খাদ্যে ভেজাল যেন নগরবাসীর নিত্যসঙ্গী। প্রতিদিনের খাদ্য-তালিকায় আমরা যা-ই রাখি না কেন, তার মধ্যে ভেজাল যেন থাকেই। বিক্রেতা, উৎপাদনকারী থেকে শুরু করে খাদ্যপণ্য সরবরাহকারী—সবাই যেন প্রতিযোগিতা করে ভেজাল খাওয়াতে ব্যস্ত নগরবাসীকে। খাদ্যে ভেজাল রোধে সরকারের বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে। কিন্তু সরকারের কর্মকাণ্ডের প্রতিফলন তাঁদের জন্য সামান্যই মনে করেন নগরবাসী। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় খাদ্যে ভেজাল বন্ধে ডিসিসি কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। বলতে গেলে, নগরবাসীকে ভেজাল থেকে রক্ষা করার বড় দায়িত্ব এই প্রতিষ্ঠানটির। আইনি ক্ষমতা১৯৫৯ সালের বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ আইনটির ২০০৫ সালে সংশোধনী আনা হয়। আইন অনুযায়ী ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এর এলাকার যেকোনো ভোগ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, ক্যানটিন, দোকানসহ সব ধরনের খাদ্যবিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করতে পারেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নমুনা হিসেবে তার প্রতিষ্ঠানের পণ্য দিতে বাধ্য থাকে। নমুনা সংগ্রহের কাজটি করেন ডিসিসির স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর)। ডিসিসির পরিদর্শকঢাকা সিটি করপোরেশন এলাকা ১০টি আঞ্চলিক ভাগে বিভক্ত। প্রতিটি এলাকায় রয়েছেন দুজন করে স্বাস্থ্য পরিদর্শক। অর্থাৎ সব মিলিয়ে ডিসিসির পরিদর্শক হচ্ছেন ২০ জন। তবে বর্তমানে একজন অবসরে চলে যাওয়ায় ১৯ জন কাজ করছেন। এই পরিদর্শকেরা তাঁদের নিজ নিজ এলাকার ভোগ্যপণ্য প্রতিষ্ঠানে গিয়ে সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করেন। নমুনা পরীক্ষাসংগৃহীত নমুনা পরীক্ষা করার জন্য ডিসিসির জনস্বাস্থ্য পরীক্ষাগারে পাঠানো হয়। সেখান থেকে সাত দিনের মধ্যে ওই পণ্যের পরীক্ষার ফল তৈরি করে তা সংশ্লিষ্ট পরিদর্শককে দেওয়া হয়। প্রতিবেদনে ভেজাল হলে তা উল্লেখ করা হয়। প্রতিবেদন পাওয়ার পর পরিদর্শক বাদী হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন। মামলা করেন নগর ভবনের নির্ধারিত খাদ্য আদালতে। আদালতে বিচারকাজ করেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারক। মামলার কৌঁসুলি হিসেবেও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন।মামলার পরিসংখ্যানভেজালে নগরবাসী অতিষ্ঠ হলেও ডিসিসির আদালতে মামলার সংখ্যা খুব সন্তোষজনক নয়। ঢাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ থেকে পাওয়া তথ্যমতে, এ বছরের ৩১ জুলাই পর্যন্ত ১০টি আঞ্চলিক দপ্তর মিলিয়ে মোট মামলা হয়েছে ৫৪৭টি। আরও কিছু মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে সূত্রে জানা গেছে। আর নমুনা সংগ্রহ করেছে এক হাজার ১৩৯টি। ২০০৯ সালে মোট মামলা হয়েছিল ৫৫৫টি। ২০০৮ সালে দায়ের করা মামলার সংখ্যা ছিল ৩৯৭টি। ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন বলেন, বিগত বছরগুলোর তুলনায় মামলার সংখ্যা তুলনামূলক হারে বাড়লেও প্রায় দেড় কোটি লোকের এই নগরের জন্য তা কম। ব্যবসায়ী সমাজ যেন ভেজাল তৈরিতেই ব্যস্ত। কিন্তু ডিসিসির পর্যাপ্ত জনবল না থাকায় সন্তোষজনকভাবে কাজ করতে পারছে না। দুজন স্বাস্থ্য পরিদর্শক কীভাবে একটি বড় এলাকা নিয়ন্ত্রণে রাখবেন? নিষ্পত্তি মামলাএ বছরের নিষ্পত্তি মামলার সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেশ কিছু মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। ২০০৯ সালে ৫৫৫টি মামলার মধ্যে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৪৩৭টি। আর ২০০৮ সালে নিষ্পত্তি হয়েছে ৩২৮টি মামলা। জেল/জরিমানাসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, অধিকাংশ মামলায়ই অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করেন আদালত। ২০০৮ সালে মোট জরিমানা আদায় হয়েছে তিন লাখ ৬১ হাজার ৯৬০ টাকা। পরের বছর ২০০৯ সালে এই জরিমানা বেড়ে দাঁড়ায় ৪১ লাখ ৭৫ হাজার টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ বছর জরিমানার পরিমাণ বিগত যেকোনো সময়ের তুলনায় বেশি হবে। পরীক্ষার যন্ত্রপাতি নেইআইনে ডিসিসির কর্মকর্তারা ১০৭ রকমের দ্রব্যাদি/পণ্যে ভেজাল পেলে তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এর মধ্যে ভোজ্যতেল ও তেলজাতীয় পণ্য, দুধ ও দুগ্ধজাতীয় পণ্য, খাদ্যশস্য, শস্যদানা, শ্বেতসারযুক্ত খাদ্য, মসলা, পানীয়, মাছ, মাংস, ফল, হোটেল ও রেস্টুরেন্টের খাবারসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যই রয়েছে তালিকায়। তবে এসব পণ্যের পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। জানা গেছে, মাত্র ৪০টি পণ্য পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে ডিসিসির পরীক্ষাগারে। তবে কর্মকর্তারা জানান, ডিসিসি চেষ্টা করছে যন্ত্রপাতি বাড়ানোর জন্য। মো. নাসির উদ্দিন বলেন, ডিসিসিতে প্রয়োজনীয় জনবলের এক-তৃতীয়াংশ জনবল আছে। খাদ্যে ভেজাল নির্মূল করে নগরবাসীর স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে জনবল না বাড়ালেই নয়। ঢাকাবাসীকে ভেজাল থেকে বাঁচাতে প্রতিষ্ঠানটিকে আরও সোচ্চার হতে হবে। তবে শুধু স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য মামলা দায়েরের সুযোগ সীমাবদ্ধ রাখলে হবে না; নগরবাসী যাতে মামলা করতে পারে, সে জন্য আইনেও পরিবর্তন আনা দরকার বলে সংশ্লিষ্টরা মনে করেন। তবে কোনো প্রতিষ্ঠানের ভেজাল নিয়ে অভিযোগ করতে চাইলে ১০টি আঞ্চলিক অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করার সুযোগ রয়েছে।