মামলা নিতে অনাগ্রহ থানা-পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা সৌদিফেরত আলমগীর হোসেনকে (৩৮) ছুরিকাঘাত করে। এ ঘটনায় তিনি শাহ আলী থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।যাত্রাবাড়ী থানার গোবিন্দপুরে এক নারীকে ধর্ষণ করে স্থানীয় এক দুর্বৃত্ত। ওই নারীর মামলাও নেয়নি যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে তিনি আদালতে মামলা করেছেন। ভাসানটেকে চাঁদার জন্য সন্ত্রাসীরা হাফিজুর রহমান নামের এক আনসার কমান্ডারকে মারধর করে এবং আটকে রাখে। পরে এক লাখ ৮২ হাজার টাকা পাবে বলে স্ট্যাম্পে লিখে সই নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তির মামলা নেয়নি কাফরুল থানার পুলিশ। এ রকম অভিযোগ নিয়ে প্রায়ই ভুক্তভোগী ব্যক্তিরা সংবাদপত্র কার্যালয়ে আসেন। গত তিন মাসে এ রকম অন্তত ১০০ জন প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন।অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা যায়, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, মারামারি-সংক্রান্ত মামলা নিতে খুবই অনাগ্রহ দেখায় থানা-পুলিশ।নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের মধ্যম সারির ও নিম্নপদস্থ কয়েকজন কর্মকর্তা বলেন, যেসব মামলায় আর্থিকভাবে সুবিধা পাওয়ার সম্ভাবনা কম, সেসব মামলা নিতে থানা কর্তৃপক্ষ খুব আগ্রহী হয় না। অনেক ক্ষেত্রে মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে বিদায় করা হয়। ছিনতাই-ডাকাতির মামলা চুরি হিসেবে নথিবদ্ধ করার উদাহরণও আছে। তার ওপর প্রতিটি মামলা নিলেও, একজনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হয়। বেশিসংখ্যক মামলা হলে তদন্ত নিয়ে থানার কর্মকর্তাদের ব্যস্ততা বেড়ে যায়। এতে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলেও দাবি করেন।এ ছাড়া মাসিক অপরাধ সভায় কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিজ থানায় অপরাধের মাত্রা কম দেখাতে সচেষ্ট থাকেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)। মামলা নিতে অনীহার এটাও একটা কারণ বলে ওই কর্মকর্তারা জানান।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিটি ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নিতে বাধ্য। তিনি বলেন, ওসি মামলা না নিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কিংবা উপকমিশনারের (ডিসি) কাছে যেতে পারেন। কোথাও কোনো প্রতিকার না পেলে অভিযোগকারীদের সরাসরি পুলিশ কমিশনারের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে থানায় মামলা করতে কোনো তদবির লাগত না। মানুষের অভিযোগ শোনা এবং এজাহার লিখে দিয়ে মামলা করতে সহায়তার জন্য থানাগুলোতে সার্ভিস ডেলিভারি কেন্দ্রে একজন উপপরিদর্শক (এসআই) দায়িত্ব পালন করতেন। মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে বলা হয়, রাজধানীর ৪১ থানার মধ্যে ৩৫টিতে এই সার্ভিস ডেলিভারি কেন্দ্র আছে। অভিযোগ রয়েছে, অধিকাংশ সার্ভিস ডেলিভারি কেন্দ্র নামেমাত্র আছে। সেখানে গিয়ে মানুষ প্রত্যাশিত সেবা পায় না।পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, রাজধানীর ৪১টি থানায় প্রতিদিন গড়ে ৬০টি মামলা হয়। গত সেপ্টেম্বর মাসে মোট মামলা হয়েছে এক হাজার ৭৪৯টি। অর্থাৎ গড়ে একটি থানায় দুটির কম মামলা হয় দিনে।পুলিশের হিসাব অনুযায়ী, রাজধানীতে ২০০৯ সালে মোট মামলা হয় ২৪ হাজার ৯৫৭টি। এই সংখ্যা ২০১০ সালে কমে এসে দাঁড়ায় ২৩ হাজার ৫১৯টি।