মামলা ও সম্পদ দুটোই বেশি মসিউরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলা আছে জাতীয় পার্টির মসিউর রহমান ওরফে রাঙ্গার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এখন তিনটি ফৌজদারি মামলা বিচারাধীন আছে। সম্পদের দিক থেকেও অন্যদের চেয়ে তিনি বেশি ধনী।রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।আগামী ২০ ডিসেম্বর নবগঠিত রংপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে। এতে মেয়র পদে ১৩ জন প্রার্থী লড়ছেন।প্রার্থীর হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় পার্টির মসিউর রহমানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে দুটি মামলা এবং দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলা সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন আছে। অবশ্য মসিউর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, দুদকের করা মামলাটি গত বছরের ৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তা এখন সংশ্লিষ্ট আদালতে প্রক্রিয়াধীন আছে। অপর মেয়র পদপ্রার্থীদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আবদুল কুদ্দুসের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা। দুটিই হয়েছে দলীয় কর্মসূচি পালনকে কেন্দ্র করে। আলী হায়দার সরকারের বিরুদ্ধে আছে একটি মামলা। আর আওয়ামী লীগের নেতা সরফুদ্দীন আহম্মেদ ওরফে ঝন্টুর বিরুদ্ধে ফৌজদারি আইনে দুটি মামলা ছিল। দুটিতেই আদালত থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। কার কত সম্পদ: হলফনামা অনুযায়ী মসিউরের পেশা পরিবহন ব্যবসা। ফিলিং স্টেশন ও স্থাবর সম্পত্তি থেকে তাঁর বার্ষিক আয় সোয়া তেরো লাখ টাকা। তাঁর স্ত্রী গৃহিণী হলেও বার্ষিক আয় তিন লাখ ৩৮ হাজার টাকা বলে সম্পদের বিবরণীতে উল্লেখ করেছেন। তাঁর ও স্ত্রীর মোট তিন কোটি ১১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে স্ত্রীর সম্পদ প্রায় ৭১ লাখ টাকার। তৃণমূল জাতীয় পার্টির আহ্বায়ক আবদুর রউফ তাঁর পেশা ব্যবসা বলে উল্লেখ করেছেন। তাঁর আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার ও ঠিকাদারিপ্রতিষ্ঠান আছে। তাঁর নিজের ও স্ত্রীর কাছে ব্যাংকে জমাসহ মোট নগদ আছে এক কোটি ৪৬ লাখ টাকা। একটি কার ও একটি মাইক্রোবাস, রংপুর শহরে চারতলা বাড়ি, একটি টিনশেড ঘর ও ৩২ শতাংশ অকৃষি জমি আছে। তাঁর ব্যাংক ঋণ আছে প্রায় ৩৮ লাখ টাকার। রউফ ও তাঁর স্ত্রীর বার্ষিক আয় প্রায় ১৪ লাখ টাকা বলে উল্লেখ করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রথম শ্রেণীর ঠিকাদার। তাঁর বার্ষিক আয় প্রায় ৩৪ লাখ টাকা। নিজের কাছে নগদ সাত লাখ ৫৯ হাজার টাকা আর স্ত্রীর কাছে এক লাখ ২০ হাজার টাকা আছে। ১০ ভরি স্বর্ণসহ অন্যান্য সামগ্রী আছে প্রায় সাত লাখ টাকার।কাওছার জামাল পেশায় ব্যবসায়ী। তিনি কাঁচা পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করেন। এজাক্স জুট মিলের চেয়ারম্যান ও মাহিগঞ্জ জুট ফাইবার্সের মালিক। বিএনপির রাজনীতিতে যুক্ত। তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ছয় লাখ টাকা বলে উল্লেখ করেন। তাঁর ও স্ত্রীর কাছে নগদ অর্থ আছে প্রায় সাড়ে সাত লাখ টাকা। তিনটি কার ও দুটি ট্রাক আছে। তাঁর ব্যাংক ঋণ আছে চার কোটি টাকার। রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দীন আহম্মেদেরও পেশা ব্যবসা। তিনি ও তাঁর স্ত্রীর বার্ষিক আয় প্রায় পাঁচ লাখ টাকা। নিজ, স্ত্রী ও ছেলের নামে নগদ অর্থ আছে ৪০ লাখ টাকা। এ ছাড়া ১৭ ভরি স্বর্ণ ও স্ত্রীর নামে একটি বাড়ি আছে।আওয়ামী লীগের নেতা ফিরোজ কবিরের পেশা আইন ব্যবসা। বার্ষিক আয় এক লাখ ৮০ হাজার টাকা। মোট অর্থ রয়েছে দুই লাখ পাঁচ হাজার টাকার। একটি পাকা দালান ও জমি আছে তাঁর। আরেক প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানের পেশা ঠিকাদারি ব্যবসা। তাঁর বার্ষিক আয় প্রায় আড়াই লাখ টাকা। নিজের কাছে নগদ অর্থ আছে প্রায় সোয়া ১৪ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের মধ্যে মোস্তাফিজার, মসিউর রহমান, সরফুদ্দীন, আবদুর রউফ ওরফে মানিক, সাফিউর, কাওছার ও মেহেদী হাসান স্নাতক ডিগ্রিধারী। বাকিদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা ও বাসদের আবদুল কুদ্দুস স্নাতকোত্তর, নাগরিক ঐক্যের ফারুক আজীজ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ফিরোজ কবীর এলএলএম ও আলী হায়দার সরকার উচ্চমাধ্যমিক পাস।