মানের দিক দিয়ে এখনো পিছিয়ে প্রাথমিক শিক্ষা
দেশের প্রাথমিক শিক্ষায় গত কয়েক বছরে বেশ অগ্রগতি হয়েছে। বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে সমতা আনা, নতুন শিক্ষাক্রমে নতুন পাঠ্যবই, শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু, অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই উন্নতি হয়েছে।কিন্তু এত কিছু হলেও মানের দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে প্রাথমিক শিক্ষা। পড়াশোনার মান ভালো না হওয়ায় খোদ রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোই ভর্তিতে সব ধরনের, বিশেষ করে সচ্ছল পরিবারের শিশুদের টানতে পারছে না। প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই প্রায় ৩৯ শতাংশ শিশু ঝরে পড়ছে। বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হারও সন্তোষজনক নয়।এলাকা ভেদে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যও রয়ে গেছে। গ্রামের বিদ্যালয়ের পড়াশোনার মান শহরের তুলনায় অনেক পিছিয়ে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে এই চিত্র পাওয়া যায়। আবার দুর্গম ও সুবিধাবঞ্চিত (চা-বাগান, পার্বত্য অঞ্চল, হাওরাঞ্চল) এলাকার শিশুরা শিক্ষা পাওয়ার ক্ষেত্রেই পিছিয়ে আছে।এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে সাধারণভাবে মান যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এটা দিয়ে শিক্ষার গুণগত মান যাচাই করা সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে হলে শ্রেণীকক্ষে পাঠদানের পদ্ধতি আরও যুগোপযোগী ও শিশুবান্ধব করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাতে ভারসাম্য আনতে হবে। কারণ, এখনো গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষকের স্বল্পতা আছে। আর এসব করতে হলে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে বিনিয়োগের বৈষম্যও কমাতে হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গুণগত মানের দিক দিয়ে শিক্ষায় পিছিয়ে থাকার বিষয়টি স্বীকার করে বলেছেন, তাঁরা এখন শিশুদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন। সর্বশেষ হাতে নেওয়া শিক্ষাক্ষেত্রে এযাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩-এ (পিইডিপি-৩) মানসম্মত শিক্ষার ওপর বেশি জোর দেওয়া হয়েছে।জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, ‘মানসম্মত শিক্ষায় পিছিয়ে আছি, এটা আমরাও মানি। এটি নিশ্চিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি।’প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর ভর্তির হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ। সরকারি হিসাবে এই তথ্য হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলছে, এই হার নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণ করতে হবে। কারণ, বিভিন্ন এলাকায়, বিশেষ করে ভাসমান, বস্তি ও পথশিশুসহ দারিদ্র্যপীড়িত এলাকায় অনেক শিশু এখনো বিদ্যালয়ে যায় না। সরকারি হিসাবে, বর্তমানে সারা দেশে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা পৌনে দুই কোটি। সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় ৮১ হাজার। এর মধ্যে সরকারি বিদ্যালয় ৩৭ হাজার ৬৭২টি, নিবন্ধিত ও কমিউনিটি বিদ্যালয় মিলিয়ে ২৫ হাজারেরও বেশি। বাকিগুলো অনিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, এনজিওসহ বিভিন্ন পর্যায়ের বিদ্যালয়। এ ছাড়া কিন্ডারগার্টেন রয়েছে বেশ কয়েক হাজার। মোট শিক্ষকের সংখ্যা সাড়ে চার লাখ। এর মধ্যে শুধু সরকারি বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা দুই লাখ এক হাজার ৯০০ জন। বর্তমান সরকারের আমলে ৬৯ হাজার ৪০৪ জন সহকারী শিক্ষক এবং এক হাজার ৮৫২ জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে এবারই প্রথমবারের মতো রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে নয় হাজার ৪২৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।সরকার দেশের রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ জানুয়ারি তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, সরকারি বিদ্যালয়গুলোর সুযোগ-সুবিধা প্রায় সমান। কিন্তু সারা দেশের বিদ্যালয়গুলোর মধ্যে পড়াশোনায় পাহাড়সম বৈষম্য দেখা যায়। অনেক ক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলোর চেয়ে পিছিয়ে সরকারি বিদ্যালয়গুলো। ঢাকা শহরে ভর্তির সময় দেখা যায়, বেসরকারি কিছু বিদ্যালয়ের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। অথচ শুধু ঢাকা মহানগরেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ২৯৬টি। কিন্তু এসব বিদ্যালয় শিক্ষার্থী টানতে পারছে না। মানসম্মত শিক্ষার অভাবই এর বড় কারণ।বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এই বিদ্যালয়গুলো ভালো মানের শিক্ষা দিতে পারছে না। এসব বিদ্যালয়ের পরিবেশও ভালো নয়। অনেক বিদ্যালয়ের জায়গাজমি দখল হয়ে গেছে। অবস্থা এমনই যে, শিক্ষকেরাই তাঁদের সন্তানদের এসব বিদ্যালয়ে পড়াচ্ছেন না। মোহাম্মদপুর, মিরপুরসহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগের অবস্থাই করুণ। গরিব পরিবারের সন্তানেরা পড়াশোনা করে বলে এসব বিদ্যালয় এখন ‘গরিবের বিদ্যালয়’ হিসেবে পরিচিতি পেয়ে গেছে।জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন বলেন, পরিবেশ একটা বড় সমস্যা। এটা অস্বীকার করার উপায় নেই। তবে তাঁরা পরিবেশ উন্নত করার জন্য বিদ্যালয়ে সীমানাপ্রাচীর দেওয়াসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। একই সঙ্গে বিদ্যালয়গুলোর শিক্ষার মান বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, গুণগত শিক্ষা দেওয়ার জন্য তাঁরা নানামুখী উদ্যোগ নিচ্ছেন। এর মধ্যে উন্নত পাঠদানরীতি অনুসরণের মাধ্যমে তাঁরা প্রাথমিকভাবে ঢাকার পাঁচটি বিদ্যালয় ও জেলা পর্যায়ে একটি করে বিদ্যালয়কে ‘আদর্শ’ মানে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। পরে এর ভিত্তিতে দেশের অন্য বিদ্যালয়গুলোতেও এটা চালু করা হবে। ১০ ডিসেম্বর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।প্রথম ধাপে ঢাকার যে পাঁচটি বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে, সেগুলো হলো: মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুরের সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিবীক্ষণ ও তদারকির জন্য মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুজন করে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। জেলা পর্যায়ের বিদ্যালয়গুলো নির্বাচন করে নামসহ তথ্য দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।