মামলা করে বিপদে এক পুলিশের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা করেও বিপদে আছেন পুলিশ কনস্টেবলের ছেলে দীপকচন্দ্র পাল। বাবা পুলিশ কনস্টেবল অরুণ পাল। আসামির অব্যাহত হুমকির মুখে সরকারি চাকরিটি যায় বুঝি, এই ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তাঁর পরিবারের সদস্যরা। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এমএলএসএস আজিজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ডিসেম্বর আদালতে মামলা করেন দীপকচন্দ্র পাল।মামলায় আজিজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। গত বছর জানুয়ারিতে আজিজুল ইসলাম জামিন নেন। জামিনের আবেদনে বলা হয়, আসামি জামিনে মুক্তি না পেলে সরকারি চাকরি চলে যাবে। তাই যেকোনো শর্তে জামিনে মুক্তি চান।মামলার বাদী দীপকচন্দ্র পাল প্রথম আলোকে বলেন, তিনি যাত্রাবাড়ীতে একটি টেলিকম সেন্টার খুলে ব্যবসা করছেন। আজিজুল ইসলাম ও তাঁর বাসা একই এলাকায়। তিনি বলেন, আজুিজল ইসলাম মন্ত্রণালয়ে চাকরি করেন বলে পরিচয় দেন। একপর্যায়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায়ই আসা-যাওয়া করতেন। মাঝেমধ্যেই তাঁরা টাকা দেওয়া-নেওয়া করতেন। ২০০৯ সালের ১৮ জুলাই ১৫০ টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা নেন। এক মাসের মধ্যে তা পরিশোধ করার কথা থাকলেও তা দেননি। এরপর আরও একটি লিখিত দেন। টাকা চাইতে গেলে বিভিন্নভাবে হুমকি দেন। আসামি আজিজুল ইসলাম জামিন আবেদনে মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে পরিচয় দেন। এরপর মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র দেওয়া হলেও তা ফেরত এসেছে। বাদী দীপক আরও অভিযোগ করেন, আসামির পরিচয়ের সত্যতা যাচাইয়ের জন্য একাধিকবার মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। আদালত সূত্রে জানা যায়, আসামি আজিজুল ইসলাম মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। গত ১৯ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। গত ৩ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা থাকলেও আসামি হাজির হননি আদালতে। আজিজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।