মামলা দিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, মামলা দিয়ে আন্দোলন থেকে তাঁকে সরানো যাবে না। আজ শুক্রবার নগর বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর চারদলীয় জোট ও সমমনা দলের সভায় সভাপতির বক্তব্যে সাদেক হোসেন এ কথা বলেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছে।ঢাকা মহানগর বিএনপির এই আহ্বায়ক বলেন, শেয়ারবাজার ধ্বংস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে নিঃস্ব হয়ে মানুষ আত্মাহুতি দিচ্ছে। তিনি বলেন, এ সরকার প্রতিহিংসাপরায়ণ। তারা জনগণের কল্যাণের কথা ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর নায়েবে আমির হামিদুর রহমান আযাদ, নগর সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মো. আবুল কাশেম, শেখ লোকমান হোসেন প্রমুখ। এ ছাড়া সভায় এনপিপি, জাগপা, কল্যাণ পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামিক পার্টি, লেবার পার্টি, ন্যাপ, এনডিপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।