ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি দ্বিপক্ষীয় আলোচনার দরজা খোলা আছে। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে যে মামলা চলছে, তা থেকে সরে আসার সুযোগ নেই।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি এদিন তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি, তাঁর প্রস্তাবিত সৌদি সফর ও পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিএনপির টাকা নেওয়ার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, দ্বিপক্ষীয়ভাবে বিষয়টি সুরাহার পথ আছে কি না? উত্তরে তিনি বলেন, ‘সালিস আদালতে যখন গিয়েছিলাম, তখনো তো বলেছিলাম, আলোচনার সুযোগ রয়েছে—আলোচনার দরজা খোলা। মিয়ানমারের বিপক্ষে রায়ের পর কতগুলো নীতি প্রতিষ্ঠিত হয়েছে। এতে আমাদের চাওয়া প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই আলোচনার মাধ্যমে যদি আমাদের স্বার্থ নিশ্চিত হয়, আমাদের অভীষ্ট লক্ষ্য পূরণের বিষয়টি যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে তো আলোচনায় যেতে পারি।’দীপু মনি বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে আমরা সব সমস্যার সমাধান করতে চাই। ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আলোচনা চলছে। এখন তারা যদি আলোচনায় আসতে চায়, আলোচনার দরজা খোলা আছে।’আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সমুদ্রসীমার সুরাহা হলে মামলার প্রক্রিয়া থেকে বাংলাদেশ সরে আসবে কি না, জানতে চাইলে দ্বিমত প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের নতুন হাইকমিশনার সম্প্রতি আমার সঙ্গে বৈঠকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে যে সালিসপ্রক্রিয়া চলছে, সে ব্যাপারে তাঁরা ইতিবাচক আছেন। এখন যদি ভারতের পক্ষ থেকে বলা হয় যে, তারা সালিসপ্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে, সেটার তো সুযোগ নেই। আলোচনা হতে পারে, এর পাশাপাশি সালিশি প্রক্রিয়াও অব্যাহত থাকবে।দীপু মনি বলেন, ২০১৪ সালে সালিস আদালতের রায় হওয়ার কথা।