মান্নান ভূঁইয়ার অবস্থার অবনতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর শরীরের তাপমাত্রা গত বৃহস্পতিবার রাত দুইটার পর বেড়ে যায়। এরপর তা আর কমেনি। স্কয়ার হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, আজ শুক্রবার থেকে মান্নান ভূঁইয়াকে শতভাগ অক্সিজেন দেওয়া হচ্ছে। এর আগে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে ৭০ শতাংশ অক্সিজেন দেওয়া হচ্ছিল।অসুস্থ মান্নান ভূঁইয়াকে দেখতে আজ হাসপাতালে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা হাসপাতালে যান। সকালে বিএনপির একটি প্রতিনিধিদল তাঁকে দেখে এসেছে। এর আগে সকালে স্কয়ার হাসপাতালে যান ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতা, সাংসদ এবং সাবেক মন্ত্রী। মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকা নরসিংদীর অনেক নেতা-কর্মীকে দিনভর হাসপাতালে দেখা গেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতারা হাসপাতালে আসেন। মান্নান ভূঁইয়াকে দেখার পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, ‘দলের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া করছি। তাঁর অসুস্থতায় আমরা উদ্বিগ্ন।’ তিনি বলেন, মান্নান ভূঁইয়া একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। দীর্ঘ ১১ বছর মহাসচিব ছিলেন। দলের জন্য তিনি অনেক অবদান রেখেছেন। দেশের জন্য তাঁর অবদান রয়েছে।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘কাচের দেয়ালের বাইরে থেকে তাঁকে (মান্নান ভূঁইয়া) দেখেছি। পর্যবেক্ষণটা আমার কাছে বেদনাদায়ক। তাঁর বয়সও আমার চেয়ে কম।’বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, মান্নান ভূঁইয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দলের এই সিদ্ধান্তে তাঁর কিছু আসবে যাবে না। রাজনৈতিক এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয়।" বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, বিএনপি সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংসদ মোশাররফ হোসেন, সাংসদ জয়নাল আবেদিন, ইসলামী ঐক্যজোট মহাসচিব আবদুল লতিফ নেজামী, সাবেক মন্ত্রী মুন্সি ফখরুল ইসলাম এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন স্কয়ার হাসপাতালে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার পর গত ২৪ ঘণ্টায় তাঁর অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। গুরুতর অসুস্থ মান্নান ভূঁইয়াকে ওই দিনই বিমানবন্দর থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় তাঁকে জীবন রক্ষাকারী যন্ত্র দিয়ে রাখা হয়েছে।মান্নান ভূঁইয়া গত ৩১ মে ফুসফুসের চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিত্সাধীন ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।