বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার দাবি করেছেন, এখন মানুষের জীবন, সম্পদ ও সম্মানের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা আছে শুধু শেখ হাসিনার স্তাবকদের। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার জাতীয় সংসদ ভবন এলাকায় দলটির সাংসদদের সমাবেশে তিনি এ অভিযোগ করেন।বিএনপির ১১ জন সাংসদ আজ সকাল সাড়ে নয়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে মিছিল করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সঙ্গে বিএনপির সাংসদদের মৃদু ধস্তাধস্তিও হয়। পরে সংসদ ভবন টার্নেলের পূর্বপাশের মুখে তাঁরা সমাবেশ করেন।একটি বিদেশি পত্রিকায় প্রকাশিত ‘হত্যা মিশন’ সম্পর্কিত প্রতিবেদনের কথা উল্লেখ করে এম কে আনোয়ার দাবি করেন, সরকার এ মিশন বাস্তবায়ন করছে। তিনি এ ঘটনাকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার ঘটনার সঙ্গে তুলনা করেন। তিনি দাবি করেন, এখন কে কখন গুম হবেন, তার নিশ্চয়তা নেই।তিনি বলেন, ‘ওই প্রতিবেদনে ৮৩ জনের নাম দেওয়া হয়েছে। তাতে সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিত্সক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও আছেন। এটি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয়। এ মিশন বাস্তবায়ন করার মধ্য দিয়ে সরকার দেশকে মেধাশূন্য করে একটি তৃতীয় শ্রেণীর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।’বিএনপির সাংসদেরা ইলিয়াস আলীকে ফেরত ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রবর্তনের দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় পুলিশের তল্লাশি ও তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানান তাঁরা।