মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর ভেঙে মাটি ভরাট করার ঘটনায় করা মামলার বাদীকে বসুন্ধরা টিস্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাড়াটে লোকজন মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে বাদী মো. মাহফুজ মিয়া গতকাল রোববার গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বাদী ঢাকার ৬৬ নর্থ সার্কুলার রোড হাতিরপুল কলাবাগান এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাহফুজ মিয়া অভিযোগ করে বলেন, ‘বসুন্ধরার বিরুদ্ধে মামলা করার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য ওই গ্রুপের ভাড়াটে লোকজন আমাকে, আমার আত্মীয়স্বজন ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই রোববার (গতকাল) থানায় জিডি (নম্বর ২০৬) করি।’ তিনি মামলার আসামিদের অতিসত্বর গ্রেপ্তারের দাবি জানান। শুক্রবার রাতে তালিকাভুক্ত হওয়া মামলার আসামিরা হলেন বসুন্ধরা টিস্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক এনামুল হক, ডিজিএম (মানবসম্পদ ও প্রশাসন) শফিকুর রহমান চৌধুরী, এম এইচ শরিফ, মান্নান বেপারীসহ তাঁদের সহযোগীরা।গতকালের জিডিতে বসুন্ধরার ভাড়াটে লোক হিসেবে মান্নান বেপারী, শফিউল্লাহ, শাহাজাদা, নাসির উদ্দিন ও নূর হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সহিদুল ইসলাম জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, তদন্ত চলছে। এর আগেও মাহফুজ মিয়া বসুন্ধরার বিরুদ্ধে গজারিয়া থানায় দুটি জিডি করেন।