মামলা পরিচালনা প্রশ্নে মামুনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমতি না নিয়ে একটি অর্থ পাচারের মামলার কার্যক্রম পরিচালনা প্রশ্নে গিয়াসউদ্দিন আল মামুনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ২৭ নভেম্বর এ মামলার বৈধতার প্রশ্নে মামুনের করা এক আবেদনে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন, তবে অপর বিচারপতি আবেদন খারিজ করে দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তা একক বেঞ্চে পাঠান। এ বিষয়ে দুদিন শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন। আদালতে মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন ও এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আনিসুল হক ও খুরশীদ আলম।আদালত প্রাঙ্গণে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন। মক্কেলের সঙ্গে আলোচনাসাপেক্ষ আপিল করা হবে বলে তিনি জানান। দুদকের আইনজীবী খুরশীদ আলম বলেন, এর আগেও মামলায় স্থগিতাদেশ ছিল না। এখনো নেই। তাই মামলার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।