বাংলাদেশ ব্যাংকের পরামর্শেই সোনালী ব্যাংক হলমার্ক কেলেঙ্কারি বিষয়ে ফৌজদারি মামলা করছে না। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করলে সেই মামলা আবার দুর্নীতি দমন কমিশনেই (দুদক) যাবে। ফলে দুদকই মামলার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান।জানা গেছে, দুদকই এখন মামলার প্রস্তুতি নিচ্ছে। হলমার্ক নিয়ে দুদকের তদন্ত কাল বৃহস্পতিবার শেষ হতে পারে। আর মামলা হবে আগামী সপ্তাহে। সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এ ছাড়া, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করবে দুদক। এদিকে, হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামসহ সাবেক ও বর্তমান ১১ সদস্যকে দুদকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুদক এই নোটিশ দেয়। তাঁদের মধ্যে পাঁচজনকে আজ বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে। মামলা করবে না সোনালী ব্যাংক: হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ফৌজদারি মামলা করতে ৯ সেপ্টেম্বর নির্দেশ দেয় সরকার। ফৌজদারি মামলার পাশাপাশি যেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায়, সেসব ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থাও নিতে বলা হয় এ নির্দেশে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক চিঠিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ কুমার দত্তকে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশে বলা হয়, সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এ জালিয়াতির সঙ্গে যাঁরাই জড়িত, তাঁদের বিরুদ্ধে মামলা করতে হবে। চিঠিতে আরও বলা হয়, ‘বিশেষ করে হলমার্ক গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’মামলার নির্দেশ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশে কিছুটা হতবাক হয়েছিল সে সময়। কেননা, তারা এর আগেই আইন বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় ব্যাংক অভিজ্ঞতার আলোকে মামলা করার ক্ষেত্রে দুদককে মূল ভূমিকা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে। সে অনুসারে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক বিভাগ ও দুদকের কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে প্রস্তুতি নিতে শুরু করেন।সূত্র জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠি সোনালী ব্যাংকে আসার পর কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে সোনালী ব্যাংকের এমডিকে ডেকে নিয়ে গিয়ে মামলা না করার পরামর্শ দেওয়া হয়। এর পরই মামলা করার আগ্রহ কমিয়ে দেয় সোনালী ব্যাংক।তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে গতকাল মঙ্গলবার বলেন, ফৌজদারি মামলা করা যায় তিনভাবে—থানা, আদালত ও দুদকে। যাতে কোনো স্ববিরোধিতা তৈরি না হয়, সে জন্য সোনালী ব্যাংক তাদের দুজন আইনজীবীর পরামর্শে দুদকের মাধ্যমে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা করা হয়েছে এ জন্য যে, দুদক আগ থেকেই মামলা করার প্রস্তুতি হিসেবে বিভিন্ন পর্যায়ে শুনানি করছিল। তবে জানা গেছে, সোনালী ব্যাংক হলমার্ক কর্তৃপক্ষ ছাড়াও তাদের শেরাটন (রূপসী বাংলা) শাখার তিনজন কর্মকর্তার সুনির্দিষ্ট নাম এবং অন্যান্য কর্মকর্তা—লিখে এজাহারের প্রস্তুতি নিয়েছিল। এই কর্মকর্তারা হলেন: সোনালী ব্যাংকের শেরাটন শাখার সাময়িক বরখাস্ত হওয়া সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম এ কে এম আজিজুর রহমান, এজিএম সাইফুল ইসলাম ও জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা (এসপিও) উজ্জ্বল কিশোর ধর। এসব কাগজপত্র এখন দুদক সংগ্রহ করে নিয়ে গেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রদীপ কুমার দত্ত বলেন, ‘দায়দায়িত্ব নির্ধারণে ফাংশনাল অডিট হয়েছিল। ওই নিরীক্ষায় যাঁদের প্রত্যক্ষভাবে জড়িত উল্লেখ করা হয়েছিল, আমরা তাঁদের নাম দিয়েছিলাম। বাকিদের তদন্ত সাপেক্ষে নাম দেওয়ার সিদ্ধান্ত হয়।’ তিনি আরও বলেন, তদারকি বা অডিটে ধরা না পড়ার বিষয়টিকে প্রত্যক্ষ ঋণ বিতরণে যুক্ত বলা যায় না। এ কারণে তদন্ত সাপেক্ষে অন্যদের নাম আনার সিদ্ধান্ত ব্যাংক নেয়। এর বেশি তাৎক্ষণিকভাবে প্রদীপ কুমার দত্ত কিছু বলতে রাজি হননি।