মামলা তদন্তে পৃথক সংস্থা হচ্ছে
পাবনায় কর্মচারী নিয়োগ পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও সরকারি কর্মকর্তাদের মারধর করেছিলেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৭ সেপ্টেম্বরের আলোচিত এ ঘটনায় মামলা করেছিলেন দুজন ম্যাজিস্ট্রেট। দ্রুত বিচার শেষে ৫ জানুয়ারি এ মামলার রায় হয়। কিন্তু সাক্ষ্য-প্রমাণের অভাবে ৩১ আসামির সবাই খালাস পান।পুলিশ কর্মকর্তারা বলছেন, দেশের নিম্ন আদালতে ২০১০ সালে নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলার ৭৬ শতাংশই সাক্ষ্য-প্রমাণের অভাবে টেকেনি। তাই অনেক আসামি খালাস পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পুলিশের পক্ষ থেকে ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (পিবিআই) নামে একটি পৃথক তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার জানিয়েছেন। এ ব্যাপারে নীতিমালা তৈরির জন্য কমিটি গঠনের প্রস্তুতি চলছে।বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক বলেন, পিবিআইয়ের পরিধি হবে দেশব্যাপী। একজন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এর প্রধান হবেন। গোটা দেশকে বৃহত্তর ১৯ জেলা ও আট মহানগরে (মোট ২৭টি অঞ্চল) ভাগ করা হবে। তিনি বলেন, পিবিআইয়ের প্রতিটি অঞ্চলে একজন করে পুলিশ সুপার এবং প্রতি জেলায় একজন করে অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তাঁরা জেলা পুলিশ সুপারের অধীনে থাকবেন না, সংস্থা তাঁদের নিয়ন্ত্রণ করবে। এ সংস্থা থানায় দায়ের করা সব নিয়মিত মামলার তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও তথ্য-প্রমাণ সংগ্রহ করবে। আর থানাগুলো এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা দায়েরসহ অন্যান্য কাজ করবে। তিনি বলেন, এ তদন্ত ইউনিট গঠন করা গেলে মামলার সাজার হার অনেক বেড়ে যাবে। আর অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) তাদের তফসিলভুক্ত অপরাধই তদন্ত করবে।এখন আদালতে মামলার অভিযোগ প্রমাণ করা যাচ্ছে না কেন, এ নিয়ে পুলিশসহ সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে। সরকারি কৌঁসুলিদের বক্তব্য, পুলিশ ইচ্ছা করে মামলা দুর্বল করে দেয়। আবার পুলিশ বলছে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সদিচ্ছার অভাব এবং সাক্ষী না পাওয়া অভিযোগ প্রমাণিত না হওয়ার বড় কারণ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, বেশির ভাগ ক্ষেত্রে মামলার তদন্ত নির্ভর করে ক্ষমতাসীনদের ইচ্ছা-অনিচ্ছার ওপর। যেমন—কুমিল্লায় যুবদলের অস্ত্র প্রদর্শনের ঘটনার ক্ষেত্রে ভিডিওচিত্র দেখে দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কিন্তু নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের হত্যাকাণ্ডের ক্ষেত্রে ভিডিওচিত্র থাকলেও পুলিশের কাছে তা গুরুত্ব পায়নি। আসামিরা গ্রেপ্তার হয়নি। কারণ আসামিরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। ঢাকায় আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও নানা অভিযোগ আছে। এ ঘটনায় সরকারি দলের সাংসদের নাম আসায় তদন্তের গতি হারিয়ে গেছে।