‘সন্ত্রাসবিরোধী আইন ২০০৯’-এ পুলিশের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে এবং এতে তদন্তকাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিমত প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা। সন্ত্রাসবিরোধী আইন কার্যকর করা নিয়ে গতকাল বুধবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার কর্মশালায় এ মন্তব্য করা হয়।সংশ্লিষ্ট সূত্রমতে, কর্মশালায় পুলিশ কর্মকর্তারা বলেন, এ আইনে থানায় মামলা দায়েরের পরও পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারে না, আলামত জব্দ করতে পারে না, এমনকি কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারে না। এসব করতে হয় আদালতের অনুমতি নিয়ে। আইনটি যুগোপযোগী করতে এর সংশোধনের সুপারিশ করা হয়।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সন্ত্রাসবিরোধী আইনটি করা হয় ২০০৪ সালে। এরপর সর্বশেষ এর মেয়াদ বাড়ানো হয় গত বছর। কিন্তু নানা দুর্বলতার কারণে পুলিশ কর্মকর্তারা এ আইনটি প্রয়োগে আগ্রহ দেখান না। পরে আইনটির প্রায়োগিক দুর্বলতা চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়।গতকাল এ নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পুলিশ সদর দপ্তর মিলনায়তনে একটি কর্মশালার আয়োজন করেন। এ কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ, অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা ছাড়াও ঢাকা মহানগর পুলিশ কমিশনার, এসবি, সিআইডি ও র্যাবের প্রধানেরা উপস্থিত ছিলেন। দেশের ছয় অঞ্চলের ডিআইজিসহ পুলিশ সদর দপ্তরের সব ঊর্ধ্বতন কর্মকর্তাও এতে অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট শহীদুল ইসলাম। মূল প্রবন্ধের পর পুলিশ কর্মকর্তারা প্রশ্নোত্তর ও আইনটির সংশোধন নিয়ে খোলামেলা আলোচনা করেন।আইজিপি নূর মোহাম্মদ এ প্রসঙ্গে বলেন, কর্মশালা থেকে আইনটি কার্যকর করতে একটি সুপারিশমালা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। এই সুপারিশমালার ভিত্তিতে আইনটি সংশোধিত হলে সেটি আরও কার্যকর হবে।কর্মশালায় অংশ নেওয়া একজন পুলিশ কর্মকর্তা বলেন, মূল প্রবন্ধে সন্ত্রাসবিরোধী আইনের সঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনের তুলনা করা হয়। এতে বলা হয়, এ আইনটি সময়োপযোগী হলেও আন্তর্জাতিক মানের হয়নি। এতে নানা দুর্বলতা আছে। এসব দুর্বলতার কারণে আইনটির প্রয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এতে উদাহরণ দিয়ে বলা হয়, প্রচলিত আইনে সন্ত্রাসের সংজ্ঞা আন্তর্জাতিক মানের হয়নি। এতে নিষিদ্ধ সংগঠন বলতে কী বোঝানো হবে, তাও স্পষ্ট করা হয়নি। তদন্তে ফরেনসিক ও সাইবার অপরাধ অন্তর্ভুক্ত করা হয়নি। এতে অপরাধীর রিমান্ড মঞ্জুরের যে বিধান আছে, তাও স্পষ্ট নয়। এটি সংবিধান ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনের পর পুলিশ কর্মকর্তারা আইনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, এ আইনে মামলা হলেও তা তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। আইনে বলা হয়েছে, দায়ের করা মামলা তদন্তের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। একজন কর্মকর্তা বলেন, ভোলায় এ আইনে একটি মামলা হওয়ার পর আদালতের অনুমতি নিতে ৪০ দিন সময় লেগেছে।আরেকজন কর্মকর্তা বলেন, এ আইনে মামলা তদন্তের জন্য পুলিশের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুলিশ ওই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান আছে। ওই কর্মকর্তা বলেন, পুলিশ কর্মকর্তার তদন্তে ব্যর্থতা তাঁর বিভাগীয় অপরাধ, সেটা কোনোভাবেই ফৌজদারি আইনের অংশ হতে পারে না। অথচ আদালত যদি সময়মতো বিচার শেষ করতে না পারেন, সে ক্ষেত্রে কী হবে, তার উল্লেখ নেই।আরেকজন কর্মকর্তা বলেন, এ আইনে বাংলাদেশ ব্যাংককে অপ্রয়োজনীয়ভাবে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। অথচ ব্যাংকের নথিতে তদন্ত কর্মকর্তার প্রবেশাধিকার দেওয়া হয়নি। আইনে বলা হয়েছে, ব্যাংকের কোনো নথি তদন্ত করতে হলে ওই ব্যাংকের অনুমতি নিতে হবে। ব্যাংক যদি অনুমতি না দেয়, তাহলে সেই নথির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাবে না। এতে দেখা যাবে, কোনো ব্যাংকই এ তথ্য দিতে চাইবে না। তিনি বলেন, এ আইনে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুলিশের কাজের সমন্বয়ের বিধান থাকার সুপারিশ করেন।কর্মশালার ব্যাপারে জানতে চাইলে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, আরও কিছু বিষয় সন্নিবেশিত হলে জঙ্গি ও সন্ত্রাস দমনে এ আইনটিকেই কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।