মামলা দুটি, আসামি এক হাজার
পুলিশের ওপর হামলা, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় হাটহাজারী থানায় দুটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে করা মামলা দুটিতে অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও যান চলাচলে বাধা দেওয়ার কারণে পৃথক দুটি মামলা করা হয়। মামলার বাদী হয়েছেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।তবে দুটি মামলায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিউল আলম। তিনি বলেন, ‘মামলায় অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে। তদন্ত চলছে। ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিশৃঙ্খলা সৃষ্টিকারী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী সদর ও নন্দীরহাটে চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ সময় একটি পক্ষ সাত ঘণ্টার সড়ক অবরোধ আহ্বান করলে বিকেলে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে আজ বিকেল চারটার দিকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়।