মান্নানের শিবিরে জয়ের সুবাতাস
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, জয়ের পথে রয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান।বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৩৯২ কেন্দ্রের মধ্যে তাদের কাছে ২০৩টি কেন্দ্রের ফল রয়েছে। এতে তাদের প্রার্থী এম এ মান্নান পেয়েছেন ২ লাখ ৩ হাজার ১২৭ ভোট। দোয়াত-কলম প্রতীক নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৯৪ ভোট। টেলিভিশন প্রতীক নিয়ে এম এ মান্নান ৭৭ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।অন্যদিকে, ১৬৪ কেন্দ্রের বেসরকারি ফলে দেখা গেছে, বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২১ ভোট। দোয়াত-কলম প্রতীক নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৭২ ভোট।শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলেও আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪৭৯ ভোট। গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়াম মিলনায়তনে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান ফল ঘোষণা করছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিলনায়তনে উপস্থিত আছেন। তবে মিলনায়তনে উপস্থিত নেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান।আজ সকাল আটটার দিকে গাজীপুরের ৩৯২ কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। এখন ভোট গণনা চলছে। সিটি করপোরেশনে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯ জন। নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকে ভোটারদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে শহরের চেয়ে গ্রামে ভোটারের উপস্থিতি দেখা গেছে বেশি।৬০ শতাংশ ভোট পড়েছেসকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আজ দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাদিক জানিয়েছিলেন, ওই সময় পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছিল।বিকেলে ভোট গ্রহণ শেষে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘বিকেল চারটা পর্যন্ত ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে।’রায় অবনত মস্তকে মেনে নেব: আজমত‘জয়-পরাজয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। তবে একটি কথা আছে, ভয়েস অব দ্য পিপল ইজ ভয়েস অব দ্য গড। জনগণের রায় আমি অবনত মস্তকে মেনে নেব।’আজ সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন আজমত উল্লা খান। টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে লিটল ফ্লাওয়ার স্কুলে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের আজমত উল্লা বলেন, ‘উত্সবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’নির্বাচনে ক্ষমতাসীন দল ভোট ডাকাতির পরিকল্পনা করেছে—বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের এমন অভিযোগের জবাবে আজমত উল্লা অভিযোগ করেন, ‘এটা ওঁনার (মান্নান) অভ্যাস। তিনি সব সময় নেতিবাচক কথা বলেন।’ আজমত উল্লা আরও অভিযোগ করেন, ‘তাঁর (মান্নান) দুর্নীতির কথা গাজীপুরের জনগণ ঘরে ঘরে জেনে গেছে। এ কারণে উনি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তাঁর এত দুর্নীতি ছিল যে, একানব্বইয়ের পর থেকে জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে।’জনগণ কেন তাঁকে ভোট দেবে—এমন প্রশ্নের জবাবে আজমত উল্লা বলেন, ‘আমি জনগণকে ভালোবাসি। জনগণও আমাকে ভালোবাসে। এ কারণে তাঁরা আমাকে ভোট দেবে।’নেতা-কর্মীদের আটক ভালো ইঙ্গিত নয়: মান্নানমেয়র পদপ্রার্থী এম এ মান্নান বলেছেন, ‘সরকার-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতা-কর্মীরা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে। এগুলো কোনো ভালো ইঙ্গিত নয়।’আজ সকাল সাড়ে নয়টার দিকে সালনার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিকদের এম এ মান্নান এ কথা বলেন। ওই কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। মান্নান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার পথে এগুলো বাধা বলে তিনি মনে করছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফল যা-ই হোক, তা মেনে নেবেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মান্নান বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি অবশ্যই বিজয়ী হবেন।যাকে সমর্থন দিয়েছি, সে-ই জয়ী হবে: জাহাঙ্গীরগাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমি যাকে সমর্থন দিয়েছি, সে-ই নির্বাচনে জয়ী হবে বলে বিশ্বাস করি।’আজ বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের এই নেতা। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।জাহাঙ্গীর বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। আবহাওয়াও ভালো। আশা করছি, অনেক বেশি ভোট পড়বে।’ব্যালট পেপারে নাম থাকলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণের উন্নয়নের জন্যই ভোট। আশা করি, সত্, যোগ্য ও দক্ষ লোক নির্বাচিত হবে।’ তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন, তার পক্ষে কাজ করতে আমি নির্বাচন থেকে সরে গেছি।’ভোট গ্রহণ সুষ্ঠু—আ.লীগ ও বিএনপির মন্তব্যভোট গ্রহণ শেষ হওয়ার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা জানিয়েছেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে।এক প্রতিক্রিয়ায় আজমত উল্লা খান বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। ভোট গ্রহণ সম্পর্কে জানতে চাইলে এম এ মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর নির্বাচনের প্রচারসঙ্গী মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন, ‘উনি ব্যস্ত আছেন।’ নির্বাচন কেমন হয়েছে, জানতে চাইলে এম এ মান্নানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হাসান উদ্দিন সরকার বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। যদি ভোট গণনা ঠিক হয়, তাহলে তাঁরা (বিএনপি) জয়ী হবেন। তিনি বলেন, তাঁদের একটি অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু কী অভিযোগ, তা তিনি বলেননি। অভিযোগ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ভোট গ্রহণের শেষ পর্যন্ত তিনি কোনো অভিযোগ পাননি। টঙ্গী সার্কেলের ঊর্ধ্বতন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ভোট গ্রহণ চলাকালে একটি অভিযোগও তাঁরা পাননি।সুস্থ রাজনৈতিক চর্চার ঐতিহ্য ধরে রাখুন: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ‘গাজীপুরের সাধারণ মানুষ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাঁদের সমর্থকদের কাছে অনুরোধ, আপনারা জন রায় রায় মেনে নিন। সুস্থ রাজনৈতিক চর্চার ঐতিহ্য ধরে রাখুন।’প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন চলার সময় যেসব অভিযোগ উঠেছিল সেগুলো খতিয়ে দেখা হয়েছে। যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনভর সংবাদমাধ্যমগুলোয় নির্বাচন সম্পর্কে তথ্য প্রচার করায় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।এর আগে আজ বেলা তিনটার দিকে বিএনপির নেতা এম কে আনোয়ার, বরকত উল্লা বুলু ও শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) নির্বাচন কমিশনে অভিযোগ জানান। প্রতিনিধিদলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করে বলেন, নির্বাচনে সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছেন। সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বসে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ৪১ নম্বর ওয়ার্ডে একজন পুলিশ কর্মকর্তা নিজেই সিল মেরেছেন। ৫৪ নম্বর ওয়ার্ডে একজন নারী একাই ৩৬টি ভোট দিয়েছেন। এম কে আনোয়ার বলেন, ফল বদলানোর কোনো অবকাশ নেই। তবে সরকার তার চেষ্টা করে যাচ্ছে। ফল যদি বদলানো হয়, তা হলে অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হবে। এর দায় সরকার ও ইসিকে নিতে হবে।