মান্নান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে দলের বহিষ্কৃত নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। মান্নান ভূঁইয়াকে ওই হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।আবদুল মান্নান ভূঁইয়াকে দেখতে গিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন প্রায় ৪৫ মিনিট হাসপাতালে ছিলেন।সেখানে দেলোয়ার সাংবাদিকদের বলেন, দীর্ঘ দিনের রাজনৈতিক বন্ধু হিসেবেই তাঁর খোঁজখবর নিতে আসা।বহিষ্কারাদেশ প্রত্যাহার করে মান্নান ভূঁইয়াকে আবারও দলে ফিয়িয়ে নেওয়া হবে কি না, জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বলেন, ‘এটা দলীয় সিদ্ধান্ত। আমার এখানে কিছু করার নেই।’গতকাল বুধবার মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে দেশে এনে স্কয়ার হাসপাতালের গভীর পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।মান্নান ভূঁইয়ার ছেলে স্বজন প্রথম আলোকে জানিয়েছেন, স্কয়ার হাসপাতালের গভীর পর্যবেক্ষণ ইউনিটে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এভাবে হয়তো তাঁকে মাসখানেক রাখা যেতে পারে। তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি লক্ষ করা যাচ্ছে না।সাবেক মন্ত্রী মান্নান ভূঁইয়া গত ৩১ মে ফুসফুসের চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে সিসিইউতে চিকিত্সাধীন ছিলেন। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় এক সপ্তাহ ধরে তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে।পরিবারের সদস্যরা জানান, ফুসফুসের ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। মান্নান ভূঁইয়ার স্ত্রী মরিয়ম বেগম তাঁর স্বামীর আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।২০০৭ সালে দেশে জরুরি অবস্থার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। নবম সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।