মামলা তুলতে চাপ, অভিযোগ লিমনের মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ র‌্যাবের ছয় সদস্যের নামে লিমনের মায়ের দায়ের করা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এ মামলা তুলে নেওয়ার জন্য লিমনের মা হেনোয়ারা বেগম এবং বাবা তোফাজ্জেল হোসেনের ওপর বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। আজ শনিবার ঝালকাঠিতে লিমনের মা হেনোয়ারা বেগম সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।লিমনের মা হেনোয়ারা বেগম বলেছেন ‘গতকাল শুক্রবার আমি রাজাপুর থানায় দারোগা হালিম স্যারের লগে দেহা করতে গেছিলাম। হে আমারে কয়, তুমি র‌্যাবের বিরুদ্ধে মামলা করে ভুল করেছ।’এদিকে লিমনের বাবা তোফাজ্জেল হোসেন বলেছেন, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু মৃধা কইছে, ‘মামলা-মোকদ্দমা দিয়া কী অইবে? হেয়ার চাইয়্যা কিছু টাহাপয়সা লইয়্যা মিডমাড কইরয়্যা দেই।’এদিকে লিমনের মায়ের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল হালিম তালুকদার বলেন, ‘র‌্যাবের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুল করেছ, এ কথা আমি লিমনের মাকে বলিনি।’লিমনের মায়ের আইনজীবী নাসিমুল হাসান বলেন, ‘স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা মামলা তুলে নেওয়ার প্রস্তাব নিয়ে আমাদের কাছে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের কাজ লিমনের মায়ের ইচ্ছা অনুযায়ী কাজ করা।’প্রসঙ্গত, লিমন হোসেনকে হাইকোর্ট ৫ মে ছয় মাসের আগাম জামিন দিলেও এ-সংক্রান্ত আদেশ কারাগারে না পৌঁছানোয় তাঁর মুক্তি মেলেনি। লিমন হোসেন বর্তমানে বরিশাল কারাগারের হাজতি আসামি হিসেবে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।লিমনের পক্ষে হাইকোর্টে রিট আবেদনকারী সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন জানান, লিমনের জামিনের আদেশ কাল রোববার হাতে পাওয়া যাবে। এ আদেশ আগামী সোমবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।