মামলা করলেন সান্দ্রা বুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হীরা খচিত ঘড়ির প্রচারণায় সান্দ্রা বুলকের নাম ব্যবহার করে ফেঁসে গেল যুক্তরাষ্ট্রের একটি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান। অনুমতি না নিয়ে তাঁর নাম ব্যবহার করায় বেজায় চটেছেন হলিউডের এই অভিনেত্রী। উচিত শিক্ষা দিতে ওই কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলাও ঠুকে দিয়েছেন এই ‘টু উইকস নোটিশ’ তারকা। সম্প্রতি টয় ওয়াচ ইউএসএ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় মামলা করেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। বুলকের দাবি, কোনো রকম অনুমতির তোয়াক্কা না করেই ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্লাইন্ড সাইড’ ছবিতে তিনি যে ঘড়ি পরে অভিনয় করেছিলেন, হুবহু সেই ঘড়িরই প্রচারণা চালিয়েছে টয় ওয়াচ। উল্লেখ্য, ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে অস্কার পুরস্কার জিতেছিলেন বুলক। টয় ওয়াচের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে নিজের তারকা খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি করেছেন বুলক। তিনি মনে করছেন, এতে করে তাঁর প্রচারণা অধিকারও লঙ্ঘিত হয়েছে। আর তাই মামলার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ আদায় করতে চান তিনি। প্রচারণাটি নিষিদ্ধ করারও আবেদন করেছেন তিনি। এ প্রসঙ্গে বুলকের উদ্ধৃতি দিয়ে আইএএনএস জানিয়েছে, ‘এই প্রচারণার মাধ্যমে আমার তারকা খ্যাতির অপব্যবহার করা হয়েছে। এতে করে আমার নাম, ভাবমূর্তি ও ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যাচাই-বাছাই করেই কোনো পণ্যের দূতিয়ালি করি। কোম্পানি ও পণ্যের গুণগত মান সম্পর্কে নিশ্চিত না হয়ে আমি প্রচারণার কাজে অংশ নিই না। প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় যেনতেন পণ্যের বিজ্ঞাপনে হাজির হওয়ার মতো মানসিকতা আমার নেই।’