মানুষের মানচিত্রে সংবাদপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় চর খড়িবাড়ি গ্রামের আবদুল হাকিমের একটা হাতি ছিল। গলায় দড়িবাঁধা সে হাতি সর্বক্ষণ ঘুরে বেড়াত হাকিমের সঙ্গে—বাড়িতে, গ্রাম টহলের সময়, স্কুলে। হয়রান হলে হাতি হাকিমের কোলে চড়ত। অনুমান করি, হাকিমের স্বপ্নেও হাতি তার সাথি হতো।গোলাপি-সবুজ রঙের রাবারের ছোট্ট হাতিটা হাকিম কুড়িয়ে পেয়েছিল মায়ের সঙ্গে তিস্তা বাঁধের উটের পিঠের মতো এবড়োখেবড়ো ধূলিধূসর রাস্তা পেরিয়ে বাউরা বাজার যাওয়ার পথে। ওদের প্রথম দেখি ২০০৫ সালে। হাকিম তখন রংজ্বলা পতাকাসবুজ শার্ট পরা বড় মাথার অপার কৌতূহলী ড্যাবড্যাবে চোখের নাক-দিয়ে-সর্দি-গড়ানো শিশু। তার পর থেকে কয়েকবার ওর সঙ্গে দেখা হয়েছে। আজকাল প্রায়ই আমার মুঠোফোনে ‘মিসড কল’ আসে। ফিরে ফোন করলে হাকিমের গলা শুনি, ‘খালা, ভালো আছেন?’ তার গলার স্বর ভেঙেছে—কৈশোর সমাগতপ্রায়। এত দিনে সে কেবল চতুর্থ শ্রেণীতে পৌঁছেছে। স্কুলের পর পাশের একতার বাজারে বাবার ছোট্ট চায়ের দোকানে সে কাজ করে। স্কুলটির প্রধান শিক্ষক মফিদুর রহমান বলেন, এটা প্রায় নিশ্চিত যে পঞ্চম শ্রেণীর পর ঘণ্টা দেড়েক হাঁটাপথ দূরত্বের ঠ্যাঙঝাড়া উচ্চবিদ্যালয়ে যাওয়া ওর হবে না। হাকিম তার হাতিটা হারিয়ে ফেলেছে অনেক দিন আগেই।ভারতের সীমান্তঘেঁষা চর খড়িবাড়ির অনেক বাসিন্দাই জামালপুর-শেরপুরের নদীভাঙা মানুষ। এখানেও ভাঙন সঙ্গী। আছে বন্যা, খরা, অভাব। বেশির ভাগেরই ভিটা বা চাষের জমি নেই। প্রথম যাত্রায় আমার সহকর্মীরা নিঃস্বজনকে কচুসেদ্ধ খেয়ে সেহির আর পানি দিয়ে ইফতার সারতে দেখেছিলেন। শতায়ু সখিনা বেওয়া বহু চেষ্টাতেও একটি ভিজিএফ কার্ডের নাগাল পাননি।সরকারের সর্বশেষ দারিদ্র্য মানচিত্র (২০০৫) বলছে, নীলফামারীর ডিমলা উপজেলার তিন-চতুর্থাংশ মানুষই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বাঁচে। উপজেলার প্রত্যন্ত এ গ্রামকে দুর্গম বললে কম বলা হয়। পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিতে ইউনিয়নের সদর ট্যাপাখড়িবাড়িতে মেয়েদের আসা-যাওয়ায় কয়েক ঘণ্টা হাঁটতে হয়। স্থানীয় শিক্ষা কর্মকর্তারা ইদানীং গ্রামে পা রাখছেন। সরকারি অন্য সেবাদাতাদের পদধূলি আজও পড়ে না। গত বছর তিস্তার খাতের ওপর পারাপারযোগ্য একটি সেতু হয়েছে। তবে