মানুষের মনোভাব বুঝতে পারে কুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর মনিবকে দেখেই কি তার মনের অবস্থাটি বুঝতে পারে? কী করে খাবার চাইতে হয়, কিংবা মনিব যত্ন না নিলে, তার প্রতি মনোযোগ না দিলে প্রাথমিকভাবে সে যে খারাপ আচরণ করে, তা কীভাবে শেখে? কুকুর অনেক কিছুই শেখে মনিবের আচার-আচরণ থেকেই। মনিবের সুনির্দিষ্ট সংকেত ও পূর্ব অভিজ্ঞতার সমন্বয় থেকেই শেখে কুকুর।কিন্তু আসলেই কি তাই? কুকুর কি মানুষের আচার-আচরণ থেকে চটপট সব শিখে নিতে পারে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক মনিক উদেলের নেতৃত্বে বিষয়টি গবেষণা করে দেখেছে একটি দল। এই গবেষণা থেকেই এসব বেরিয়ে এসেছে। বেরিয়ে এসেছে অনেক মজার বিষয়ও। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি লার্নিং অ্যান্ড বিহেইভিয়ার জার্নালের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।গবেষকদের মতে, কুকুরের শিক্ষার সঙ্গে মানুষের সামাজিক শিক্ষার বেশ মিল রয়েছে। বিশেষ করে পোষা কুকুর মনিবের শারীরিক অঙ্গভঙ্গির অর্থ, সংকেত, মৌখিক নির্দেশ ও পূর্ব অভিজ্ঞতার সমন্বয় থেকে মনিবের মনোভাব রপ্ত করে নেয়। মানুষের মুখের ভাব ও আশপাশের বিশেষ পরিস্থিতি থেকে কুকুর বুঝতে পারে, তার মনিব কী চাইছে। আর সে অনুযায়ী সে আচরণ করে।তবে এই বিষয়গুলো নিশ্চিত হতে গবেষকেরা গৃহপালিত কুকুর, পাড়া-মহল্লার কুকুর ও বুনো কুকুরের ওপর দুটি পৃথক পরীক্ষা চালান। এসব কুকুরকে পরিচিত ও অপরিচিত লোকজনের কাছ থেকে খাবার চেয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর গবেষকেরা লক্ষ করেন, এই তিন শ্রেণীর কুকুরের মধ্যে আচরণগত কোনো পার্থক্য হয় কি না।গবেষকেরা দেখেন, বুনো কুকুরও গৃহপালিত কুকুরের মতো মানুষের কাছে গিয়ে খাবার চেয়ে নিতে পারে। এর থেকে প্রমাণিত হয়, গৃহপালিত ও পাড়া-মহল্লার কুকুর উভয়েই মানুষের মনোভাব বুঝে আচরণ করতে পারে। অধিকন্তু দুই-চারবারের অভিজ্ঞতার মাধ্যমে উভয়ের আচরণেও উন্নতি ঘটে।তবে গবেষকেরা এটাও লক্ষ করেন, মানুষের দৃশ্যগত মনোভাবের সঙ্গে সমানভাবে সাড়া দিচ্ছে না এই তিন ধরনের কুকুর। যেমন: পাড়া-মহল্লার কুকুরের তুলনায় পোষা কুকুরগুলো মানুষের আচরণের সঙ্গে বেশি সাড়া দিচ্ছে। আবার যেসব কুকুর সচরাচর মানুষের সামনে আসে না, মানুষের কাছ থেকে খাবার চেয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের আচরণ তুলনামূলকভাবে অনেকটা দুর্বল।গবেষকেরা বলেন, এর থেকে এটাই ধারণা হয়, মানুষের আচরণ বোঝার ক্ষেত্রে কুকুরের সক্ষমতার বিষয়টি নির্ভর করে মানুষকে তাদের সামাজিক সহচর হিসেবে নেওয়ার সদিচ্ছার ওপর। এ ছাড়া মানুষের ইঙ্গিত, পারিপার্শ্বিক অবস্থা ও তার পূর্ব অভিজ্ঞতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সায়েন্স ডেইলি ও টাইমস অব ইন্ডিয়া।