মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার অবনতি
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শরীরের তাপমাত্রা গত বৃহস্পতিবার রাত দুইটার পর বেড়ে যায়, তা আর কমেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, গতকাল শুক্রবার থেকে তাঁকে শতভাগ অক্সিজেন দেওয়া হচ্ছে। এর আগে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে তাঁকে ৭০ শতাংশ অক্সিজেন দেওয়া হচ্ছিল।বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা গতকাল মান্নান ভূঁইয়াকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। তাঁর নির্বাচনী এলাকা নরসিংদী জেলার অনেক নেতা-কর্মীও হাসপাতালে যান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে দলের কয়েকজন নেতা হাসপাতালে যান। মান্নান ভূঁইয়াকে দেখার পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, ‘দলের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া করছি। তাঁর অসুস্থতায় আমরা উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, মান্নান ভূঁইয়া একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। ১১ বছর মহাসচিব ছিলেন, দলের জন্য তিনি অনেক অবদান রেখেছেন। দেশের জন্যও তাঁর অবদান রয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘কাচের দেয়ালের বাইরে থেকে তাঁকে দেখেছি। পর্যবেক্ষণটা আমার কাছে বেদনাদায়ক। তাঁর বয়সও আমার চেয়ে কম।’ মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলে তিনি বলেন, মান্নান ভূঁইয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দলের এই সিদ্ধান্তে তাঁর কিছু আসবে-যাবে না। রাজনৈতিক এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয়।তাঁদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।সকালে মান্নান ভূঁইয়াকে দেখতে যান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া। মান্নান ভূঁইয়াকে দেখে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তিনি দীর্ঘদিন একটি বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নন। আমি তাঁর রোগমুক্তি কামনা করছি।’এ ছাড়া মান্নান ভূঁইয়াকে দেখতে যান বিএনপির সহসভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, সাংসদ মোশাররফ হোসেন, জয়নাল আবদীন ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সাবেক মন্ত্রী মুন্সি ফখরুল ইসলাম এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন।ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে ঢাকায় এনে বুধবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।শিবপুরে মসজিদে দোয়া: আমাদের নিজস্ব প্রতিবেদক, ভৈরব জানান, মান্নান ভূঁইয়ার রোগমুক্তি কামনায় তাঁর নিজ উপজেলা নরসিংদীর শিবপুরে গতকাল জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মন্দিরে করা হয় বিশেষ প্রার্থনা। তাঁর গ্রামের বাড়ি উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর ভূঁইয়াবাড়িতে গেলে পারিবারিক সূত্র জানায়, বাড়ির বেশির ভাগ সদস্য স্কয়ার হাসপাতালে আছেন।মান্নান ভূঁইয়ার চাচা আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন, ভাতিজা (মান্নান ভূঁইয়া) সর্বশেষ ঈদে বাড়িতে এসেছিলেন। তিনি মান্নান ভূঁইয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান।ওই গ্রামের বৃদ্ধা তহুরা বানু জানান, তিনি মান্নান ভূঁইয়ার রোগমুক্তির জন্য রোজা রেখেছেন।চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা বলেন, ‘তিন মাস আগে এখানে এক সভায় মান্নান ভূঁইয়া সবাইকে মিলেমিশে চলার আহ্বান জানিয়েছিলেন।’