মামলা তুলে নিলে পরীক্ষার মাধ্যমে মেডিকেলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনরত শিক্ষার্থীরা মামলা তুলে নিলে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রচলিত নিয়মে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। মামলা না তুললে আদালতের নির্দেশমতো ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হবে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল রোববার পরীক্ষাসংশ্লিষ্ট বিষয়ে সমঝোতা বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সমঝোতা বৈঠকে ভর্তি পরীক্ষার পক্ষে এবং জিপিএর ভিত্তিতে ভর্তির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির, বিএমএর মহাসচিব শারফুদ্দীন আহম্মেদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ আবুল মকসুদ সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন শেষ হওয়া উচিত এবং মামলা তুলে নেওয়া উচিত।সকাল সোয়া ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা বৈঠক শুরু হয়। এতে পরীক্ষার পক্ষে পাঁচজন ও বিপক্ষে তিনজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আধা ঘণ্টার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভর্তিপ্রক্রিয়ার আগের নীতিমালায় মন্ত্রণালয় কোনো পরিবর্তন আনেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা তুলে নিলে আগের নীতিমালা অনুযায়ী ভর্তি হবে। তিনি ভর্তির আবেদনপত্র গ্রহণের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলেন। আর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে বলেন। আগামী বছরগুলোতে কোন পদ্ধতিতে ভর্তি হবে, সে বিষয়ে মন্ত্রী কিছু বলতে রাজি হননি।ভর্তিসংক্রান্ত নীতিমালায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএসহ ভর্তি পরীক্ষার বিধান আছে। গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় পরীক্ষা ছাড়াই ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির সিদ্ধান্ত হয়। এরপর থেকে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে কিছু শিক্ষার্থী।আন্দোলনের একপর্যায়ে পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুটি রিট আবেদন করা হয়েছিল। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলও জারি করেন। জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল। পরীক্ষার মাধ্যমে আগের নিয়মে ভর্তিপ্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে প্রথম রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, সরকার আগের নিয়মে ভর্তিপ্রক্রিয়া শুরু করলে রিটটি প্রত্যাহার করা হবে। এ জন্য ভর্তি বিজ্ঞপ্তি দিতে হবে।অপর রিট আবেদনটি করেছিলেন মেডিকেল ভর্তি-ইচ্ছুক জুনায়েদ রহমানের বাবা ডা. এ কে মিজানুর রহমান। এই রিট আবেদনকারীর কৌঁসুলি মো. নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘সরকারপক্ষের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হলে আমরা রিট আবেদন প্রত্যাহার করব। মৌখিক কথার গুরুত্ব নেই—আমার মক্কেলের বক্তব্য এ ধরনের।’বাংলাদেশ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব রাকিবুল ইসলাম পরীক্ষার ভিত্তিতে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।