মান্নান ভূঁইয়া আর নেই
বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়া আর নেই। গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিমউদ্দীন মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় ৬৭ বছর বয়সী মান্নান ভূঁইয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।প্রখ্যাত রাজনীতিবিদ মান্নান ভূঁইয়ার মৃত্যুর খবরে রাতেই স্কয়ার হাসপাতালে যান তাঁর আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরের মানুষ। অন্তিম মুহূর্তে তাঁর শয্যাপাশে ছিলেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, ছোট ছেলে নাহিয়ান স্বজন, পুত্রবধূ ও কয়েকজন নিকটাত্মীয়।মান্নান ভূঁইয়ার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং শিবপুরে শহীদ আসাদ কলেজ মাঠে দুই দফা জানাজা হয়। জানাজায় বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সব শ্রেণী-পেশার মানুষ শরিক হন।মান্নান ভূঁইয়া দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। এ জন্য তিনি দুই দফা সিঙ্গাপুরে চিকিৎসা নেন। সর্বশেষ গত ৩১ মে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ৭ জুলাই থেকে তাঁকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়।মান্নান ভূঁইয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আবদুস শহীদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রমুখ শোক প্রকাশ করেছেন।খালেদা জিয়ার শোক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক শোকবার্তায় বলেন, মান্নান ভূঁইয়া ছিলেন একজন অকুতোভয় রাজনীতিক ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি গণদাবির প্রতি সব সময় সোচ্চার ও দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। স্কয়ার হাসপাতালে ভিড়: স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা মান্নান ভূঁইয়ার মৃত্যুর কথা নিশ্চিত করার অল্প সময়ের মধ্যে সেখানে তাঁর আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং শিবপুরের শত শত মানুষ ভিড় করেন। তাঁদের অনেকে কাঁদতে থাকেন। শিবপুরের জয়নাল হোসেন বলেন, ‘আমাদের কাছে আওয়ামী লীগ-বিএনপি বলে কিছু নেই। আমরা নেতা বলতে মান্নান ভূঁইয়াকেই বুঝি।’রাতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো হাসপাতালে যান। ইনু বলেন, ‘মান্নান ভূঁইয়া একজন ভালো রাজনীতিবিদ ও ভালো মানুষ ছিলেন।’রাত একটার দিকে মান্নান ভূঁইয়ার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।গুলশানের বাড়িতে মাতম: গতকাল সকাল সাড়ে সাতটার দিকে স্কয়ার হাসপাতাল থেকে মান্নান ভূঁইয়ার মরদেহ গুলশানে তাঁর বাসভবনে নেওয়া হয়। তাঁর কফিন জড়িয়ে ছিল বাংলাদেশের পতাকা। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। সেখানে যাওয়া অনেক রাজনীতিকও চোখের পানি আটকাতে পারেননি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে চোখ মুছতে দেখা গেছে। ওই বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা। বাসার নিচতলায় একটি শোকবই খোলা হয়।ঢাকায় জানাজা: প্রথম জানাজা হয় বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজায় আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের সাংসদ ও নেতারা শরিক হন। জানাজা শেষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আবদুল হামিদের পক্ষে চিফ হুইপ আবদুস শহীদ মান্নান ভূঁইয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সংসদ ভবন থেকে তাঁর মরদেহ বায়তুল মোকাররমে নেওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি ও সর্বস্তরের নেতা-কর্মী অংশ নেন। সাবেক দুই রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও জানাজায় শরিক হন।বর্ণাঢ্য জীবন: ১৯৪৩ সালের ১ মার্চ নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামে জন্মগ্রহণ করেন মান্নান ভূঁইয়া। তাঁর পৈতৃক বাড়ি শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামে। বাবা আবদুল হাই ভূঁইয়া ও মা রহিমা খাতুন। শিশুকালে মা-বাবাহারা মান্নান ভূঁইয়া বড় হয়েছেন চাচা আবদুর রশিদ ভূঁইয়ার কাছে। তিনি শিবপুর উচ্চবিদ্যালয় থেকে মেট্রিকুলেশন ও ১৯৬১ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে আইএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৪ সালে স্মাতক ও ১৯৬৫ সালে স্মাতকোত্তর ডিগ্রি পান। পাশাপাশি এলএলবি ডিগ্রিও নেন।ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে জড়ান। ১৯৬০ সালে নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মান্নান ভূঁইয়া পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি শিবপুরসহ বিশাল এলাকাজুড়ে মুক্তাঞ্চল ঘোষণা করেন।মান্নান ভূঁইয়া ১৯৭৮ সালে ইউনাইটেড পিপলস পার্টির (ইউপিপি) সাধারণ সম্পাদক হন। ১৯৮০ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হন। কিছু দিন পর তিনি মহাসচিব হন। ১১ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের এক-এগারো-পরবর্তী সময় দলে সংস্কার প্রস্তাব আনলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মহাসচিব পদ ও দল থেকে তাঁকে বহিষ্কার করেন।মান্নান ভূঁইয়া নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। তিনি ১৯৯১ সালে বিএনপি সরকারের শ্রম ও জনশক্তি এবং পরবর্তী সময়ে কৃষি ও খাদ্যমন্ত্রী ছিলেন। তিনি চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ছিলেন।বিভিন্ন দল, সংগঠনের শোক: মান্নান ভূঁইয়ার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, ১১ দল, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি), ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, তুষার আলো শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুবমৈত্রী, ইসলামী ছাত্র মজলিস, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী সমিতি শোক প্রকাশ করেছে।