মানুষের পাশে থাকার দৃপ্ত শপথ
নানা আয়োজনে গতকাল শুক্রবার প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। এ উপলক্ষে নিজেদের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেছেন বন্ধুসভার সদস্যরা। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: সকালে বন্ধুসভার বন্ধুরা উপস্থিত হন নগরের অশ্বিনীকুমার হল চত্বরে। পরে তাঁরা খাল পরিষ্কার করার জন্য জেল খালের নাজির মহল্লা অংশে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের পর বন্ধুসভার বন্ধু ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা যৌথভাবে খাল পরিষ্কার করেন।বান্দরবান: বান্দরবানের বন্ধুসভার বন্ধুরা নীলাচল পর্যটন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। বন্ধুসভার সদস্যরা যত্রতত্র ফেলে রাখা ডাবের খোসা, পরিত্যক্ত খাবারের প্যাকেট, খালি পানির বোতলসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।বগুড়া: সরকারি আযিযুল হক কলেজ চত্বরে গাছের চারা রোপণ করে বগুড়া বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ। বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রথম আলোর বগুড়া কার্যালয়ে কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ব্যবসায়ী সৈয়দ কিরণ আহমেদ, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ। চুয়াডাঙ্গা: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। নিরাপদ সড়কের দাবিতে বড় বাজারের শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচারাভিযান চালানো হয়। দুপুর ১২টা পর্যন্ত এই প্রচারাভিযান চলে।কুমিল্লা: কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের বাড়ি পরিষ্কার করেছেন বন্ধুসভার বন্ধুরা। কুমিল্লা বন্ধুসভার সদস্যরা শচীন দেববর্মনের বাড়ির সামনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এরপর তাঁরা সেখান তাঁর নামে জাদুঘর করার দাবিতে মানববন্ধন করেন।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাসুদ মজুমদার। কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের বিশাল এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন বন্ধুসভার সদস্যরা। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বন্ধুসভার সদস্যরা মানবপ্রাচীর তৈরি করে ‘মাথা উঁচু করে দাঁড়ানোর’ দৃপ্ত শপথ নেন।এ সময় বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা বিশ্বজিৎ পাল, বন্ধুসভা জেলা কমিটির সহসভাপতি নোমান হেলালী, সাধারণ সম্পাদক দিল তাফরিয়া ইসলাম প্রমুখ।প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোটারি ক্লাব কক্সবাজারের সভাপতি মো. নজরুল ইসলাম, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোশেদ চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।দিনাজপুর: সকালে দিনাজপুর বন্ধুসভার সদস্যরা দিনাজপুর রেলস্টেশনের সব প্ল্যাটফর্ম পরিষ্কার করেন। এ ছাড়া স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের সহায়তায় বন্ধুসভার সদস্যরা প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে পাঁচ শতাধিক ভোট সংগ্রহ করেন। এ ছাড়া মেডিসিন ক্লাব দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ইউনিটের সহায়তায় একই স্থানে রক্তদান কর্মসূচি পালন করা হয়।ফরিদপুর: প্রথম আলোর এয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে নদী বাঁচাও আন্দোলন শুরু করেছে ফরিদপুর বন্ধুসভা। সকাল সাতটায় প্রথম আলোর ফরিদপুর কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। পরে কুমার নদের বেইলি সেতুর ওপর মানববন্ধন করা হয়। এরপর বন্ধুসভার সদস্যরা সেতুর পূর্ব পাড়ে নদীর তীরে নেমে পৌর কর্মচারীদের সহায়তায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। ফেনী: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী বন্ধুসভার উদ্যোগে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চত্বরে ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিদ্যালয়ের আঙিনায় ঝরে পড়া গাছের পাতা কুড়িয়ে পরিষ্কার করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপলকান্তি বৈদ্য, প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নূরুল আবসার ও বন্ধুসভার উপদেষ্টারা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ: গোপালগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের সরকারি সীতানাথ মথুরানাথ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৩০০ শিক্ষার্থীর মধ্যে ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু কলেজের সাবেক শিক্ষক আবদুর রহমান, এসএম মডেল স্কুলের শিক্ষক ইদ্রিসুর রহমান, স্থানীয় বন্ধুসভার সভাপতি আলী নাইম খান জিমি, সাধারণ সম্পাদক সালমা আক্তার কেয়া, প্রথম আলোর প্রতিনিধি সুব্রত সাহা বাপী প্রমুখ উপস্থিত ছিলেন।