এ প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ এস এম শাহজাহান বলেন, শুধু সরকার বা ক্ষমতাসীনেরা যেসব মামলার ব্যাপারে আগ্রহী থাকে, সেসব মামলার তদন্ত যত্নের সঙ্গে হচ্ছে। অন্য সব মামলার তদন্ত হয় গতানুগতিক ধারায়। এতে বেশির ভাগ লোক সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, পুলিশ ব্যস্ত থাকে নানা ধরনের কাজ নিয়ে। তারা মামলার তদন্ত প্রতিবেদন যথাযথভাবে তৈরি করতে পারছে না। তিনি বিশেষ উদ্যোগ নিয়ে মামলার জট কমানোর পরামর্শ দেন।সিআইডির প্রধান মোখলেসুর রহমান বলেন, বর্তমানে বেশির ভাগ মামলা নির্ভর করে মৌখিক সাক্ষ্যের ওপর। শুধু আসামির স্বীকারোক্তি ও মানুষের মুখের বক্তব্যকে ভিত্তি করার কারণে মামলা দুর্বল হয়ে যায়। উন্নত দেশে বস্তুগত সাক্ষ্য, যেমন—ডিএনএ প্রতিবেদন, অডিও, ভিডিও, হাতের ছাপ, পায়ের ছাপ, জাল নোট, ব্যবহূত অস্ত্রের গায়ের ছাপ পরীক্ষা, রক্তের ছাপ ও রাসায়নিক পরীক্ষা খুব গুরুত্ব দেওয়া হয়। এসব প্রমাণ কেউ অস্বীকার করতে পারে না। তিনি আরও বলেন, আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যের দুর্বলতার বাইরেও আসামির সাজা না হওয়ার পেছনে যথাযথ তদন্তের অভাব এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দায়িত্বে অবহেলাও দায়ী।গত বুধবার রাতে অপরাধ নিয়ে পুলিশের বার্ষিক সম্মেলনে উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলা হয়, ২০১০ সালে আদালতে নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলার মধ্যে মাত্র ২৪ শতাংশ ক্ষেত্রে আসামির সাজা হয়েছে। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ২৩ শতাংশ। এ প্রতিবেদন নিয়ে পুলিশের সংশ্লিষ্ট মহলে উদ্বেগ রয়েছে।নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান (কমান্ড্যান্ট) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলা দায়ের, তদন্ত ও বিচার-প্রক্রিয়ার ভেতরে নানা ধরনের সমস্যা আছে। যেমন—মামলার বিবরণ তৈরি করা হয় মৌখিক সাক্ষ্যের ওপর ভিত্তি করে। তদন্তও হয় সেভাবেই। খুব কম ক্ষেত্রে বৈজ্ঞানিক ভিত্তিতে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। তা ছাড়া সময় একটা বড় ব্যাপার। বিচার দীর্ঘায়িত হলে সাক্ষীরা আগ্রহ হারিয়ে ফেলেন। দেখা যায়, মামলা করার সময় সাক্ষী যা বলেছিলেন, বিচারের সময় বলছেন তার উল্টো। আবার যাঁরা সাক্ষী হন, তাঁদের বেশির ভাগই নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর। উচ্চবিত্ত শিক্ষিত লোকজন খুব কমই সাক্ষ্য দিতে যান।ঢাকা মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, আসামি খালাস পাওয়ার প্রধান কারণ সাক্ষী না পাওয়া। দেখা গেছে, ঘটনা সঠিক কিন্তু সাক্ষী না পাওয়ায় আসামি খালাস পেয়ে যাচ্ছে। তিনি বলেন, অনেক সময় সাক্ষীদের আসামিপক্ষ কিনে ফেলছে। আবার কখনো সাক্ষী আসতেই চায় না। তবে কোনো কোনো ক্ষেত্রে পুলিশের তদন্তেও দুর্বলতা থাকে।আইনজ্ঞ শাহ্দীন মালিক বলেন, আগে প্রসিকিউশন ক্যাডার তৈরি করতে হবে, মামলা দায়েরের আগেই যাতে পুলিশ এ নিয়ে রাষ্ট্রপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারে। অনেক দেশে প্রসিকিউশন ক্যাডার আছে। তিনি বলেন, মামলা গ্রহণ করা হবে কি না, তা বিবেচনার জন্য ফৌজদারি কার্যবিধির ২০৬ থেকে ২২০ পর্যন্ত ধারায় ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছিল। ১৯৭৯ সালে এসব ধারা বাতিল করা হয়। এখন বিচারকদের মূল্যায়নের কোনো সুযোগ নেই।