মামলা, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ!
সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক আবদুল বাকী মির্জার খুনের ঘটনায় সদর থানায় হত্যা মামলা করেছেন নিহত মির্জার ছোট ভাই আবদুল বাতেন। ওই ঘটনায় আটক স্কুলছাত্রীকে জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ এখন তদন্ত চালাচ্ছে।গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে সিরাজগঞ্জ নার্স ইনস্টিটিউটের মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি জহুরুল হক, সিভিল সার্জন আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, জেলা ও পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। জানাজা শেষে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শহরে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, হত্যাকারী ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগে কর্মরত সরকারি ও বেসরকারি চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি পালন করারও ঘোষণা দেওয়া হয়।গতকাল দুপুরে বাকী মির্জার লাশ তাঁর গ্রামের বাড়ি শাহজাদপুর উপজেলার রূপপুর নতুনপাড়া গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার জানাজা শেষে পৌর শহরের চুনিয়া খালিয়াপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এদিকে পুলিশের একটি সূত্র জানায়, আটক স্কুলছাত্রীকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সূত্র জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে স্কুলছাত্রীর সরাসরি সংশ্লিষ্টতা না থাকলেও তাঁর সঙ্গে চিকিৎসক বাকী মির্জার যোগাযোগ ছিল। এই যোগাযোগের কারণে তাঁর বিষয়ে পেশাগত ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে স্কুলছাত্রী অনেক কিছু জানেন। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু প্রকাশ করছে না।পুলিশ সূত্র আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি জুতা, রক্তমাখা প্যান্ট ও জামা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এই জামা ও প্যান্ট হত্যাকারীর। হত্যার পর পোশাক পরিবর্তন করে ঘাতক ঘটনাস্থল ত্যাগ করে বলে মনে করা হচ্ছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা প্রথম আলোকে বলেন, ‘বাকী মির্জার ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ মামলাটি তদন্ত করছে। আশা করি, দু-এক দিনের মধ্যে অনেক কিছু জানা সম্ভব হবে। স্কুলছাত্রীকে আটক দেখানো হয়েছে। অন্য দুজন গৃহপরিচারিকা রত্না ও খায়রুন নাহারকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।’ওসি জানান, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। দু-এক দিনের মধ্যে স্কুলছাত্রীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।থানা হেফাজতে থাকা স্কুলছাত্রী গতকাল প্রথম আলোকে জানান, তিনি চিকিৎসকের দূর সম্পর্কীয় বোন। তাঁর বাড়ি কামারখন্দ উপজেলায়। তাঁর বিয়ে হয়েছিল। তবে ছাড়াছাড়ি হয়ে গেছে। মা-বাবার সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তিনি শহরের একটি ভাড়াবাসায় থাকেন। উল্লাপাড়ার একটি স্কুলে দশম শ্রেণীতে পড়ার পাশাপাশি একটি ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ পদে চাকরি করেন তিনি। বাকী মির্জাই তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। তাঁর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল বলে তিনি জানান।চিকিৎসকের স্ত্রী ও শাশুড়ির আহাজারি: নিহত বাকী মির্জার স্ত্রী মোরশেদ আরা সালাম সিলভিয়া ও শাশুড়ি মনোয়ারা বেগম গত শনিবার রাতে সদর থানায় আসেন। লাশের কাছে নিয়ে যাওয়ার পর তাঁরা দুজনই মূর্ছা যান। এ সময় বাকী মির্জার তিন বছরের শিশুকন্যা বিপাশা মাইসাও তাঁদের সঙ্গে ছিল।মনোয়ারা বেগম বলেন, ‘কী অপরাধ ছিল আমার মেয়ের জামাইয়ের? কোয়ার্টারে অনেকেই ছিল। তার মধ্যে এই হত্যার ঘটনা কীভাবে ঘটল? এর বিচার কে দেবে? সরকার কি এর বিচার করতে পারবে?’নিহত বাকী মির্জার স্ত্রী সিলভিয়া প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে মুঠোফোনে স্বামীর সঙ্গে তাঁর কথা হয়। সোমবার তিনি ঢাকায় যাবেন বলে জানিয়েছিলেন। সকাল থেকে তাঁকে আর মুঠোফোনে পাওয়া যায়নি।স্কুলছাত্রীর বিষয়ে সিলভিয়া জানান, গত ঈদের সময় স্কুলছাত্রী তাঁর এক বোনকে নিয়ে বাবার সঙ্গে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে সংসদ ভবনের সামনে তাঁদের দেখা হয়। বাকী মির্জা তখন স্কুলছাত্রীকে তাঁর ধর্মবোন হিসেবে পরিচয় করিয়ে দেন।