মামলা তুলে নিতে লিমনের পরিবারের ওপর চাপ!
র্যাবের গুলিতে পা হারানো লিমনের মায়ের দায়ের করা মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। লিমনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতা ও পুলিশ সদস্যরা মামলার ব্যাপারে তাদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁরা মামলা তুলে নেওয়ার জন্য প্রলোভনও দিচ্ছেন।এদিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের কারাকক্ষে চিকিৎসাধীন লিমনের চারপাশে হঠাৎ করেই পাহারা জোরদার করা হয়েছে। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের ভিড় ঠেকাতে পাহারা বাড়ানো হয়েছে। লিমনের ওপর গুলিবর্ষণের ঘটনায় আদালতের আদেশে রাজাপুর থানার পুলিশ মামলা নিলেও এখনো তারা কোনো তদন্ত করেনি। আসামিদের জিজ্ঞাসাবাদ দূরে থাক, মামলার আলামত পর্যন্ত তারা জব্দ করেনি। লিমনের মা হেনোয়ারা বেগম প্রথম আলোকে জানান, গত শুক্রবার তিনি রাজাপুর থানায় তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলে থানার দারোগা হালিম তাঁকে বলেন, ‘তুমি র্যাবের বিরুদ্ধে মামলা করে ভুল করেছ। র্যাবের লগে তুমি পারবা না। মামলা না করইয়্যা তুমি আগে আমাগো দারে আইতা। একটা মিডমাড কইরয়্যা দেতাম।’ তিনি বলেন, ‘যে দারোগা এই কতা কয় হে মামলার তদন্ত করইয়্যা কি হরবে।’ জানতে চাইলে রাজাপুর থানার অপারেশন অফিসার ও লিমনের মায়ের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল হালিম তালুকদার বলেন, ‘র্যাবের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুল করেছ, এ কথা আমি লিমনের মাকে বলিনি।’হেনোয়ারা বেগম আরও অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে তাঁকে চাপ দেওয়া হচ্ছে। লিমনের নামে দেওয়া অস্ত্র মামলার অভিযোগপত্রের ৬ নম্বর আসামি লাবু জমাদ্দারের শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সেকান্দার জমাদ্দার তাঁকে বলেন, ‘পোলার পাও গ্যাছে, হেই পাও তো আর পাওয়া যাবে না। তুমি রাজি থাকলে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি পনির ভাই মিডমাড কইরয়্যা দেবে।’ তবে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রথম আলোকে বলেন, ‘আমি এ ধরনের কোনো প্রস্তাব দিইনি। তবে আমি লিমনের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চেয়েছি।’ লিমনের বাবা তোফাজ্জেল হোসেনের কাছেও আপস-মীমাংসার প্রস্তাব দিয়েছেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু মৃধা। তোফাজ্জেল হোসেন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান কইছে, মামলা-মকোদ্দমা দিয়া কী অইবে। হেয়ার চাইয়্যা কিছু টাহা-পয়সা লইয়্যা মিডমাড কইরয়্যা দেই।’জানতে চাইলে জেলা আওয়ামী লীগের নেতা ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু মৃধা প্রথম আলোকে বলেন, তিনি মিটমাটের ব্যাপারে কিছু বলেননি। তবে চিকিৎসা নিয়ে লিমনের বাবার সঙ্গে আলোচনা করেছিলেন। লিমনের মায়ের আইনজীবী নাসিমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা মামলা তুলে নেওয়ার প্রস্তাব নিয়ে আমাদের কাছে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের কাজ হলো লিমনের মায়ের ইচ্ছা অনুযায়ী কাজ করা।’ র্যাবের গুলিতে পা হারানো লিমনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির প্রধান হলেন হাসপাতালের পরিচালক আবদুর রশিদ। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন সহকারী পরিচালক কামরুল হাসান সেলিম ও অর্থোপেডিক চিকিৎসক বাবুল কুমার সাহা। হাইকোর্ট ৫ মে (বৃহস্পতিবার) লিমনকে ছয় মাসের আগাম জামিন দিলেও এ সংক্রান্ত আদেশ গতকাল পর্যন্ত কারাগারে পৌঁছেনি। আজকালের মধ্যে এ আদেশ ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছাতে পারে বলে জানা গেছে। মানববন্ধন: র্যাবের গুলিতে পঙ্গু হওয়া কলেজছাত্র লিমনের বিরুদ্ধে দায়ের করা র্যাবের মামলা প্রত্যাহার এবং দোষী র্যাব সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে লেখক-শিল্পী-শিক্ষক-সংস্কৃতিকর্মীদের একটি সংগঠন তরুণ নাগরিক উদ্যোগ। গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, র্যাবের মহাপরিচালক গণমাধ্যমে স্বীকার করেছেন লিমন সন্ত্রাসী না। সে ঘটনার শিকার। তার পরও কীভাবে একজন নিরপরাধ কিশোরের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হলো? লিমনের ঘটনায় রাষ্ট্রের কিছু করার নেই—স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, তাহলে কি র্যাব সরকারের বাইরের কিছু? এই নিরুপায় রাষ্ট্র নিয়ে মানুষ ও মানবাধিকার নিশ্চিত করার কথা শাসকেরা কীভাবে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ্র চক্রবর্তী, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, কথাসাহিত্যিক মশিউল আলম, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল আউয়াল খান প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।