মানুষের পাশে সারদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও কাছে ‘দিদিভাই’। কেউ ডাকেন ‘মাসিমা’। এই সম্বোধন তাঁর সেবাব্রতী জীবনের জন্যই। তিনি বীথিকা দত্ত। সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা।ঘরে ঘরে জনসেবার জাগরণ গড়ে উঠুক—এ প্রত্যয়ে সিলেটে একটি সেবা সংগঠনকে এগিয়ে নিচ্ছেন ১৬ বছর ধরে। সংগঠনটির নাম ‘শ্রীমা সারদা সংঘ’। আটটি শাখা-প্রশাখায় সিলেট বিভাগজুড়ে বিস্তৃত। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে অনাথ ছেলেমেয়েদের শিক্ষাদীক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি ও বিয়ে দেওয়াসহ সমাজসেবায় অনন্য ভূমিকা রাখছে সারদা।যেভাবে শুরু: ‘একজন মা যেভাবে মাতৃস্নেহে সংসার আগলে রাখেন, তেমনি সমাজকে সংসারের মতো আগলে রাখতে মায়েদের ঘরের বাইরে আসতে হবে। মাতৃস্নেহ দিয়ে সমাজসেবাকে প্রসারিত করতে হবে’—এ রকম কথা চিন্তাধারায় সেবা সংগঠন গড়ার উদ্যোগ নেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাস। ১৯৯৬ সালের ২৫ এপ্রিল তাঁরা ২১ জন প্রতিষ্ঠা করেন ‘শ্রীমা সারদা সংঘ’। প্রতিষ্ঠাতা সভাপতি সুহাসিনী দাস আর সম্পাদক বীথিকা দত্ত।১৯৯৬ সালে সমাজসেবায় রাষ্ট্রীয় পদক পান সুহাসিনী। ২০০৯ সালের ৩০ মে তাঁর মৃত্যুর পর সম্পাদিকা হিসেবে সংগঠনের হাল ধরেন বীথিকা দত্ত। প্রতিষ্ঠাকালীন সদস্য ২১ জন থেকে বাড়িয়ে ৩০ জনের সংগঠক ও সদস্যসংখ্যা ১৪৫ জনে উন্নীত করা হয়।দেশ-বিদেশে সারদার ‘সজ্জন’-এর (শুভানুধ্যায়ী) সংখ্যা সহস্রাধিক। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সংগ্রহ করা হয় মাসিক চাঁদা (ঐচ্ছিক)। ওই টাকা দিয়ে সেবা খাতে ব্যয় করা হয়।১০ টাকার শুরু: প্রতিষ্ঠাকালীন সদস্যরা প্রথমে ১০ টাকা করে চাঁদা দিয়ে ২১০ টাকার একটি তহবিল গঠন করেছিলেন। মাসিক এ চাঁদা নিয়মিত দিয়ে শুরু হয় সেবা খাতে সাংগঠনিক তৎপরতা। শুরুর দিকে কেবল শিক্ষাবৃত্তি দিত সারদা। এ বৃত্তি শুধু মেধাবীদের নয়, অর্থাভাবে পড়াশোনা করতে না-পারা শিক্ষার্থীদের খুঁজে বের করে দেওয়া শুরু হয়। এ ক্ষেত্রে গ্রামের দিকে বিশেষ করে চা-শ্রমিক জনগোষ্ঠী ও সিলেটের আদিবাসী পাত্র সম্প্রদায়ের দিকে নজর দেয় সারদা।এ ব্যাপারে বীথিকা দত্ত বলেন, ‘আমাদের সেই ১০ টাকায় এখন কত কথা বলছে! প্রতিবছর ২০ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এখন আমাদের বার্ষিক সহায়তা লাখ টাকায় গড়িয়েছে।’ঘুরে দাঁড়ানো কয়েকজন: সারদার শিক্ষাবৃত্তি পেয়ে এ পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করেছেন। এমনই একজন সিলেটের এমসি কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে অধ্যয়নরত শহরের বালুচর এলাকার আদিবাসী এক শিক্ষার্থী বলেন, ‘এসএসসির পর সারদার বৃত্তি না পেলে উচ্চশিক্ষা গ্রহণে সাহসই পেতাম না।’সারদার উদ্যোগে এ পর্যন্ত ১৭ জন অনাথ ছেলেমেয়ের বিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে চারজন মুসলমান। ১৩ জন হিন্দু। যাঁদের এখন সুখের সংসার। সারদার সহায়তায় চার বছর আগে বিয়ে হয় খাদিমপাড়ার বাসিন্দা মোহাম্মদ বশিরুলের। বললেন, সংসারী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রোজগারের দিকে মনোযোগী হন। এ ক্ষেত্রে বীথিকা দত্তের সহযোগিতা ছিল। এলাকায় একটি মুদি দোকান দিয়ে সংসারে সচ্ছলতা এনেছেন তিনি।