মানুষের মনের দাবি কালকের হরতাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, কালকের হরতাল হবে সবচেয়ে স্বতঃস্ফূর্ত ও সফল। সব শ্রেণী-পেশার মানুষের মনের দাবি অনুযায়ী এ হরতাল। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমী নামের একটি সংগঠনের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন মওদুদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গিয়াস আল মামুনসহ দলের নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এ হরতাল প্রতিহত করা মানে জনগণকে প্রতিহত করা। এই হরতাল প্রতিহত করে কোনো লাভ হবে না। কারণ, সব শ্রেণী-পেশার মানুষের দাবি এ হরতাল।’ মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকারের চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনার কারণেই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে মওদুদ আহমদ বলেন, এতে সব জিনিসের দাম বাড়বে। অর্থনীতির সব ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এ সরকার পাঁচবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যে কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মির্জা ফখরুলের বিরুদ্ধে নতুন করে দুটি মামলা দেওয়ার সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, গত চার বছরে সরকার হিংসার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, দলীয় বা বহুদলীয় কিংবা রাষ্ট্রপতির অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হরতালের ঘোষণা দেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। ওই রাতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে রোববার হরতাল ডাকার সিদ্ধান্ত হয়। গতকাল সকালে বিএনপির কার্যালয়ে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ১৮ দলের সভায় বলা হয়, এভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে। কৃষকদের পণ্য উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে জাতীয় উৎপাদন।