কুড়িগ্রাম: কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে কেক কেটে কর্মসূচির সূচনা করেন। এরপর তাঁরা সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কৃষক জিয়াউর রহমানের ১২ শতক জমির পাকা ধান কেটে দেন। বন্ধুসভার সদস্যরা ধান কেটে যে টাকা আয় করেন, তা দিয়ে ঈদের আগের দিন মাংস কিনে ১০টি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করবেন। এরপর বিকেলে শহরের একাধিক জায়গায় ঝোপজঙ্গল পরিষ্কার করেন। পরে প্রতিনিয়ত ভালো কাজ এবং মানুষের কল্যাণে কাজ করার শপথ নিয়ে কর্মসূচি শেষ হয়। কর্মসূচিগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, প্রথম আলোর কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক সফি খান। কুষ্টিয়া: কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী প্রচারপত্র ও বিভিন্ন প্রজাতির ৩০০ গাছের চারা বিতরণ করেছেন। সকালে কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীদের মধ্যে সচেতনতামূলক এসব প্রচারপত্র বিলি করা হয়। এ সময় যাঁরা কখনোই ধূমপান করবেন না বলে শপথ নেন, তাঁদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় সেখানে কুষ্টিয়া কোর্ট স্টেশনের সহকারী মাস্টার মহসিন আলী, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি মনিরুজ্জামান কাজল, নারীবিষয়ক সম্পাদক মসিউর রহমান, সদস্য পারভীন আক্তার, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।মাগুরা: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪টি দুস্থ-অসহায় ছিন্নমূল শিশুকে নতুন পোশাক কিনে দিয়েছেন মাগুরা বন্ধুসভার বন্ধুরা। সকালে মাগুরা সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে শিশুদের ওই নতুন জামাকাপড় দেওয়া হয়। এ সময় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।মানিকগঞ্জ: সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যরা। এ সময় স্মৃতিফলকের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। ময়মনসিংহ: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বন্ধুসভা গতকাল আনন্দ-শোভাযাত্রা, ব্রহ্মপুত্র নদের পারের সাহেব আলী পার্কসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ‘মাদক ও ইভ টিজিং-বিরোধী’ মানববন্ধন ও সমাবেশ করেছে ময়মনসিংহ বন্ধুসভা। নোয়াখালী: সকালে বন্ধুসভার বন্ধুরা জেলা শহরের সরকারি আবাসিক এলাকার একটি সড়কের কালভার্টের দুই পাশে মাটি ভরাট করেন। এ সময় তাঁদের সঙ্গে শামিল হন আইনজীবী সৈয়দ কবির আহম্মেদ চৌধুরী, মো. হানিফ, নুরুল আলম প্রমুখ। মাটি ভরাট শেষে প্রথম আলোর নোয়াখালী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা: সকালে বন্ধুসভার সদস্যরা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে হাজির হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। ময়লা-আবর্জনা পরিষ্কার শেষে তাঁরা বিজ্ঞান ও প্রশাসনিক ভবন চত্বরে দুটি ডাস্টবিন দেন। পরে বন্ধুসভার সদস্যরা ব্যবস্থাপনা বিভাগ চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।রংপুর: বন্ধুসভার উদ্যোগে নিয়ামত আরাজি গ্রামে দুটি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ, পাঁচ শতাধিক নারী, শিশুকে বিনা মূল্যে ওষুধ বিতরণসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।হতদরিদ্র পরিবারের শিশু ও নারীদের চিকিৎসাসেবা দিয়ে সহযোগিতা করেছেন ডা. সৈয়দ মামুনুর রহমান ও মো. শামীম।নিয়ামত আরাজি গ্রামে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে চিকিৎসাসেবা কার্যক্রম। বন্ধুসভার বন্ধু ও তাঁদের পরিবারের আর্থিক সহযোগিতায় এসব কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। সিলেট: সিলেটে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। নগরের চালিবন্দর এলাকার রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ১২০ জন রোগীকে এ সেবা প্রদান করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক শিশির বসাকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি রোগীদের স্যানিটেশন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে প্রত্যেকের হাতে সাবান তুলে দেওয়া হয়।সকাল ১০টায় চিকিৎসা-শিবিরের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। এ সময় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন, শিক্ষানবিশ চিকিৎসক চিন্ময় বড়ুয়া, মো. আদনান চৌধুরী, সন্ধানী সিলেটের সভাপতি হিতাংশু শেখর পাল ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভা সিলেটের সভাপতি এন ডি মিথুন।