সাভার থানা এলাকা থেকে ছিনতাই হয়েছিল ট্রাকটি। সেই ট্রাকের চালকের সহকারীকে (হেলপার) হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় কাফরুল থানা এলাকায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কেউ এ ঘটনার মামলার তদন্তের কোনো ফলাফল জানাতে পারেননি। তাঁরা একে অন্যের ওপর দায়িত্ব চাপিয়েছেন।এদিকে ডেমরা থানা পুলিশ গত বুধবারই নরসিংদী এলাকা থেকে ছিনতাই হওয়া রডসহ গ্রেপ্তার করে দুই আসামিকে। জব্দ করা হয় একটি ট্রাক। আর নরসিংদীর মনোহরদী থানা পুলিশ উদ্ধার করে ছিনতাই হওয়া পরিত্যক্ত ট্রাকটি। তবে এসব তথ্য সাভার ও কাফরুল থানা পুলিশের নজরে নেই।গত মঙ্গলবার ভোরে সাভারের হেমায়েতপুর এলাকায় ২০ টন রডবোঝাই একটি ট্রাক ছিনতাই করে দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে ট্রাকচালক আবু সাঈদ, তাঁর দুই সহকারী নজরুল ইসলাম ও রজব আলীকে জিম্মি করে অন্য ট্রাকে তোলা হয়। পরে এই তিনজনকে হাত-পা বাঁধা অবস্থায় আগারগাঁও এলাকায় রোকেয়া সরণিতে (কাফরুল থানাধীন) ট্রাক থেকে ফেলে দেওয়া হয়। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে দেখতে পান নজরুলের মৃত্যু হয়েছে।সন্ধ্যা ছয়টার দিকে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, এ ঘটনায় কাফরুল থানায় কোনো মামলা হয়নি। মূল ঘটনা ঘটেছে সাভার থানায়। তাই মামলা হবে সেখানে। কাফরুল থানা এলাকায় শুধু লাশ ফেলা হয়েছে।জানতে চাইলে সাভার থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনা কাফরুল থানা পুলিশ তদন্ত করছে বলেই জানি।’ট্রাক মালিক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিনি সাভার থানায় মামলা করতে গিয়েছিলেন। তবে পুলিশ মামলা নেয়নি। কাফরুল থানাও নেয়নি। পরে তিনি থানায় ঘোরাঘুরি বাদ দিয়ে ট্রাকের খোঁজ শুরু করেন। আজ বৃহস্পতিবার মনোহরদী এলাকায় ট্রাক পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে খোঁজ পান তিনি।এদিকে এ ঘটনায় ছিনতাই হওয়া রডসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। উদ্ধার হয়েছে একটি ট্রাকও। ডেমরা থানার ওসি নুরুল মুত্তাকিম বলেন, অন্য একটি ট্রাক ছিনতাই মামলার তদন্তে নেমে ডেমরা পুলিশ বুধবার নরসিংদী শহর থেকে রডবোঝাই ট্রাকসহ আলম ও মফিজ নামে দুজনকে গ্রেপ্তার করে। পরে জানা যায়, এই রডগুলো সাভার থেকে ছিনতাই করা হয়েছিল, খুন করা হয়েছে ওই ট্রাকের সহকারীকে। ছিনতাই হওয়া ট্রাকটিও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ।