মামলা না তুললে আজই গ্রামছাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সন্ত্রাসের শিকার এক পরিবারের তিন সদস্যের আজ কঠিন দিন। কারণ সালেহা বেগম ও তাঁর দুই সন্তান নাসিমা ও রশিদ মিয়াকে আজ বিকেলের মধ্যে জানাতে হবে, তাঁদের দায়ের করা মামলাটি নিষ্পত্তির জন্য তাঁরা সামাজিক বৈঠকে বসবেন, নাকি গ্রামছাড়া হবেন। এসিড-সন্ত্রাসের শিকার সালেহার পরিবারের অভিযোগ, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিরা এক সপ্তাহ আগে আজ বুধবার পর্যন্ত এ সময়সীমা বেঁধে দেন।এলাকাবাসী জানায়, ২০০৭ সালের ২১ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী সালেহা বেগম (৫৫), তাঁর দুই সন্তান নাসিমা বেগম (২২) ও আ. রশিদ (২৮) এসিড-সন্ত্রাসের শিকার হন। তাঁদের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী লেবুতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বিটু, তাঁর ভাই মোবারক হোসেন, চাচাতো ভাই তারা মিয়া পরিবারের অন্য সদস্যদের নিয়ে তাঁদের ওপর এসিড ছোড়েন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। ব্র্যাকের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা শেষে হাসপাতাল ছাড়লেও সুস্থ জীবন ফিরে পাননি তাঁরা। ঘটনার পরদিন আ. রশিদের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ সে সময় নাজমুল হক, মোবারক হোসেন, তারা মিয়া ও তাঁদের ঘনিষ্ঠ কফিল উদ্দিনকে গ্রেপ্তার করে। মামলা করার অপরাধে ঘটনার কয়েক দিন পর তাঁদের বাড়িঘর ভাঙচুর করে বাড়ি ছাড়া করা হয়। কিছু দিন পর পুলিশ ও প্রতিবেশীদের সহায়তায় তাঁরা গ্রামে ফেরেন। এরই মধ্যে ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি নাজমুল হুদা, পাশু মিয়া, মামুন, জসিম উদ্দিন, কনক, বাবুল মিয়া, তারা মিয়া ও কফিল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ছয় মাস আগে প্রথমে পাশু মিয়া, দুই মাস আগে নাজমুল হুদা, এক মাস আগে তারা মিয়া ও কফিল উদ্দিন জামিন পান। জামিনে বের হয়ে আসার পর বাদীদের ওপর নামে অত্যাচারের খড়্গ। বাড়িঘর ভাঙচুর ও অব্যাহত হুমকির কারণে বাদী ও সালেহা বেগমকে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হয়। এ অবস্থায় মামলাটি সামাজিকভাবে নিষ্পত্তি করতে বিভিন্ন মহল এমনকি থানা পুলিশের পক্ষ থেকে চাপ আসতে থাকে। পরে ২০-২২ দিন আগে স্থানীয় শরীফপুর বাজারে গণ্যমান্য ব্যক্তিরা সালিস-বৈঠকে বসেন। হাজার দেড়েক মানুষের উপস্থিতিতে সালিসে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। বৈঠক পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এ সময় সামাজিকভাবে বিষয়টি সুরাহার জন্য চাপ দেওয়া হলে এসিড-আক্রান্ত ব্যক্তিরা রাজি হননি। তাঁদের অনমনীয় মনোভাবের কারণে সেদিন সালিস ভেঙে গেলেও স্বল্প সময়ের মধ্যে মনোভাব পরিবর্তনের হুঁশিয়ারি দেওয়া হয়।এর পর থেকে আসামিপক্ষ অব্যাহতভাবে চাপ দিয়ে আসছে। সর্বশেষ এক সপ্তাহ আগে জানানো হয়, বুধবার পর্যন্ত আসামিরা অপেক্ষা করবেন। এর মধ্যে সামাজিক সুরাহায় রাজি না হলে বাদীপক্ষকে গ্রামছাড়া করা হবে।নাসিমা বেগম বলেন, ‘এসিডে আমার গলা, বুক ও পা পুইড়া গেছে। আমার পক্ষে আর স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব না। এই ঘটনা টাকার বিনিময়ে কীভাবে শেষ করি। কিন্তু আমাদের হাতে সময় আছে মাত্র একদিন। বুধবার বিকেলের মধ্যে সামাজিক সুরাহায় রাজি না হইলে গ্রামছাড়া করার হুমকি দিছে বিটুরা। তাদের লগে নাকি আওয়ামী লীগের শক্তি আছে।’চোখের পানি ছেড়ে দিয়ে একই কথা বলেন আক্রান্ত সালেহা বেগম ও আ. রশিদ। মামলার বাদী আসমা আক্তার গতকাল বলেন, ‘নিশ্চিত সাজা হইব বুঝতে পাইরা তারা অস্থির হইয়া গেছে মামলাটা কীভাবে টেহার বিনিময়ে শেষ কইরা ফেলাইব। এই সব মামলা সামাজিক সুরাহায় শেষ হোক তা আমরা চাই না। কিন্তু তারা আমরারে স্পষ্ট কইরা জানাইয়া গেছে, বুধবারের মধ্যে রাজি না হইলে আমরারে বাড়িছাড়া করা হইব। আগামীকাল বুধবার। এহন আমরা কী করুম।’চেষ্টা করেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের দ্বন্দ্বের মূল কারণ জমিসংক্রান্ত বিরোধ। আমরা সালিসে বসেছিলাম মূলত জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য, মামলা প্রত্যাহারের জন্য নয়।’বাড়িছাড়া করার হুমকির সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি জানান। অভিযুক্ত লেবুতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে তাঁর পরিবারের সদস্যরা জানান, ‘সহজে জমি দখলে নিতে প্রতিপক্ষরা নিজেরাই নিজেদের গায়ে এসিড দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।’মামলা নিষ্পত্তির ব্যাপারে থানার পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার বিষয়টি অস্বীকার করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কতুবুর রহমান বলেন, ‘আমি আসার পর এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগে হয়ে থাকলে আমি জানি না। তা ছাড়া এসিডের মতো স্পর্শকাতর ঘটনা সামাজিকভাবে শেষ করার সুযোগ নেই।’