মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় গত রোববার হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হওয়ার প্রতিবাদে ধর্মভিত্তিক দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে গতকাল সোমবার হরতাল-সমর্থকদের মাঠে দেখা যায়নি। এদিকে সংঘর্ষ ও চারজন নিহত হওয়ার ঘটনায় রোববার রাতে সিঙ্গাইর থানায় মোট ছয়টি মামলা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। গ্রেপ্তারের আতঙ্কে তারা মামলা করতে পারছে না বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।জানা গেছে, ময়নাতদন্ত ছাড়াই নিহত তিনজনের লাশ দাফন করা হয়েছে। আরেকজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল গোবিন্দল গ্রামের পরিস্থিতি ছিল শান্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা না গেলেও গ্রামবাসীর মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক ছিল। রোববার হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫), শাহ আলম (২০), নাসির উদ্দিন (২৮) ও নাজিমুদ্দিন (২৮) নিহত হন। সিঙ্গাইর থানার পুলিশ জানায়, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। আর দ্রুত বিচার আইনে অন্য মামলাটি করেন এসআই মনিরুজ্জামান। দুটি মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত গ্রামবাসীকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদের সবাই গোবিন্দল গ্রামের বাসিন্দা। এদের মধ্যে জামাল হোসেন এসএসসি পরীক্ষার্থী বলে দাবি করা হয়। সংঘর্ষে আহত আবু সাঈদের দাদা সিরাজুল ইসলাম এবং ফারুক হোসেনের বাবা আবদুল কাদের বাদী হয়ে আরও দুটি মামলা করেন। এ ছাড়া ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কাশিমনগর বাসস্ট্যান্ডের আজাহার ব্যাপারী নামের এক ব্যবসায়ী এবং আওয়ামী লীগের নেতা আবদুল মাজেদকে মারধরের ঘটনায় তাঁর ছেলে ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। পরের দুই মামলায় সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমানসহ গোবিন্দল গ্রামের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়। মাহাবুবুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলামের ছেলে। অবশ্য মাহাবুবুর রহমান দাবি করেন, তিনি রোববার সকাল থেকেই বাড়িতে ছিলেন। সংঘর্ষের সময় পুলিশের আহ্বানে ঘটনাস্থলে গিয়ে তিনি বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। নিহতদের পরিবার থেকে মামলা হয়নি: নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা নেওয়া হয়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে তিনজনের মৃতদেহ।নিহত নাসিরের বড় ভাই শহীদুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের গুলিতে তাঁর ভাই নিহতের ঘটনায় তিনি সিঙ্গাইর থানায় মামলা করার চেষ্টা করেন। কিন্তু গ্রেপ্তারের ভয়ে তাঁরা থানায় যেতে পারেননি। নাজিমের চাচাতো ভাই আবুল কালাম অভিযোগ করেন, ‘মামলা করা দূরের কথা, উল্টো আমাদেরই হত্যা মামলার আসামি হয়ে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে।’ আলমগীরের ভাই আবু হানিফ বলেন, ‘থানায় না হলেও আদালতে মামলা করা যেত। কিন্তু ময়নাতদন্ত না করায় মামলা করে কী লাভ?’ তবে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান দাবি করেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারকে মামলা করতে নিষেধ করা হয়নি। অভিযোগ দিতে এলে গ্রেপ্তার করা হবে, এমন অভিযোগও সত্য নয়।’ তিনি বলেন, ঘটনার পর গ্রামবাসী হাসপাতাল থেকে তিনটি লাশ ছিনিয়ে নিয়ে যায়। ফলে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।মাঠে ছিল না হরতাল সমর্থকেরা: গতকাল হরতালে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ জেলার ভেতরে বিভিন্ন সড়কে কিছু যানবাহন চলাচল করেছে। জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। হরতাল চলাকালে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক ইসলামি সমমনা দলগুলোর কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। সকাল সাতটার দিকে জেলা ছাত্রদল হরতালের সমর্থনে শহরের শহীদ রফিক সড়কে মিছিল করে। অন্যদিকে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিঙ্গাইর উপজেলা সদরে সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।তদন্ত কমিটি: মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে এই কমিটি পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেবে।জামায়াত নেতা গ্রেপ্তার: জামায়াতের শিবালয় উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেনকে পুলিশ গতকাল সকালে গ্রেপ্তার করেছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।