মামলা না নিয়ে আপসের পরামর্শ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর নারী সাংবাদিককে মারধর করার ঘটনায় মামলা নেয়নি কলাবাগান থানার পুলিশ। পুলিশ উল্টো হামলাকারীদের সঙ্গে আপসের পরামর্শ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওই নারী সাংবাদিক প্রথম আলোকে বলেন, তিনি গত রোববার বিকেল পাঁচটার দিকে কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পান্থপথ এলাকায় ভিক্টোরিয়া ইউনিভার্সিটির সামনে তাঁর গায়ের ওপর মোটরসাইকেল তুলে দেন সেখানকার মোহাম্মদী এন্টারপ্রাইজের মালিক সাক্কু। এর প্রতিবাদ করলে সাক্কু অশালীন ব্যবহার ও হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। তাঁর বাঁ চোখের নিচে ও ডান চোখে আঘাত পান।এ সময় ওই নারী সাংবাদিক চি ৎকার করে মানুষের সাহায্য চাইলে আসবাবপত্রের দোকান থেকে সাক্কুর ছোট ভাই সেকুসহ আরও কয়েকজন এসে তাঁকে কিলঘুষি মেরে জখম করে।ওই নারী সাংবাদিক অভিযোগ করেন, ঘটনার পর তিনি প্রাথমিক চিকি ৎসা নিয়ে কলাবাগান থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। বরং ওই থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন প্রথমে আপসের পরামর্শ দেন। পরে অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়। তিনি জানান, থানায় লিখিত অভিযোগ করার পর তিনি এসআই তাজউদ্দিনের সঙ্গে ঘটনাস্থলে এসে তাঁর ওপর আক্রমণকারীদের শনাক্ত করেন এবং তখন স্থানীয়দের কাছ থেকে সাক্কু ও সেকুর নাম-পরিচয় পান। মুঠোফোনে যোগাযোগ করা হলে এস আই তাজউদ্দিন আপসরফার পরামর্শ দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে আদালতে প্রতিবেদন পাঠিয়েছি। আদালত নির্দেশ দিলে এ ব্যাপারে মামলা নেওয়া হবে।’ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাক্কু ওই এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাক্কু দাবি করেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাই তিনি মারধর করেছেন। মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, ওই নারী সাংবাদিক যে অভিযোগ দিয়েছেন, তার ভিত্তিতে কোনো মামলা হয় না। কিভাবে অভিযোগ দিলে মামলা হতো, এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তাঁর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, সে ধরণের অভিযোগ যদি উনি লিখতেন তাহলে মামলা হতো।’এবিসি রেডিওর নারী সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি গতকাল এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।