মামবার বিষ থেকে ব্যথানাশক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষধর সাপের বিষ মানেই তীব্র ব্যথা। অথচ এই বিষ থেকে ‘ব্যথানাশক’ ওষুধ পাওয়া যাবে। সম্প্রতি এই ব্যথানাশক আবিষ্কারের দাবি করেছেন একদল বিজ্ঞানী। এ সাপটি হচ্ছে আফ্রিকার ‘ব্ল্যাক মামবা’। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়। গত বুধবার বিবিসি অনলাইনের খবরে তা জানানো হয়।বিজ্ঞানীদের ভাষ্য, মরফিনের চেয়েও কার্যকর ব্যথানাশক তৈরি হতে পারে মারাত্মক বিষধর ব্ল্যাক মামবা থেকে। দ্রুতগতির ব্ল্যাক মামবা সাপ খাবার হিসেবে কোনো প্রাণী শিকার করতে নিউরোটক্সিন ব্যবহার করে। এটি শিকারকে অবস করে ফেলে। আফ্রিকার সবচেয়ে দ্রুতগতির শিকারি ব্ল্যাক মামবা।গবেষকেরা প্রায় ৫০ প্রজাতির সাপের বিষ নিয়ে গবেষণা করেছেন। তাঁরা লক্ষ করেন, কেবল ব্ল্যাক মামবা সাপের বিষে ব্যথানাশক প্রোটিন ‘মামবালগিনস’ উপস্থিত রয়েছে। এই সাপের বিষে এ ধরনের ব্যথানাশকের উপস্থিতির রহস্য অবশ্য তাঁরা বের করতে পারেননি।গবেষক এরিক লিংগুয়েগলিয়া জানান, ইঁদুরের ওপর ব্ল্যাক মামবা সাপের বিষের ব্যথানাশক প্রোটিন পরীক্ষা করে দেখা গেছে, তা সাধারণ ব্যথানাশকের চেয়েও বেশি কার্যকর। মরফিন জাতীয় ব্যথানাশক সেবনে মাথাব্যথা, বমি বা খিঁচুনির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তবে মামবার বিষ থেকে তৈরি ব্যথানাশক প্রোটিন মরফিনের মতো পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। গবেষকদের মতে, ইঁদুর ও মানুষের ব্যথার অনুভূতি প্রায় একই রকম। মানুষের দেহকোষে পরীক্ষা করে গবেষকেরা ব্ল্যাক মামবার বিষ থেকে তৈরি প্রোটিনের পার্শ্বপ্রতিক্রিয়াহীন কার্যকারিতার প্রমাণ পেয়েছেন। তবে গবেষকেরা বলছেন, সাপের বিষ নিয়ে তাঁদের গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এ-সংক্রান্ত আরও গবেষণা শেষে ব্ল্যাক মামবা সাপের বিষ থেকে ব্যথানাশক তৈরি করবেন তাঁরা। যুক্তরাজ্যের লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ নিকোলাস ক্যাসওয়েল জানান, বিষধর সাপ ওষুধ তৈরির এক বড় উত্স হতে পারে। এরই মধ্যে সাপের বিষ ব্যবহার করে কিছু ক্ষেত্রে ওষুধ তৈরির প্রক্রিয়া চলছে। মারাত্মক সাপের বিষ থেকে ওষুধ তৈরি ও নতুন প্রোটিনের সন্ধান পাওয়ায় খুশি হয়েছেন তিনি। গবেষকেরা আশা করছেন, ব্ল্যাক মামবা থেকে ভবিষ্যতে বিষ সংগ্রহ করে মানুষের জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ তৈরি করা সম্ভব হতে পারে।