মান্নান ভূঁইয়ার শ্বাসতন্ত্রে নল বসানো হয়েছে
বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার শ্বাসতন্ত্রে গতকাল রোববার স্থায়ীভাবে একটি ছোট টিউব (নল) বসানো হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক বজলুল গনি ভূঁইয়া এ কথা জানিয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি বা অবনতি হয়নি বলে জানান ওই চিকিৎসক। জানা যায়, স্কয়ার হাসপাতালে চিকিৎসক সানোয়ারের নেতৃত্বে নয় সদস্যের একটি চিকিৎসা দল গতকাল অস্ত্রোপচারের মাধ্যমে মান্নান ভূঁইয়ার শ্বাসতন্ত্রে নল বসায়। আগের মতোই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।হাসপাতালের চিকিৎসকেরা জানান, ফুসফুসে ক্যানসারের কারণে মান্নান ভূঁইয়া স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। কণ্ঠনালির ঝুঁকি এড়াতেই শ্বাসতন্ত্রে নল বসানো হয়েছে। গত ৩১ মে ফুসফুসে ক্যানসারের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যান মান্নান ভূঁইয়া। এরপর ৭ জুলাই তাঁকে দেশে এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।