মান্নান ভূঁইয়াকে দুদকের জিজ্ঞাসাবাদ
ভৈরব সেতু দুর্নীতি মামলায় সাবেক চারদলীয় জোট সরকারের স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়াকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্তকারী দল আজ সোমবার জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের তিনজন কর্মকর্তা আজ তাঁর গুলশানের বাসায় গেলে ঘণ্টাব্যাপী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদের বিষয়ে মান্নান ভূঁইয়া বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ব্যাপারে দুদকের কর্মকর্তারা কিছু বিষয়ে জানতে চান। তত্কালীন ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হিসেবে তাঁর কাছে এসব জানতে চাওয়া হয়েছে বলে তিনি জানান।এর আগে ৫ মে ভৈরব সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর নয়জন মন্ত্রী এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, আবদুল মান্নান ভূঁইয়া, নাজমুল হুদা, খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, সালাউদ্দিন আহমেদ এবং এ কে এম মোশাররফ হোসেনকে চিঠি পাঠিয়েছিল। ওই দিনই এ মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।উল্লেখ্য, জোট সরকারের সময় গঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে খালেদা জিয়া ও এই নয় মন্ত্রীর নাম ছিল।