মামলা তদন্ত করবে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি গতকাল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল কাদের গতকাল কোম্পানীগঞ্জে মিলনের বাড়ি চরফকিরা গ্রামে যান। তিনি মিলনের মা কোহিনুর বেগমকে তাঁর ছেলের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোহিনুর বেগমের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন তিনি।গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী মামলা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সদর দপ্তরের নির্দেশে গতকাল নথিপত্র হস্তান্তর করা হয়েছে। এখন ডিবি পুলিশ এই মামলার তদন্ত করবে।’যোগাযোগ করা হলে নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামলা তদন্তে তাঁরা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রচার হওয়া ভিডিওচিত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি পুরো ঘটনার খুঁটিনাটি বিচার-বিশ্লেষণ করছেন। তদন্তে যারই নাম আসুক, তাকে আইনের আওতায় আনা হবে।’ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের গতকাল বেলা দুইটার দিকে মিলনের বাড়ি যান। তাঁকে দেখে মিলনের মা কোহিনুর বেগম কান্নায় ভেঙে পড়েন। ওবায়দুল কাদের মিলনের মায়ের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আপনাকে সান্ত্বনা জানানোর ভাষা আমার জানা নেই। মিলনকে যেভাবে হত্যা করা হয়েছে তা বর্বরোচিত। এর সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ পরে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা মিলনের মায়ের হাতে তুলে দেন। এরপর ওবায়দুল কাদের গত ২৬ জুলাই গভীর রাতে চরকাঁকড়া গ্রামের রহিম মিয়ার টেক এলাকায় ডাকাতের গুলিতে নিহত মোশারফ হোসেনের বাড়িতে যান। মোশারফের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাঁর বাবা রফিক উল্লাহর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।ওবায়দুল কাদের চরফকিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘স্থানীয় জনগণের কাছ থেকে জেনেছি, মিলন নিরপরাধ। এ ঘটনায় তদন্ত চলছে, তাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা কারও উচিত হবে না।’ তিনি বলেন, প্রকৃত অপরাধীদের শাস্তি পেতে হবে। তদন্ত-প্রক্রিয়া যেন প্রভাবিত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘টাকা দিয়ে মায়ের সন্তান হারানোর বেদনা মুছে দেওয়া যায় না। আমি মিলনের বাড়িতে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আসিনি। জনগণের প্রতিনিধি হিসেবে নিজ দায়িত্ববোধ থেকেই এসেছি।’ ওবায়দুল কাদের পুলিশ বাহিনীকে উদ্দেশ করে বলেন, ‘পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। তারা কোনো দলের পক্ষ নেবে না। পুলিশ নিরপেক্ষ থাকলে সরকারের ভাবমূর্তি বাড়বে। অপরাধীদের ধরে অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে আইনের হাতে তুলে দিন।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে। অস্বাভাবিক পরিস্থিতিতে অনেক সময় মানুষ বিস্ফোরণ ঘটায়। এ মুহূর্তে আমাদের সংযমী থাকতে হবে।’ সরকার মিলন হত্যার ঘটনায় উদ্বিগ্ন বলে মন্তব্য করেন তিনি।