যাতায়াতের পথ যে হাড়ভাঙা, সে ভাঙাই রয়ে গেছে। গ্রামে আজও বিদ্যুৎ ঢোকেনি। রাস্তার কারণে কৃষক নয়া আবাদ ভুট্টার লাভ কম পান। তবে ইদানীং আগাম ধানের আবাদ আসায় চর খড়িবাড়িতেও মঙ্গা যেন কিঞ্চিৎ কমেছে। এ গ্রামে আজও কোনো সংবাদপত্র ঢোকে না। কিন্তু এ গ্রাম আমাকে স্বপ্নের সংবাদপত্র দেখায়। বাংলাদেশের মানচিত্রজোড়া আরও অনেক মুখই আমার মনকে ছেয়ে ফেলছে। আমার স্বপ্ন তাদের স্বপ্নের ছায়ায় জায়গা পাওয়ার যোগ্য হতে চায়।অভাবী জেলা কুড়িগ্রামের যে বিন্দুতে ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকেছে, সেখানে নদীভাঙা রলাকাটা চরে সারা বছরই দারুণ অভাব। এক মা দেখিয়েছিলেন, ছেলেপুলেদের মিষ্টি খাওয়ার বায়না মেটাতে কীভাবে কাশের ডাঁটা ঢেঁকিতে কুটে তাঁরা গুড় তৈরি করেন।কুড়ি-বাইশ বছর আগে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের স্বায়ত্তশাসনকামী সংগ্রাম দমনের উদ্দেশ্যে সরকার সমতলের কয়েক লাখ অতিদরিদ্র-নদীভাঙা বাঙালিকে জমির লোভ দেখিয়ে ঘুঁটি হিসেবে পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই গোপন অভিবাসন কর্মসূচি এবং সামরিক নীতির জেরে সেখানকার সমাজের শান্তি-সংহতি-সম্মিলন তছনছ হয়ে গেছে। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জমিদখলের সংঘাত-সংকুল এলাকায় এ অভিবাসীদের একজন ২০০৭ সালে বলেছিলেন, ‘সরকার মীমাংসা করে দিক। আমরা মরলেও এই দেশে, বাঁচলেও এই দেশে।’ আর কানে বাজে জমি-জীবিকাহারা এক বৃদ্ধ পাহাড়ির কথা, ‘পাহাড়ি বসে আছে ভবিষ্যতে কী হবে—কোনো সুবিচার হয় কি না।’সাল ২০০৬। দেশে ভোটার তালিকা নিয়ে বিতর্ক চলছে। কুমিল্লায় তিতাসের তীরে সাত নৌকার একটি বহরের মানুষজন বলেন, মুন্সিগঞ্জকেন্দ্রিক বেদেদের বেশির ভাগেরই ভোটার তালিকায় নাম ওঠেনি। বিরল সৌভাগ্যবানদের একজন প্রবীণা সফরভানু বলেছিলেন, ‘জিয়া, শ্যাখ হাসিনা, খালেদা—সবার বারে ভোট দিছি!...শ্যাষে যদি বলে ভোট দেয় নাই, অরা তো কেউ না!’ ভোট দিয়েও কি তাঁরা ‘কেউ’ হয়ে ওঠেন?