ভুক্তভোগীদের অভিযোগ: ৭ অক্টোবর সকালে কারওয়ানবাজার টি কে ভবনের সামনে থেকে বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তাকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহূতের স্বামী মওদুদ হোসেন অভিযোগ করেন, তিনি তেজগাঁও থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি; পরে এজাহারটি জিডি হিসেবে গ্রহণ করে।জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তে অপহরণের ব্যাপারে সাক্ষ্য পাওয়া গেলে পরে এটি মামলা হিসেবে গ্রহণ করা হবে। গত মাসে মিরপুরের শাহ আলী থানার কাছেই দুর্বৃত্তরা ছুরিকাঘাতে আহত করে সদ্য বিদেশফেরত আলমগীর হোসেনকে। তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাঁর ওপর আক্রমণ করেছে স্থানীয় চার সন্ত্রাসী। তিনি মামলা করতে গেলে শাহ আলী থানার ওসি আনিসুর রহমান চিকিৎসা শেষ করে থানায় যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালের ছাড়পত্র নিয়ে তিনি থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। জানতে চাইলে শাহ আলী থানার ওসি আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলা নেইনি বলে যারা অভিযোগ করেছে, তা ঠিক নয়। থানায় পাঠাইয়া দিয়েন, মামলা নেব।’ গত মাসে দারুস সালাম থানার অধীন মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেটে একটি দর্জির দোকানে চুরি হয়। দোকানমালিক অভিযোগ করেন, তিনি মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। দারুস সালাম থানার ওসি আবদুল মালেক প্রথম আলোকে বলেন, একটি ঘটনা ‘রেকর্ড’ হলেই অযথা মামলার সংখ্যা বেড়ে যায়। এ কারণে তিনি মামলা নেননি। অবশ্য ১১ দিন পর পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনারের নির্দেশে ওই মামলাটি গ্রহণ করা হয়। কাফরুলে ডেসকোর দুই কর্মীকে মারধর এবং তাঁদের গাড়ি ভাঙচুর করে একদল সন্ত্রাসী। তারা থানায় মামলা করতে গেলে তা নেয়নি পুলিশ। ডেসকোর ব্যবস্থাপক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তদবিরের পর এজাহারটি জিডি হিসেবে গ্রহণ করে কাফরুল থানা পুলিশ। তাতেও ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।কাফরুল থানার ওসি আবদুল লতিফ ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, মামলা বা জিডি করতে কারোর কাছ থেকেই টাকা নেওয়া হয় না। জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, যাচাইয়ের পর ঘটনার সত্যতা পাওয়া গেলে সে ক্ষেত্রে মামলা নেওয়ার ব্যাপারে ওসিদের প্রতি নির্দেশ আছে। তিনি বলেন, ওসি মামলা না নিলে ভুক্তভোগীরা তাঁর কাছে বা সহকারী কমিশনারের (এসি) কাছে গেলে অবশ্যই প্রতিকার পাবেন।গত ৫ জুলাই যাত্রাবাড়ী থানার গোবিন্দপুরে একটি বাসায় ঢুকে স্থানীয় এক দুর্বৃৃত্ত এক নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রাবাড়ী থানায় মামলা করতে এজাহার দিলে পুলিশ তা জিডি হিসেবে গ্রহণ করে। জিডি করায় ক্ষিপ্ত হয়ে ওই দুর্বৃত্ত গত ৭ আগস্ট দ্বিতীয় দফায় ওই নারীকে ধর্ষণ করে। এরপর আবার মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। অগত্যা ওই নারী মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন। যাত্রাবাড়ী থানার অপারেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘ওই নারী হয়তো এজাহারে ধর্ষণের কথা উল্লেখ করেননি। তাই হয়তো জিডি হিসেবে নেওয়া হয়েছে।’ পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী অভিযোগের ভিত্তিতে মামলা নিতে হবে। মামলা না নেওয়ার ঘটনা প্রমাণিত হলে ওসিকে অবশ্যই শাস্তি পেতে হবে।