দুদকের সূত্রটি জানায়, এটা বিশাল কেলেঙ্কারি। এখানে নিয়মনীতির কোনো বালাই ছিল না। পকেট ব্যাংকিং হয়েছে। দুদকের তদন্তকাজে সরাসরি যুক্ত ওই কর্মকর্তা আরও বলেন, এমন দেখা গেছে একটা ভাউচার পাওয়া গেল, তাতে ৩৫ কোটি টাকার অর্থ নিয়ে গেছে হলমার্ক। আবার দুই দিন পরে ২০ কোটি টাকার একটা ভাউচার মিলল অর্থ উত্তোলনের। সব বিষয়েই তাঁরা সংশ্লিষ্ট সবার শুনানি করছেন। ওই কর্মকর্তা আরও বলেন, দুদক যাঁদের আসামি করবে, তাঁদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হচ্ছে। যাতে কেউ বলতে না পারেন তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান স্থানীয় ঋণপত্র (এলসি) খুলে স্বীকৃত বিল দিয়ে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা জালিয়াতি করে। দুদক সূত্র বলছে, তারা প্রথমে হলমার্ক কেলেঙ্কারি বিষয়ে মামলা করবে। পর্যায়ক্রমে বাকি মামলাগুলো করা হবে। ১১ পরিচালককে তলব: হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১ সদস্যকেই জিজ্ঞাসাবাদ করবে দুদক। এই ১১ জন পরিচালকের মধ্যে ইতিমধ্যে মেয়াদ শেষ হয়েছে সাতজনের। বর্তমানে চেয়ারম্যানসহ চারজন পরিচালক পর্ষদের কার্যক্রম পরিচালনা করছেন। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানান, গতকাল বুধবার বিকেলে এঁদের ঠিকানায় জরুরি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. সহিদ উল্লা মিয়া, আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, শিক্ষিকা জান্নাত আরা হেনরী ও কাশেম হুমায়ুনকে। কাল বৃহস্পতিবার চেয়ারম্যানসহ অবশিষ্ট ছয় পরিচালককে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদকের তদন্ত দল। তাঁরা হলেন: পর্ষদ চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, মো. আনোয়ার শহীদ, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশের সাবেক সভাপতি এ এস এম নাঈম, পোশাকশিল্প সমিতির সাবেক সহ-সভাপতি কে এম জামান, আওয়ামী লীগের সাইমুম সরওয়ার ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত। প্রসঙ্গত, জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনাকালে এমডির দায়িত্বে থাকা হুমায়ুন কবিরকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংসদীয় কমিটির তদন্ত: অবৈধভাবে হলমার্ককে দুই হাজার ৬৬৮ কোটি টাকা দেওয়ার ঘটনা তদন্ত এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ দেওয়ার অনিয়ম খতিয়ে দেখতে গঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি গতকাল সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে। তদন্ত দলে ছিলেন উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম ও সদস্য গোলাম দস্তগীর গাজী। সেখানে তাঁরা সোনালী ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, হলমার্কের বিষয়টি নিয়ে কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। হলমার্ককে ঋণ দেওয়ার ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কি না, কমিটি খতিয়ে দেখছে। ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তদন্তে যথেষ্ট অগ্রগতিও আছে।হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর জড়িত থাকার অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে তাজুল ইসলাম বলেন, কমিটি এখন পর্যন্ত যাঁদের সঙ্গে কথাবার্তা বলেছে, তাঁদের কেউই এ কাজে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সম্পৃক্ত থাকার বিষয়ে কিছু বলেননি। জিজ্ঞাসাবাদে কেউ বলেননি যে তাঁরা অন্য কারও দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেছেন। যে কারণে কমিটি প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করছে না। তা ছাড়া, বিষয়টি সংসদীয় উপকমিটির কর্মপরিধির মধ্যে পড়ে না। এ কাজের দায়িত্ব দুদকের। তবে তদন্তের সুবিধার জন্য হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে তদন্ত কমিটির বৈঠকে তলব করা হবে। বিকেল সংসদীয় উপকমিটি সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা পরিদর্শন করে। পরিদর্শন শেষে তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার বেশির ভাগ কর্মকর্তাই নতুন। পুরোনোদের বেশির ভাগই নিম্নপদস্থ। তাঁরা কমিটিকে জানিয়েছেন, হলমার্ককে ঋণ দেওয়াসংক্রান্ত কোনো নথি তাঁদের শাখায় ছিল না। সব নথিই হলমার্কের অফিসে ছিল।