মির্জাজাঙ্গাল এলাকার চুমকি দেব চটের ‘বুটিক হাউস’ খুলেছেন। ‘ব্যবসার পুঁজি ও মনোবল দুটিই সারদা জুগিয়েছে।’ জানালেন চুমকি।তাঁতিপাড়ায় ‘সারদা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র’ চালু করেছেন বীণা চৌধুরী। সেখানে সুবিধাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ দেন তিনি। ঘরে তাঁর অসুস্থ স্বামী। এক মেয়ে দশম শ্রেণীতে পড়ছে। বীণা বলেন, ‘আগে খেয়েদেয়ে চলা কষ্টকর ছিল। এখন প্রশিক্ষণ ও উৎপাদিত পণ্য বিক্রি করে সংসার ভালোই চলছে।’ নিম্নমধ্যবিত্ত নারীদের স্বাবলম্বী করতে নাড়ু-সন্দেশ তৈরির কাজে উৎসাহিত করে সারদা। প্রতিবছর ২০ জন করে নারী এসব কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন। বিভিন্ন উৎসব ও বিয়েতে ওই নারীরা মিষ্টিজাতীয় দ্রব্য সরবরাহ করেন। সামাজিক কারণে এঁদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে চায় না সারদা। এঁদের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, এই আত্মকর্মসংস্থান নিম্নমধ্যবিত্ত একেকটি পরিবারকে বাঁচিয়ে তুলেছে। ‘মায়ের বাড়ি’: ১৬ বছর ধরে সেবা দিয়ে চললেও সারদার কোনো স্থায়ী ঠিকানা ও কার্যালয় ছিল না। এ জন্য সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের দেবপুরের একজন ভূমিদাতা দান করেন পাঁচ শতক জমি। ওই জমিতে নির্মিত হচ্ছে সারদার কার্যালয়। সংগঠনের সেবাকে সর্বজনীন করতে সারদার নবনির্মিত কার্যালয়ের নাম রাখা হয়েছে ‘মায়ের বাড়ি’।নির্মাণাধীন ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আগামী এপ্রিল মাসের আগেই নির্মাণকাজ শেষ করতে কাজ চলছে। ‘ছাড়’ দিয়ে সেবা: নগরের মির্জাজাঙ্গালের উঁচু একটি নারকেলগাছের নিচে বীথিকা দত্তের বাড়ি। নয় ভাইবোনের মধ্যে বীথিকা তৃতীয়। পারিবারিক ঐতিহ্যে ভাইবোন সবাই উচ্চশিক্ষিত।বীথিকা দত্ত স্নাতকোত্তর ও বিএড সম্পন্ন করে শিক্ষকতা শুরু করেন। ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। ১৯৬৮ সালে ব্যবসায়ী তামেশ রঞ্জন দত্তের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বীথিকাকে বলেছিলেন, ‘তুমি চাকরি ছেড়ে দাও, তোমার জায়গায় নতুন কেউ চাকরি পেলে হয়তো তাঁর কর্মসংস্থানে একটি পরিবার দাঁড়াতে পারবে।’ স্বামীর এমন কথায় চাকরি ছাড়েন বীথিকা। এ ঘটনাকে জীবনে বড় একটি ‘ছাড়’ অভিহিত করে বীথিকা বলেন, ‘আমার জীবনের এই ছাড়টা হচ্ছে লোভ। লোভ ছেড়ে দেওয়ার পরই মনে সেবার বাসনা জন্মায়। আগে করেছি সংসারসেবা, এখন করছি সমাজসেবা। সত্তর পার হওয়ার পরও জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছি।’বীথিকার একমাত্র মেয়ে সুকন্যা দত্ত কলকাতা প্রকৌশল কলেজের প্রভাষক, একমাত্র ছেলে কৃপা শংকর দত্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ১৯৯৬ সালের ১৫ জানুয়ারি স্বামীর মৃত্যুর পর সারদার সঙ্গে যুক্ত হন বীথিকা।পরিবারের ভাষ্যমতে, সেই থেকে প্রতিদিন শুধু ঘুমানোর সময় বাদ দিয়ে বাকি সময় সারদার কাজেই ব্যস্ত থাকেন বীথিকা। মির্জাজাঙ্গালের বাসায় তাঁর সঙ্গে থাকেন দেবর, স্ত্রী ও তাঁদের এক সন্তান।অন্যদের কথা: বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক শুভেন্দু ইমাম বলেন, ‘বীথিকা দত্ত সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করে পথিকৃতের মর্যাদা লাভ করেছেন। তাঁকে অনুসরণ করে অন্য নারীরাও দেশ ও কল্যাণের কাজে এগিয়ে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।’