো বা আত্মহত্যা করত না। ১৯৬৮তে তার চারপাশ নিরানন্দময়, উদ্ধারের পথ নেই, কিন্তু ১৯৬৯-এর পর জনতার জোয়ারে বাঁধ ভাঙো-ভাঙো এবং ধীরে ধীরে দুঃখ-ত্রাতার সম্ভাবনা উদিত হচ্ছে। কাজেই মুহাম্মদ মুস্তাফার আত্মহত্যাকে ব্যক্তিগত ঘটনা বলা গেলেও এর কারণ তার করাল সমকাল। কেমন হতো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস উপনিবেশমুক্ত স্বদেশ ও সমকালের সহযোগ পেলে! হয়তো দুঃখপ্রকাশের রূপ তাঁর ভিন্ন হতো, কিন্তু দুঃখের পরিমাণ কমত না। যে মানুষের ওপর ‘বিশ্বাস হারানো পাপ’ বলে মনে করতেন একদা, সে মানুষের ওপর তাঁর আস্থা কতটা অবশিষ্ট থাকত সে প্রশ্নও উত্থাপনযোগ্য। জীবনের শেষ উপন্যাস চার অধ্যায়-এর এলাকে লক্ষ করা যাক। তার জীবনের ‘প্রথম সূচনা বিদ্রোহের মধ্যে।’ এলার বিশ্বাস, ‘দুর্বলতা অত্যাচারের প্রধান বাহন।’ তার এ-ও ধারণা, ‘বিশ্বাসপরায়ণ ঔদার্যগুণেই’ মানুষ ঠকে এবং দুঃখ ভোগ করে। এবারে অতীন্দ্রের দিকে দৃষ্টি ফেরানো যাক। রবীন্দ্রনাথের বয়স পঁচাত্তর হবে আর দুবছর পরে এবং অতীন্দ্র বলছে— ‘মানুষ বেশিক্ষণ পুতুল-নাচ নাচতে পারে না। মানুষের স্বভাবকে হয়তো সংস্কার করতে পার, তাতে সময় লাগে। স্বভাবকে মেরে ফেলে মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয় মনে করা ভুল।’অতীন্দ্রের এ অনুভূতি এবং প্রেক্ষণবিন্দুতে দাঁড়িয়ে বলা যায়, মানুষের দুঃখে, দেশ-কাল-সমাজের দুর্দশায় রবীন্দ্রসাহিত্য হয়ে উঠতো আরও দুঃখভারাতুর। তখন হয়তো দুঃখকে দুঃখই মনে হতো এবং আনন্দকেও দুঃখ।৩০ এপ্রিল ২০১১ মহীবুল আজিজ: কথাশিল্পী, প্রাবন্ধিক