কত মানুষের কত স্বপ্ন! ভীরু, কুণ্ঠিত, ডানাভাঙা, অথবা সাহসী শক্তিমান স্বপ্ন...। গত দশকের প্রথম ভাগে আমরা একদল সাংবাদিক দেশজুড়ে সুবিধাবঞ্চিত মানুষের স্বনির্ভর সৃজনশীল উদ্যোগ খুঁজেছিলাম। সেই গবেষণা প্রকল্পটির সুবাদেই আমার চর খড়িবাড়িকে পাওয়া। নতুন চোখে মানুষকে জানার শুরু। ঝিনাইদহের মহেশ্বরচান্দায় ১৯৮০ সালে নিরক্ষর কৃষক ওমর আলী (প্রয়াত) স্বপ্ন দেখেছিলেন নতুন এক গ্রামের। দীর্ঘদিন বাম রাজনীতির নানা ঘাট ঘুরে শেষে মন ফিরিয়েছিলেন শুধু মানুষের দিকে। তাঁর নেতৃত্বে জমি পুনর্বণ্টন করে যৌথ আবাদ শুরু হয়ে সম্মিলিত কল্যাণের পথে মহেশ্বরচান্দা আমূল পাল্টে যায়। ওমর ভাই ২০০৩ সালে আমাকে বলেছিলেন, ‘...কমুনিস্ট পার্টির যে তত্ত্ব যে, মানুষ পৃথিবীতে না খেয়ে মরবে না; মানুষ একদিন তারা উৎপাদনশীল হবে, তারা সৃষ্টি করবে!...তা আমারও চিন্তা ছিল যে মানুষ পৃথিবীতে বেকার থাকবে না—আত্মনির্ভরশীল হবেই, আর তারা বেঁচে থাকবেই!’ সেই ১৯৯৬ সালে ঢাকার রায়েরবাজারে বস্তির ঘরে কুপির আলোয় পোশাকশ্রমিক মেয়েটি বলেছিল কারখানায় দিনেরাতে খাটুনি, সামান্য বেতন আর শোষণ-বঞ্চনার কথা। কিন্তু ঘরে সে-ই প্রধান রোজগেরে। তা ছাড়া, কাজ তার ভালো লাগে। কেন? সে বলেছিল, ‘এই কাজ না করলে আমার জীবনের ভিতরে যে একটা জীবন আছে, তা আমি বুঝতাম না।’ মানুষ। মানুষের জীবন। জীবনের স্বাধীনতা, সমমর্যাদা ও সম-অধিকার। বহু বিচিত্র জীবনে জীবন যোগ করে সম্মিলিত জনজীবন, সেই জনজীবনের কল্যাণ। আমার স্বপ্নের সংবাদপত্রের কেন্দ্রবিন্দুতে আছে এই প্রত্যয়। স্বাধীনভাবে গভীর সততার সাহসে সুস্থ সম্মিলিত জীবনের স্বার্থে সত্য অন্বেষণ ও প্রকাশ করা এবং সেটা করতে গিয়ে কারও অযাচিত অন্যায্য ক্ষতি না করা—স্বপ্নের সারকথা এই।মানুষের ধর্ম বইটির দ্বিতীয় প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘...ব্যক্তিগত মানুষগুলির মধ্যে দেশকালের ব্যবধান যথেষ্ট, কিন্তু সমস্ত মানুষকে নিয়ে আছে একটি বৃহৎ ও গভীর ঐক্য। সেই ইন্দ্রিয়বোধাতীত ঐক্য সাংখ্যিক সমষ্টিকে নিয়ে নয়, সমষ্টিকে অতিক্রম করে।’সুস্থ সম্মিলিত জীবন শুধু সংখ্যার জোরে তো নয়। প্রত্যেকে এবং সবাই মিলে পারস্পরিক দায়িত্বে জীবনের সম্ভাবনা-স্বপ্নের পূর্ণ বিকাশ; সম্মিলিত জীবনের বুনোটে পরস্পরের অধিকারের প্রতি ন্যায্যতা, সমমর্মিতা, সংবেদনশীলতা, সহযোগিতা; সত্য ও মতামত জানা আর জানানোর মধ্য দিয়ে অন্ধকার ও অজ্ঞতা এবং সংকীর্ণ স্বার্থ দূর করা। আমার স্বপ্নের সাংবাদিকতা এই প্রক্রিয়ায় মানুষের কাজে লাগতে চেষ্টা করে। সংবাদ নিছক তথ্যের পণ্য তো নয়, তা মানুষের জীবনের বিষয়। মানুষের জীবনের নিরিখে যথাযথ প্রেক্ষাপটে পূর্ণ সত্যকে খোঁজা, বোঝা এবং দেখানো-বোঝানো আমাদের কাজ। মানুষকে নিজের জীবন ও সম্মিলিত জনজীবনকে বুঝতে সাহায্য করা—ভাবা এবং ভাবানো। কেবল দিন-আনি-দিন-খাই আর সাংবাদিক-ডাকা খবর পরিবেশন নয়, উদ্যমী হয়ে জীবনের জন্য জরুরি বিষয়গুলো অনুসন্ধান করা। সেগুলো জন-আলোচনা-বিতর্কে তুলে দেওয়া; জীবনের ঝুঁকির নজরদারি; লেগে থাকা ও দায়িত্ব নেওয়া; স্রোতের বিপরীতে যাওয়ার সাহস ও সততা রাখা।স্বপ্নের সংবাদপত্রে তাই মানুষেরা উঠে আসে। সে সংবাদপত্র নিরন্তর ভাবে, কী ও কারা উপেক্ষিত রয়ে যাচ্ছে। এটা দেখায় আপামর সর্বসাধারণ কীভাবে বাঁচে—তাদের প্রয়োজন, সমস্যা, সংকট, মতামত, আশা, আনন্দ, সৃজনশীলতা, অর্জন, উত্তরণ। এভাবে সম্মিলিত বোঝাপড়া-মনন-মত সমৃদ্ধ হয়। মানুষ মানুষের কাজে লাগে।যে বৈষম্য-বঞ্চনা-অন্যায়ের শিকার, যার গলার জোর নেই, যে দুর্বল, কোণঠাসা—স্বপ্নের সাংবাদিকতা তার প্রতি বেশি মনোযোগী। কেননা সেটা সত্য ও মানুষের প্রতি ন্যায্যতার দাবি। সর্বসাধারণের হয়ে অপরাধ-অবিচার-দুর্নীতি উন্মোচন এবং ক্ষমতাবান, জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তদের কথা-কাজের নজরদারি তাই বড় দায়িত্ব।এ স্বপ্নগুলো সাংবাদিকতার অস্তিত্বের যুক্তির সঙ্গে জড়িত। এ স্বপ্নের অতুলনীয়তা হচ্ছে, দেশকাল নির্বিশেষে অনেক অনেক মানুষ এমন স্বপ্ন দেখেন। এ স্বপ্ন চিরকাল লালন করার, এর আওতা চিরকাল বাড়িয়ে চলার। আমার স্বপ্নের সংবাদপত্রে মালিক-প্রকাশক ক্ষমতা, রাজনৈতিক বা বাণিজ্যিক ফায়দা অথবা মতাদর্শ প্রচারের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষনিষ্ঠ ও সত্যনিষ্ঠ থাকেন। সেখানে স্বাধীন সৎ সম্পাদক দৈনন্দিন যুদ্ধে অনুপ্রেরণা জোগান, দায়িত্ব নেন। সংবাদকর্মীরা সেখানে বিবেক তৃপ্ত করে ভালোবেসে কাজ করেন। নিজেদের স্বার্থের দ্বন্দ্ব আসার পথ পায় না। ভুলগুলো নিয়মিত স্বীকার এবং পাঠকের কাছে খোলা জবাবদিহি করা হয়।টাকা প্রয়োজন। সাংবাদিকদের জীবিকা দরকার। স্বাধীনতা, স্বাতন্ত্র্য বজায় রাখতে হলে স্বনির্ভরতা অত্যাবশ্যক। সত্য অনুসন্ধানের জন্য লোক ও সময় বিনিয়োগ করতে হয়। কিন্তু স্বপ্নের বাণিজ্যিক সংবাদমাধ্যমেও মুনাফা লক্ষ্য হয় না, মানুষনিষ্ঠ-সত্যনিষ্ঠ সাংবাদিকতাই নিয়ামক হয়। বিজ্ঞাপন ও পণ্য বিক্রির আগ্রাসী স্বার্থ বা সহজ কাটতির বাজারি চাহিদা নিয়ন্ত্রিত থাকে।চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের হিসাবে (১৬ অক্টোবর ২০১১) দেশে এখন ৩১১টি দৈনিক বেরোলেও কাটতি এবং মান বা বৈচিত্র্যে প্রতিযোগিতার ক্ষেত্র খুব সীমিত। আমি স্বপ্ন দেখি, একচেটিয়া-মালিকানার ছাঁচমুক্ত অনেকগুলো মানুষনিষ্ঠ, সত্যনিষ্ঠ, দায়িত্বশীল সংবাদমাধ্যম সুস্থ প্রতিযোগিতা করছে। আছে সম্মিলিত সর্বজনের টাকায় অলাভজনক সংবাদমাধ্যম। মানুষ সঠিক ও সত্য তথ্য এবং মতামতের স্বাধীন রংধনু পাচ্ছে। ইন্টারনেটের খোলা দিগন্ত ও নাগরিক সাংবাদিকতার ঝুঁকিগুলো সম্পর্কে সতর্ক থেকে পেশাদারি সাংবাদিকতা তার সুফল নিচ্ছে। ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে পরিচালিত নিয়েলসন কোম্পানির (বাংলাদেশ) চলতি বছরের মাধ্যম ও জনমিতি জরিপটি বলছে, দেশের মাত্র ২৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত এক দিন সংবাদপত্র পড়ে। পত্রিকা পড়ার প্রবণতা শহরাঞ্চলে এবং পুরুষদের মধ্যেই অনেক বেশি। আমি স্বপ্ন দেখি দেশের সবাই পড়তে পারছে, পত্রিকা কিনতে পারছে। পাঠক এবং পাঠকের শক্তি বাড়ছে। পাঠক আর সাংবাদিক তর্ক-বিতর্ক করে সংবাদ ও সাংবাদিকতার রূপরেখা নির্ণয় করছেন। মানুষের এবং সাংবাদিকতার শুভ শক্তিতে আমার আস্থা আছে।প্রতিবন্ধকতা অনেক। নিরাপত্তার অভাব, সংবাদক্ষেত্রে দুর্বৃত্ত পুঁজি ও স্বার্থের দৌরাত্ম্য, আত্মদমন, সর্বব্যাপী অরাজকতা-অস্থিরতা, দুর্নীতি-কুশাসন, জনবিমুখ দুর্বৃত্ত রাজনীতি...। কিন্তু স্বপ্ন তো দেখতেই হয়। মনে ঘুরছে রবীন্দ্রনাথের একটি কথা, ‘নিজের অবস্থাকে নিজের শক্তির চেয়ে প্রবল বলিয়া গণ্য করিবার মতো দীনতা আর কিছু নাই।’ (‘লক্ষ্য ও শক্তি’, পথের সঞ্চয়)মানুষনিষ্ঠ সত্যনিষ্ঠ সাংবাদিকতা কখনোই সহজসাধ্য নয়। সে সবটুকু শক্তি দাবি করে। তা না মেটানো আমার দুর্বলতা, দায়িত্বে বিচ্যুতি। স্বার্থপরতার এই সত্য মনে বহন করে আমি স্বপ্ন দেখি...সুন্দরবনের পথে পশুরের তীরে বানিয়াশান্তা যৌনপল্লি। অবিরত পাড়ভাঙা এক চিলতে সে পাড়ায় একপাল মায়াময় চেহারার শিশু। দেখা হলেই কাগজের প্লেনের দাবিতে তারা আমাকে ছেঁকে ধরে। তাদের স্বপ্ন ওড়ানোর খেলা, তাদের দৃষ্টির ছাঁট আকাশ ঢেকে দেয়। আমি তাদের স্বপ্নের কাছে ক্ষমা চাই...কুর্রাতুল-আইন-তাহিমনা: সাংবাদিক।