মামলা থেকে অব্যাহতি পেলেন জন আব্রাহাম
বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে দুই তরুণকে আহত করায় ২০০৬ সালে বলিউডের অভিনেতা জন আব্রাহামের বিরুদ্ধে মামলা হয়েছিল। সম্প্রতি মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। ‘ফোর্স’খ্যাত বলিউডের এই তারকা অবশ্য নিঃশর্ত মুক্তি পাননি। জরিমানা গোনার পাশাপাশি আদালতের নজরদারিতেও থাকতে হবে তাঁকে।একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে দুরন্ত গতিতে নিজের ইয়ামাহা বাইকটি চালাচ্ছিলেন জন। বান্দ্রার কাছাকাছি এসে একটি বাই-সাইকেলকে চাপা দিয়ে বসেন তিনি। এ দুর্ঘটনায় আহত হন এর আরোহী ২২ বছর বয়সী শ্যাম এবং ১৯ বছর বয়সী তন্ময়। ঘটনার পরপরই জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বেপরোয়া গাড়ি চালানো এবং অন্যের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগে পুলিশের খাতায় নাম ওঠে জনের। জনের সঙ্গে আপস করে ফেলা হয়েছে বলে লিখিত বিবৃতির মাধ্যমে আদালতকে সম্প্রতি জানিয়েছেন মামলা দায়েরকারী ও তাঁদের পরিবারের সদস্যেরা। জনের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই বলেও তাঁরা উল্লেখ করেন। বিষয়টি আমলে নিয়ে মামলা থেকে জনের অব্যাহতির রায় দেন বোম্বে হাইকোর্ট। আর এর ফলে ১৫ দিন কারাগারে অন্তরীণ থাকার ঝক্কি থেকে রেহাই পেলেন জন।